মনোবিজ্ঞানীদের চোখে সুখী হওয়ার সহজ উপায়
সুখী হওয়ার জন্য সুখী মানুষের পোশাক পরার দরকার হয় না।
জীবনে সুখ চাওয়া মানুষের সহজাত প্রবৃত্তি। তবে এই সুখ কি শুধুই ভাগ্যের উপর নির্ভরশীল?
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান ফ্রান্সিসকো শাখার মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক এবং সহ-সভাপতি ড. এলিসা অ্যাপল বলছেন, “আমরা সুখের ওপর অনেক বেশি নিয়ন্ত্রণ রাখতে পারি, যা অনেকেই জানি না।”
বৈশ্বিক গবেষণা উদ্যোগ ‘দ্যা বিগ জয় প্রজেক্ট’-এর গবেষণার ফলাফলের উদ্ধৃতি দিয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়- সুখী হতে হলে বিশাল পরিবর্তনের দরকার নেই। বরং দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাস আমাদের মস্তিষ্কে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
প্রতিদিন দয়াপূর্ণ ও সহানুভূতির কাজ করা
ড. অ্যাপল পরামর্শ দেন, “প্রতিদিন পাঁচটি সদয় কাজ করার চেষ্টা করুন।”
এটি হতে পারে বন্ধুকে একটি হাসির মেসেজ পাঠানো, রাস্তায় ময়লা তুলে ফেলা বা অফিস সহকারীর জন্য কফি আনা। এসব ছোট কাজই মন ভালো করার রাসায়নিক পদার্থ (ডোপামিন, সেরোটোনিন) নির্গত করে।
কৃতজ্ঞতা চর্চা
সকালে ঘুম থেকে উঠেই নিজেকে জিজ্ঞেস করতে হবে— ‘আজ আমি কিসের জন্য কৃতজ্ঞ?’ এটি মনে মনে বলে পরে কাগজে লেখা যায় বা কারও সঙ্গে ভাগাভাগিও করা যায়।
ড. অ্যাপল বলেন, “কৃতজ্ঞতা মানসিক চাপ কমানোর প্রাকৃতিক ওষুধ।”
প্রকৃতির সংস্পর্শে আসা
প্রতিদিন কিছু সময় বাইরে কাটাতে হবে। গাছপালা, পাখির ডাক কিংবা খোলা আকাশ— সবই মনের ওপর প্রশান্তিদায়ক প্রভাব ফেলে। মনোযোগ দিয়ে প্রকৃতি পর্যবেক্ষণ এবং ধীরে ধীরে হাঁটার চেষ্টা করা ভালো প্রভাব ফেলে।
নেতিবাচক অভিজ্ঞতার মধ্যেও ইতিবাচক কিছু খোঁজা
কোনো খারাপ অভিজ্ঞতার পর তা এড়িয়ে না গিয়ে ভাবতে হবে— এর মধ্যে কোনো শিক্ষা ছিল কি-না?
ড. অ্যাপল বলেন, “একটি বিরূপ ঘটনার মধ্যে ছোট কোনো উপকার খুঁজে বের করাও মস্তিষ্কের ইতিবাচক অভ্যাস গঠনে সাহায্য করে।”
অন্যের ভালো খবর মনোযোগ দিয়ে শোনা
বন্ধু বা পরিবারের কারও ভালো কোনো সংবাদ শুনলে তাতে আগ্রহ দেখাতে এবং প্রশ্ন করতে হবে। উচ্ছ্বাস প্রকাশ করা শুধু সম্পর্কই মজবুত করে না, নিজের মনেও সুখের অনুভূতি বাড়ায়।
নিজের জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবোধ বারবার স্মরণ করতে হবে। তারপর সেখান থেকে চারটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ বেছে নিয়ে জীবনে সেগুলো কীভাবে প্রতিফলিত হচ্ছে সেটা লিখে রাখতে হবে।
এটি জীবনের সিদ্ধান্ত নেওয়ার সময় সঠিক পথে থাকতে সাহায্য করে।
রাগ কমান সহানুভূতির মাধ্যমে
গবেষণায় দেখা গেছে, কোনো কষ্টকর ঘটনা সহানুভূতির চোখে দেখলে হৃদস্পন্দন কমে আসে, ক্ষমাশীলতা বাড়ে এবং মানসিক শান্তি আসে।
তাই নিজেকে বলতে হবে, ‘আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমিও একজন মানুষ। আমার অনুভব করাটাই স্বাভাবিক।’
বিস্ময়ের অনুভূতি চর্চা
নতুন কোনো জায়গা ঘুরে দেখা, অসাধারণ সংগীত শোনা কিংবা শিশুর চোখে পৃথিবী দেখা— এগুলো আত্মকেন্দ্রিক চিন্তা থেকে মুক্তি দেয়।
এমন কোনো মুহূর্তের কথা লিখে রাখা ভালো, যখন বিস্মিত হয়েছিলেন।
সম্পর্কের ক্ষেত্রে নিজেকে সেরা রূপে কল্পনা
ড. অ্যাপল’য়ের পরামর্শ, “পারিবারিক, রোমান্টিক বা সামাজিক জীবনে কেমন হতে চান সেগুলো প্রতিদিন ১৫ মিনিট চিন্তা করতে পারেন।”
ভবিষ্যতের ইতিবাচক চিত্র আঁকলে মস্তিষ্ক সেই অনুযায়ী কাজ করতে উদ্বুদ্ধ হয়।
নিজেকে সহানুভূতির সঙ্গে গ্রহণ
টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মানব উন্নয়ন ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ক্রিস্টিন নেফ একই প্রতিবেদনে বলেন, “কষ্টের সময় নিজেকে বলুন— ‘এটা কষ্টকর, কিন্তু আমি একা না।’ তারপর নিজের বুকে হাত রেখে বলুন- ‘আমি যেন নিজেকে ভালোবাসতে পারি।’
এটি মানসিক চাপ কমিয়ে আত্মবিশ্বাস গড়ে তোলে।
প্রতিদিন কিছুটা সময়ের জন্য প্রযুক্তি থেকে দূরে থাকা
অন্তত আধা ঘণ্টার জন্য মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম বা ই-মেইল থেকে দূরে থাকতে হবে। এভাবে বাস্তব জীবনে মনোযোগ দেওয়া যায়।
ফলে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করাও কম হবে এবং মানসিক স্বাচ্ছন্দ্য বাড়বে।
জীবনের হাস্যরস উপভোগ
দিনের শেষে তিনটি মজার বা হাস্যকর ঘটনা লিখে রাখা ভালো কাজ। এটি হতে পারে কোনো টিভি অনুষ্ঠানের সংলাপ, বন্ধুর একটি মজার কাণ্ড বা পোষা প্রাণীর অদ্ভুত আচরণ।
গবেষণায় দেখা গেছে, যারা এক সপ্তাহ ধরে প্রতিদিন তিনটি মজার ঘটনা লিখেছে, তাদের মধ্যে হতাশা কমেছে এবং ছয় মাস পরও তারা আগের চেয়ে বেশি সুখী ছিল।
জীবনকে সুখী করতে বিশাল পরিবর্তনের প্রয়োজন নেই। প্রয়োজন ছোট ছোট ইতিবাচক অভ্যাস।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, টেক্সাস বিশ্ববিদ্যালয়সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এই অভ্যাসগুলোর কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছে।
আরও পড়ুন
