২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইফতারের পর রান্নাঘর ও টেবিল পরিষ্কারের সহজ উপায়

সব কাজ একসঙ্গে না করে ধাপে ধাপে শুরু করলে পরিশ্রম কম লগে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 02:22 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

ইফতারের পর রান্নাঘর আর ডাইনিং টেবিল এলোমেলো হয়ে যাওয়া স্বাভাবিক। তবে সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজটা বেশ কঠিনই মনে হয়।

তবে কিছু সহজ কৌশলে খুব কম সময়ে, কম পরিশ্রমে সব গুছিয়ে নিতে সাহায্য করে।

শুরুতেই যা করবেন

ইফতার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কাজ শুরু না করে ১০ থেকে ১৫ মিনিট বিশ্রাম নিতে হবে। এতে শরীর কিছুটা সতেজ হবে।

অন্দরসজ্জাবিদ গুলশান নাসরিন বলেন, "প্রথমেই টেবিল থেকে সব প্লেট, গ্লাস ও বাটি এক জায়গায় নিয়ে আসতে হবে। এতে কাজ ছড়িয়ে না থেকে গুছিয়ে করা সহজ হয়।"

খাবারের উচ্ছিষ্ট যেভাবে রাখবেন

প্লেটের বাকি খাবার সরাসরি সিঙ্কে না ফেলে একটি আলাদা পাত্র বা ডাস্টবিনে ফেলতে হবে। এতে সিঙ্ক বন্ধ হয়ে যাওয়ার ঝামেলা কমে। তরল ও কঠিন ময়লা আলাদা রাখলে পরিষ্কার করা আরও সহজ হয়।

যদি বাড়িতে ছাদ বাগান থাকে, কিছু খাবারের উচ্ছিষ্ট কম্পোস্ট হিসেবেও ব্যবহার করা যেতে পারে।

দ্রুত কাজ শেষ করার কৌশল

“সব কাজ একসঙ্গে না করে ধাপে ধাপে শুরু করতে হবে। প্রথমে টেবিল পরিষ্কার, তারপর বাসন ধোয়া, শেষে রান্নাঘর মোছাই কার্যকর”- বলেন গুলশান নাসরিন।

এতে সময় কম লাগে এবং কাজও সহজ মনে হয়। গরম পানিতে বাসন ভিজিয়ে রাখলে ময়লা দ্রুত উঠে যায়, ঘষাঘষিও কম করতে হয়।

কম পরিশ্রমে পরিষ্কার রাখার উপায়

রোজার সময় শক্তি বাঁচিয়ে কাজ করা জরুরি। তাই খুব বেশি ঝুঁকে বা ভারী কাজ একসঙ্গে না করে ছোট ছোট ভাগে কাজ করতে হবে।

যেমন— একবারে সব বাসন না ধুয়ে ভাগ করে ধুলে ক্লান্তি কম হয়। এছাড়া রান্নার সময়ই কিছুটা গুছিয়ে রাখলে পরে চাপ কমে যায়।

ভাগ করে কাজ করার সুবিধা

পরিবারের সদস্যদের মধ্যে কাজ ভাগ করে দিলে কাজ দ্রুত শেষ হয়।

কেউ টেবিল পরিষ্কার করতে পারে, কেউ বাসন ধুতে পারে, আবার কেউ রান্নাঘর গোছাতে পারে। এতে সময়ও বাঁচে, ক্লান্তিও কম হয়।

টেবিল পরিষ্কারের সহজ পদ্ধতি

টেবিল থেকে আগে বড় ময়লাগুলো সরিয়ে নেওয়া জরুরি। তারপর হালকা গরম পানিতে ভেজা কাপড় দিয়ে মুছতে হবে। চাইলে সামান্য লেবু বা ভিনেগার মিশিয়ে নিলে গন্ধও দূর হয় এবং জীবাণু কমে।

রান্নাঘর পরিষ্কার রাখার নিয়ম

চুলা, সিঙ্ক ও রান্নার জায়গা প্রতিদিনই হালকা করে পরিষ্কার করা উচিত। তেল বা খাবারের দাগ জমতে দিলে, পরে পরিষ্কার করা কঠিন হয়ে যায়। তাই ইফতারের পরই দ্রুত মুছে ফেললে রান্নাঘর সবসময় পরিষ্কার থাকে।

আগে থেকেই প্রস্তুতি

ইফতারের আগে একটি নির্দিষ্ট জায়গায় ময়লার ব্যাগ, পরিষ্কারের কাপড় ও ডিটারজেন্ট রেখে দিলে পরে খুঁজতে হয় না। এতে কাজের গতি বাড়ে।

পরিষ্কার করার সময় স্বাস্থ্যবিধি

হাত পরিষ্কার রাখা জরুরি। কাজ শেষে সাবান দিয়ে হাত ধুতে হবে। প্রয়োজনে গ্লাভস ব্যবহার করা যেতে পারে, বিশেষ করে যদি হাতে সমস্যা থাকে।

আরও পড়ুন

যেভাবে ঘর সাজালে পরিষ্কার করা সহজ

এই সপ্তাহে করে ফেলুন চারটি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ

যেসব পরিষ্কারের জিনিস নিয়মিত বদলানো উচিত