ব্যস্ত শহরে রান্নার বন্ধু ‘রেডি টু কুক’
প্যাকেট থেকে বের করেই মাছ মাংস রান্না করা যায়- এমন ব্যবস্থা করে দিচ্ছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
বাজার থেকে আনা কাঁচা মাছ-মাংস কেউ যদি কুটে বেছে দেয়, তাহলে রান্নার কাজ অনেকটাই সহজ হয়ে যায়।
তাছাড়া অফিসের তাড়া, সন্তানে স্কুল- এসব সামলে রাতে ঘরে ফিরে রান্নাঘরে দাঁড়ানোর শক্তিও থাকে না— এই ছবিটা এখন শহরের প্রায় প্রতিটি মধ্যবিত্ত পরিবারের।
তবে মাছ কাটা, সবজি ধোয়া, মাংস পরিষ্কার করার ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য রয়েছে ‘রেডি টু কুক’ খাবার।
প্যাকেট খুললেই রান্না শুরু— এতটুকু অতিরিক্ত পরিশ্রম নেই। শহুরে জীবনের এই নতুন সঙ্গী এখন শুধু সময় বাঁচাচ্ছে না, স্বাস্থ্যবিধিও রক্ষা করছে।
‘রেডি টু কুক’ আসলে কী?
যে খাবার আগে থেকেই কেটে-ধুয়ে-পরিষ্কার করে ‘ভ্যাকিউয়াম প্যাক’ করে দেওয়া হয়েছে, সেটাই ‘রেডি টু কুক’। মাছ হোক বা মাংস, গরুর ভুরি হোক বা মুরগির কিমা— প্যাকেট থেকে বের করে সোজা কড়াইয়ে। কোনো ছুরি-কাঁচি লাগবে না, রান্নাঘর নোংরা হবে না।
বিশেষ করে মাছের ক্ষেত্রে এটা যেন আশীর্বাদ। রুই-কাতলা থেকে শুরু করে ইলিশ, পাবদা, টেংরা— সবই পাওয়া যায় পরিষ্কার করে কাটা অবস্থায়।
আঁশটে গন্ধ, রক্ত-ময়লা কিছুই থাকে না। ‘ভ্যাকিউয়াম প্যাকের কারণে মাছের স্বাদ-পুষ্টি ঠিক থাকে দিনের পর দিন।
কেন এত জনপ্রিয়?
সময় বাঁচে: আগে যেখানে মাছ পরিষ্কার করতে আধা ঘণ্টা লাগত, এখন পাঁচ মিনিটে রান্না শুরু।
পরিচ্ছন্নতা: নিজস্ব কারখানায় স্বাস্থ্যবিধি মেনে প্রস্তুত করা হয়। ঘরে কাটলে যে ব্যাক্টেরিয়ার ভয় থাকে, তা নেই।
ব্যাচেলর-কর্মজীবীদের জন্য আদর্শ: রাতে ফিরে ফ্রিজ থেকে বের করে ভাজি বা ঝোল—খাওয়া হয়ে গেল।
পুষ্টি অক্ষত: ভ্যাকিউয়াম প্যাকের জন্য মাছ-মাংস তাজা থাকে অনেক দিন।
কী কী পাওয়া যায়?
রুই, কাতলা, ইলিশ, পাবদা- এসব মাছ তো আছেই। এছাড়া মুরগির বুকের মাংস, কিমা, গরুর ভুরি পরিষ্কার করা, হাঁসের মাংস কাটা, এমনকি সবজির মিক্স প্যাকেটও পাওয়া যায়।
কিছু প্রতিষ্ঠান মসলা মিশিয়েও দিচ্ছে—শুধু কড়াইয়ে ঢেলে নাড়তে হবে।
কোথায় পাবেন?
যেখান থেকে নেন না কেন, খোঁজ খবর করে নিতে হবে। অনলাইনে এমন ‘রেডি টু কুক’ খাবারের প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-
ফ্রেশ টুডে (freshtodaybd.com), সেতারা ফার্ম (setarafarm.com), রিভার ফিশ (riverfish.com.bd), অ্যাগ্রোমার্ট (agromartshop.com), রেডি টু কুক বাই নিলা (https://www.facebook.com/readytocookbynila), বেঙ্গলমিট (bengalmeat.com)
ঢাকার ভেতরে সাধারণত ৫০ থেকে ১০০ টাকা ডেলিভারি চার্জ। ক্যাশ অন ডেলিভারি আছে সবখানেই।
দাম কেমন?
এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে দাম সম্পর্কে যেমন ধারণা পাওয়া গেল, সেগুলো হল-
রুই/কাতলা কাটা: ৫০০ থেকে ৬৫০ টাকা কেজি
ইলিশ টুকরা: ৯০০ থেকে ১২০০ টাকা কেজি
মুরগির কিমা: ৪৫০ থেকে ৫৫০ টাকা কেজি
গরুর ভুরি পরিষ্কার: ৩৫০ থেকে ৪৫০ টাকা কেজি
তবে স্থান, কাল ভেদে দাম কম-বেশি হতে পারে।
সাবধানতা
প্যাকেট খোলার পর সঙ্গে সঙ্গে রান্না করতে হবে বা ফ্রিজে রাখতে হবে।
বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কিনুন, আগে রিভিউ পড়ে নিন।
তারিখ দেখে কেনা, পুরনো প্যাকেট এড়িয়ে চলুন।
‘রেডি টু কুক’ শুধু খাবার নয়, এটা আধুনিক জীবনের একটা স্মার্ট সমাধান।
যখন রান্নাঘরে দাঁড়ানোর সময় নেই, তখন এই প্যাকেটগুলোই বলে দেয়— জীবনটা একটু সহজ কর।
ছবি: সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে।
আরও পড়ুন
