Published : 28 Jul 2025, 03:05 PM
প্রত্যাখ্যাত হওয়া কখনই সুখকর অভিজ্ঞতা নয়। তবে কেউ কেউ অল্প নেতিবাচক ইঙ্গিতেই ভেঙে পড়েন, মনে করেন তারা অযোগ্য বা অপ্রিয়। তাদের ক্ষেত্রে এটি হতে পারে প্রত্যাখ্যান সংবেদনশীলতা বা ‘রিজেকশন সেন্সিটিভিটি’।
এটি শুধু এক ধরনের মনঃকষ্ট নয়, বরং একটি মানসিক অবস্থাও- যা আত্মবিশ্বাস, সম্পর্ক, এমনকি জীবনধারায় গভীর প্রভাব ফেলে।
প্রত্যাখ্যান সংবেদনশীলতা কী?
প্রত্যাখ্যান সংবেদনশীলতা হল এমন এক অবস্থা, যেখানে কোনো ব্যক্তিকে ‘না’ বললে বা কেউ যদি তাদের গ্রহণ না করে, তার প্রতিক্রিয়া হয় অতিরিক্ত আবেগঘন। এটি সাধারণ মন খারাপের চেয়ে অনেক বেশি তীব্র। আর অনেক সময় মানুষ নিজেই বুঝে উঠতে পারে না তার প্রতিক্রিয়া কেন এত বেশি।
এই তথ্য জানিয়ে কাম ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন মনোবিজ্ঞানী ডা. ক্রিস মসুনিক বলেন, “যারা এই অবস্থার মধ্যে থাকেন তারা সামাজিক সম্পর্ক এড়িয়ে চলেন, অনেক বেশি আত্মনির্ভর হয়ে পড়েন অথবা ছোট সমালোচনাতেও ভেঙে পড়েন। তারা ইচ্ছা করে এমনটি করেন না। তাদের আবেগ এতটাই সংবেদনশীল যে প্রতিক্রিয়াটি স্বাভাবিকভাবেই অনেক বেশি হয়।”
যে কারণে এই সংবেদনশীলতা তৈরি হয়
এই অবস্থা একদিনে তৈরি হয় না। জীবনের অভিজ্ঞতা, মানসিক স্বাস্থ্য, এমনকি জিনগত বৈশিষ্ট্যও এর পেছনে কাজ করে।
শৈশবের অভিজ্ঞতা: শিশুকালে যদি কেউ বারবার সমালোচনার শিকার হয়, পরিবার বা আশপাশের মানুষদের কাছ থেকে ভালোবাসা বা সমর্থন না পায়, তবে তার আত্মসম্মান কমে যায় এবং সে প্রত্যাখ্যানকে ভয় পেতে শেখে।
বন্ধুদের থেকে বঞ্চিত হওয়া বা স্কুলে হয়রানি (বুলি) হওয়াও বড় প্রভাব ফেলে।
জিনগত গঠন: কেউ কেউ স্বাভাবিকভাবেই বেশি সংবেদনশীল হন। পরিবেশ বা মানুষের আচরণে তারা দ্রুত প্রতিক্রিয়া দেখান।
মানসিক স্বাস্থ্য সমস্যা: উদ্বেগ, বিষণ্ণতা, ‘মনোযোগ ঘাটতি-সম্পর্কিত সমস্যা’ কিংবা আত্মকেন্দ্রিক সমস্যার (যেমন অটিজম) সঙ্গে প্রত্যাখ্যান সংবেদনশীলতা ঘনিষ্ঠভাবে জড়িত।
জীবনের ধারাবাহিক প্রত্যাখ্যান: জীবনে বারবার প্রত্যাখ্যান বা ব্যর্থতার সম্মুখীন হলে এই ভয় আরও বাড়ে। তখন মানুষ নতুন কিছু করতে ভয় পায়। আর এই ভয়ই তাকে আরও একা করে তোলে।
প্রত্যাখ্যান সংবেদনশীলতার লক্ষণ
মানসিক স্বাস্থ্যে এর প্রভাব
প্রত্যাখ্যান সংবেদনশীলতা শুধু মন খারাপ করে না, এটি মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে।
উদ্বেগ ও বিষণ্ণতা: বারবার প্রত্যাখ্যাত হওয়ার ভয় মনে করিয়ে দেয়— আমরা কখনই ভালো না বা কেউ আমাদের চায় না। এই ভাবনা মানসিক রোগে পরিণত হতে পারে।
সামাজিক সম্পর্ক থেকে বিচ্ছিন্নতা: মানুষজনের সঙ্গে মেশার ভয় থেকে একা হয়ে যাওয়া শুরু হয়। যা দীর্ঘমেয়াদে আরও দুঃখজনক হয়।
সম্পর্কে জটিলতা: প্রিয়জনদের আচরণ ভুলভাবে বোঝার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। বারবার আশ্বাস চাওয়াও সম্পর্কের ভার বাড়ায়।
আত্মমর্যাদায় আঘাত: ছোট ছোট অগ্রহণের ঘটনা নিজের ওপর বিশ্বাস নষ্ট করে দেয়।
এডিএইচডি ও অটিজমের সঙ্গে সম্পর্ক: গবেষণায় দেখা গেছে, যাদের এডিএইচডি বা অটিজম আছে, তাদের অনেকেই অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে প্রত্যাখ্যানের ব্যাপারে।
আচরণে প্রভাব: নতুন সুযোগ এড়িয়ে চলা, নিজেকে গুটিয়ে নেওয়া বা চাকরি ও সম্পর্ক থেকে সরে যাওয়া সবকিছু এর মধ্যে পড়ে।
যেভাবে সামলানো যায় এই সংবেদনশীলতা
সহানুভূতিশীল বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটানো
যাদের সঙ্গে নিরাপদ ও গ্রহণযোগ্য বোধ করেন, তাদের সঙ্গে সম্পর্ক রাখা। ভালোবাসা ও গ্রহণযোগ্যতার অনুভব প্রতিবার প্রত্যাখ্যানের কষ্টকে অনেকটা হালকা করে দেয়।
মনোবিদের পরামর্শ
সাংগঠনিক আচরণগত থেরাপি (সিবিটি) প্রত্যাখ্যান সংবেদনশীলতার জন্য খুবই কার্যকর। এতে বুঝতে শেখা যায়, কোন ভাবনাগুলো অযৌক্তিক এবং কীভাবে সেগুলোকে চ্যালেঞ্জ করে নিজেকে শক্ত করা যায়।
মাইন্ডফুলনেস বা ধ্যান অনুশীলন
বর্তমান মুহূর্তে মনোযোগ দেওয়া শিখুন। অতীতে কী হয়েছে বা ভবিষ্যতে কী হবে— এসব নিয়ে চিন্তা করলে আবেগ আরও তীব্র হয়। প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করলে মনের ভার কমে।
নিজেকে সম্মান দিন ও ছোট অর্জনগুলোর স্বীকৃতি দিন
নিজে কোন বিষয়গুলোতে ভালো করেন, কী অর্জন করেছেন সেগুলো মনে করা; আয়নায় তাকিয়ে নিজেকে বলুন, ‘আমি যোগ্য, আমি প্রিয়, আমি পারি।’
প্রত্যাখ্যানকে ব্যক্তিগত অপমান মনে না করে জীবনপ্রবাহের অংশ ভাবা
সব প্রত্যাখ্যান নিজের দোষে হয় না। কেউ ‘না’ বললে তারও কারণ থাকতে পারে। এতে নিজের মূল্য কমে না।
আবেগ সামলানোর কৌশল শেখা
গভীরভাবে শ্বাস নেওয়া, ধীরে ধীরে হাত বা পা নড়ানো, মন শান্ত রাখা। এসব কৌশল দ্রুত আবেগ নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে।
মানসিক স্বাস্থ্য পেশাদারের সাহায্য
যদি এই সমস্যা জীবনের সম্পর্ক, কাজ বা মানসিক শান্তি নষ্ট করে, তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত।
আরও পড়ুন