২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে বাইরের জুতা ঘরে পরা উচিত নয়

বাইরে পরার জুতা ঘরের বাইরে খুলে রাখলে জীবাণুর সংক্রমণ হওয়ার সম্ভাবনা কমে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 05:46 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

অনেকেই বাইরে থেকে এসে পায়ের জুতা নিয়েই ঘরে প্রবেশ করেন। আবার অনেক বাড়ির নিয়ম জুতা বাইরেই খুলে রাখা।

কেউ কেউ বিষয়টিকে কেবল সাংস্কৃতিক অভ্যাস বা ভদ্রতার অংশ হিসেবে দেখেন। তবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, বাইরের জুতা ঘরে পরে হাঁটা কেবল বাসাই নোংরা করে না, বরং স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব অ্যারিজোনা–এর এক গবেষণায় দেখা গেছে, বাইরে ব্যবহৃত জুতার ৯৬ শতাংশে ক্ষতিকর কোলিফর্ম ব্যাক্টেরিয়া পাওয়া গেছে। এগুলো সাধারণত মলমূত্রের সঙ্গে সম্পর্কিত।

গবেষকদের মন্তব্য, এই ব্যাক্টেরিয়া জুতার সঙ্গে ঘরে ঢুকে মেঝে, কার্পেট এমনকি বাতাসেও ছড়িয়ে পড়তে পারে।

ময়লা ও ব্যাক্টেরিয়া ঘরে প্রবেশ করে

জুতা পরে রাস্তাঘাট, ডাস্টবিনের পাশে, হাসপাতালের মতো অসংখ্য জায়গায় হাঁটা হয়। বাইরে থেকে আসা সেই জুতার তলায় থাকে অগণিত জীবাণু, ধুলোবালি ও অদৃশ্য দূষণ।

রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত ‘ইউনিভার্সিটি অব অ্যারিজোনা, যুক্তরাষ্ট্র’–এর গবেষণায় বলা হয়েছে, “একজোড়া জুতা দিয়ে ঘরের ভেতরে অনেক দূর পর্যন্ত ব্যাক্টেরিয়া ছড়িয়ে পড়তে পারে। শুধু চোখে দেখা কাদা বা ময়লাই নয়, অদৃশ্য জীবাণুই দাঁতের মতো ক্ষতি করতে পারে স্বাস্থ্যের।“

ফলে পরিবারের কেউ অসুস্থ হলে বা শিশুরা মেঝেতে খেলা করলে সংক্রমণের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।

অ্যালার্জি বাড়ায়

জুতার সঙ্গে গাছের পরাগরেণু, ঘাসের ধুলো বা রাস্তার ধুলিকণা ঘরে ঢুকে পড়ে। এসব উপাদান অ্যালার্জি ও হাঁপানি রোগীদের জন্য বিশেষভাবে ক্ষতিকর।

বাইরের পরিবেশে যারা অ্যালার্জেন ছড়ায়, সেগুলো ঘরে প্রবেশ করলে ঘর হয়ে ওঠে অসুবিধাজনক। বিশেষ করে বসন্ত বা বর্ষাকালে যখন বাতাসে পরাগরেণুর মাত্রা বেড়ে যায়, তখন বাইরের জুতা ঘরে রাখা অ্যালার্জির ঝুঁকি দ্বিগুণ করে দেয়।

সীসা ও অন্যান্য ভারী ধাতু আসতে পারে ঘরে

সাধারণত চিন্তা করা হয় পুরানো বাড়ির রং বা দেওয়ালেই শুধু সীসার ঝুঁকি থাকে।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ) জানিয়েছে, বাইরে মাটিতে সীসা এবং অন্যান্য ভারী ধাতু থাকতে পারে। এর উৎস হতে পারে পুরানো গাড়ির সীসাযুক্ত জ্বালানি, শিল্প কারখানা বা দূষিত এলাকা।

এই সীসা মিশ্রিত ধুলা জুতার সঙ্গে ঘরে ঢুকে পড়ে। দীর্ঘদিন ধরে এটি শরীরে জমতে থাকলে শিশুদের মস্তিষ্কের বিকাশে বাধা দেয় এবং প্রাপ্তবয়স্কদের স্নায়ুর সমস্যা ও রক্তস্বল্পতা তৈরি করতে পারে।

এজন্যই (ইপিএ) বলছে— বাইরের জুতা দরজার কাছে খুলে রাখা এবং ধুলা আটকাতে দরজার সামনে ডাস্ট ম্যাট ব্যবহার করা উচিত।

মেঝে নষ্ট হয়ে যায়

শুধু জীবাণু বা ধুলা নয়, জুতা ঘরের মেঝের জন্যও ক্ষতিকর। শক্ত সোল বা হিলওয়ালা জুতা কাঠের মেঝে আঁচড় ফেলে দেয়। এমনকি নরম সোলের জুতার ফাঁকেও ছোট পাথর আটকে যায়, যা টাইলস বা কাঠের মেঝে নষ্ট করে দেয়।

তাই অনেকে ঘরে শুধু হালকা চপ্পল বা স্লিপার ব্যবহার করেন। এতে যেমন মেঝে সুরক্ষিত থাকে, তেমনি ঘরও পরিষ্কার রাখা সহজ হয়।

ঘরে আরাম কমে যায়

দীর্ঘ সময় বাইরে থাকার পর ঘরে এসে আরাম পাওয়া সবারই প্রয়োজন। পোশাক বদলে আরামদায়ক কাপড় পরার মতোই জুতা খুলে ফেলা মানসিক প্রশান্তি আনে।

ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে বাইরের জুতা বদলে নরম স্যান্ডেল বা স্লিপার ব্যবহার করলে মন ও শরীর দুটোই বিশ্রাম পায়। এটি দিনের ব্যস্ততা থেকে এক ধরনের আরাম বোধ নিয়ে ঘরে প্রবেশ করার সহজ উপায়।

আরও পড়ুন

জুতা-স্যান্ডেল দরজার বাইরে রেখে ঘরে ঢুকে কোনো লাভ নেই, যদি না…

যেভাবে জুতার সঠিক মাপ বের করতে হয়

আরামদায়ক জুতা বেছে নেওয়ার পন্থা