আসলেই কিছু মানুষকে মশা কামড়ায় বেশি
ওজন, জিনগত কারণ বা রক্তের গ্রুপের ওপর নির্ভর করে মশারা কাকে বেশি কামড়াবে।
আড্ডায় বসে অন্যরা গল্পে মগ্ন থাকলেও মশার দল যেন শুধু আপনাকেই লক্ষ্য করে। যে কোনো জায়গায় গেলে মনে হয় মশারা আপনার চারপাশেই ঘুরপাক খাচ্ছে। এই অভিজ্ঞতা অনেকেরই পরিচিত।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “এটি কোনো ভুল অনুভূতি নয়। মশা সত্যিই কিছু মানুষকে অন্যদের চেয়ে বেশি কামড়ায়। বিশ্বের প্রায় মানুষই এই ‘বিশেষ আকর্ষণে’র শিকার।”
শুধু স্ত্রী মশারাই কামড়ায়, কারণ ডিম তৈরির জন্য প্রোটিনের প্রয়োজন হয় এবং তা মানুষের রক্ত থেকে সংগ্রহ করে।
স্ত্রী মশাদের ঘ্রাণশক্তি অত্যন্ত প্রখর, যা তাদের শিকার খুঁজে বের করতে সহায়তা করে।
মশা কাউকে বেশি কামড়ানোর প্রধান কারণ কার্বন ডাই অক্সাইড। শরীর থেকে নির্গত এই গ্যাস মশার জন্য সবচেয়ে শক্তিশালী আকর্ষণের সংকেত।
যাদের শরীর থেকে তুলনামূলক বেশি কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, মশারা তাদের দিকে বেশি আকৃষ্ট হয়। এ কারণে ওজন বেশি ব্যক্তি এবং অন্তঃসত্ত্বা নারীদের মশা কামড়ায় বেশি।
ব্রিটিশ মেডিকেল জার্নাল’য়ে প্রকাশিত যুক্তরাজ্যের ‘ডারম ইউনিভার্সিটি’র করা গবেষণায় দেখা গেছে- অন্তঃসত্ত্বা নারীদের মশা কামড়ানোর হার সাধারণ মানুষের তুলনায় প্রায় দ্বিগুণ।
ঘাম, শরীরের তাপমাত্রা এবং ল্যাকটিক অ্যাসিডও মশাকে আকর্ষণ করে। ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের পর এসব উপাদান বেড়ে যায়, ফলে মশার কামড় বৃদ্ধি পায়।
জিনগত কারণেও কারও ত্বক থেকে বিশেষ রাসায়নিক নিঃসৃত হয়, যা মশার কাছে অত্যন্ত আকর্ষণীয়।
রক্তের গ্রুপও এখানে ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে, ‘ও’ এবং ‘এবি’ গ্রুপের রক্ত এশীয় মশাদের কাছে তুলনামূলক বেশি প্রিয়। ফলে এই গ্রুপের ব্যক্তিরা মশার কামড় বেশি খেতে পারেন।
মশার কামড় শুধু বিরক্তিকর নয়- ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকিও বাড়ায়। যেসব কারণ নিয়ন্ত্রণযোগ্য, সেগুলোর দিকে নজর দেওয়া জরুরি।
ঘরবাড়ি পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়া, আশপাশ পরিচ্ছন্ন রাখা, প্রাকৃতিক মশা তাড়ানোর উপায় ব্যবহার করা এবং খোলা অংশে মশা নিরোধক লোশন লাগানো কার্যকর পদক্ষেপ।
রক্তের গ্রুপ বা জিন পরিবর্তন সম্ভব না হলেও, সচেতনতা ও সঠিক অভ্যাসের মাধ্যমে মশার কামড় উল্লেখযোগ্যভাবে কমানো যায়।
আরও পড়ুন
