২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ লাখ টাকা মুক্তিপণ দাবির পর কিশোর হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় গ্রেপ্তারের পর আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রশিও উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2026, 08:18 PM

Updated : 11 Sep 2026, 03:31 PM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ১৫ বছর বয়সী কিশোর অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রশিও উদ্ধার করা হয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নলিয়া গ্রামের জামালপুর বাজার এলাকা থেকে লাল্টু মিয়াকে (৪১) গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ৫ জুন সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার চিলাভালকী গ্রামের রাফিজ একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। 

ওই রাতেই তার দাদি আমেনা খাতুনের মোবাইলে একটি নম্বর থেকে ফোন করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে রাফিজকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, রাফিজের বাবা প্রবাসে থাকায় পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাকে অপহরণ করা হয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর এলাকার অর্জুন খালের পাশে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। 

এরপর মুক্তিপণের টাকা না পেয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশের দাবি। পরে তার লাশ খালে ফেলে রেখে মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের কাছে আরও কয়েক দফা মুক্তিপণ চাওয়া হয়।

ঘটনার আট দিন পর, ১৩ জুন কুতুবপুরের লাল ব্রিজসংলগ্ন অর্জুন খালের পাশের একটি পুকুর থেকে রাফিজের পচাগলা লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে ১০ জুন রাফিজের দাদি আমেনা খাতুন আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পুলিশ সুপার জানান, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল-সিসিআইসি ও আলমডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে লাল্টু মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং তার দেখানো মতে, হত্যায় ব্যবহৃত রশি উদ্ধার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।