মানসিক চাপ কমায় অন্ধকার ঘরে গোসল
রাতে মৃদু আলোতে গোসল করলে প্রশান্তির ঘুম দিতে সাহায্য করে।
দিনের ক্লান্তি দূর করার প্রশান্তিদায়ক পদ্ধতি হল গোসল। উষ্ণ পানি শরীরকে স্বস্তি দেয়, মাথাকে হালকা করে এবং মনকে অনেকটাই শান্ত করে।
তবে নতুন এক প্রবণতা জনপ্রিয় হয়ে উঠেছে— অন্ধকারে গোসল। যা দেখা যাচ্ছে ঘুমের উন্নতি থেকে শুরু করে মানসিক প্রশান্তি পর্যন্ত বিভিন্ন উপকার দিচ্ছে।
বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী অন্ধকারে গোসল এখন শুধু একটি স্বাচ্ছন্দ্যের অভ্যাস নয়, বরং মন-শরীরের প্রাকৃতিক ছন্দকে পুনর্গঠনের একটি শক্তিশালী রীতি।
অন্ধকারে গোসল—কী এবং কেমন?
অন্ধকারে গোসল বলতে বোঝায়— শৌচাগারের উজ্জ্বল আলো নিভিয়ে বা কমিয়ে নরম, স্বল্প আলোতে গোসল করা। এটি সাধারণ গোসলের মতোই, তবে উদ্দেশ্য শুধুমাত্র পরিষ্কার হওয়া নয়; বরং দিনের মানসিক চাপ ঝেড়ে ফেলে রাত্রিকালীন আরাম ও ঘুমের জন্য শরীরকে প্রস্তুত করা।
আয়ুর্বেদ বিশেষজ্ঞ ও লেখিকা নিধি পান্ডিয়া রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “উজ্জ্বল আলো শরীরকে স্বাভাবিকভাবে জাগ্রত রাখে। অন্যদিকে আলো কমিয়ে দিলে শরীর বিরতি নেওয়ার সংকেত পায়। এর ফলে গোসল পরিণত হয় একটি মনের আশ্রয়স্থলে, যেখানে শরীর-মন একই সাথে শান্ত হতে থাকে।”
কেন এই পদ্ধতি এত জনপ্রিয় হয়ে উঠছে?
ব্যস্ত জীবনে প্রত্যেকেই মানসিক চাপ, উদ্বেগ ও ক্লান্তির সাথে লড়াই করে। দিনের শেষে মাত্র ১০ থেকে ১৫ মিনিটের অন্ধকারে গোসল অনেককেই নতুন উদ্যম, প্রশান্তি ও গভীর ঘুম এনে দিচ্ছে।
বিশেষজ্ঞদের মতে এটি মস্তিষ্কের অতিরিক্ত উত্তেজনা কমিয়ে দেয়, ইন্দ্রিয়কে শান্ত করে এবং নিজের সাথে নিভৃতে থাকার সুযোগ তৈরি করে।
মানসিক চাপ ও উত্তেজনা কমায়
ফ্লোরিডা-ভিত্তিক মনোবিজ্ঞানী স্টেফানি ম্যাজার একই প্রতিবেদনে মন্তব্য করেন, “অন্ধকারে গোসল মস্তিষ্কের দৃশ্যগত উত্তেজনা কমিয়ে দেয়। এতে উদ্বেগ ও দুশ্চিন্তা হ্রাস পায় এবং মন শান্ত হয়।”
কম আলো মানসিক উত্তেজনা কমিয়ে গোসলকে এক ধরনের ধ্যানের অভিজ্ঞতা তৈরি করে। দিনের ক্লান্তি, নেতিবাচক ভাবনা বা অস্থিরতা দূর হয়ে মাথা হালকা লাগে।
গভীর ও আরামদায়ক ঘুমে সহায়তা
মার্কিন ঘুম বিশেষজ্ঞ মাইকেল জে. ব্রেয়ুস বলেন, “শোয়ার প্রায় ৯০ মিনিট আগে উষ্ণ গোসল শরীরের তাপমাত্রা সামান্য বাড়ায়, পরে দ্রুত কমিয়ে ঘুমের হরমোন নিঃসরণে সহায়তা করে।”
অন্ধকার আলোর উত্তেজনা কমিয়ে এই প্রক্রিয়াকে আরও কার্যকর করে। ফলে অনেকেরই ঘুম গভীর হয়, ঘুমভাঙা কমে এবং সকালে বেশি সতেজ লাগে।
মুড বা মানসিক অবস্থা উন্নত
খারাপ দিন, মন খারাপ, অতিরিক্ত চাপ বা বিরক্তি— সবই কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে দেয় অন্ধকারে গোসল। এটি মিশ্র আবেগকে মৃদুভাবে শান্ত করে মনকে নতুনভাবে সাজাতে সাহায্য করে।
মাত্র পাঁচ থেকে ১০ মিনিটের অন্ধকারে গোসলও অনেককে মানসিকভাবে পুনরুজ্জীবিত করতে পারে।
মনোসংযোগ ও সচেতনতা বাড়ায়
চারপাশে আলো কম থাকলে শব্দ, পানি পড়ার স্পর্শ, শ্বাস-প্রশ্বাসের তাল— সবই আরও স্পষ্টভাবে অনুভূত হয়। এটি এক ধরনের সচেতন ধ্যান তৈরি করে, যেখানে বাহ্যিক জটিলতা কমে যায়।
ফলে মনোযোগ বাড়ে, মাথা বিশ্রাম পায় এবং মানসিক স্বচ্ছতা তৈরি হয়।
নানান সংস্কৃতিতে এক রীতি
বিশেষজ্ঞ নিধি পান্ডিয়া ব্যাখ্যা করেন, “ভারতী উপমহাদেশে সন্ধ্যাকালীন গোসল অর্থাৎ ভারতের বহু অঞ্চলে গোধূলি লগ্নে গোসল করা একটি আধ্যাত্মিক অভ্যাস ছিল। মৃদু আলোয় দিনশেষের নানান মানসিক চাপ ও ক্লান্তি ধুয়ে ফেলার এই প্রথা আজও প্রচলিত।”
জাপানি গোসলঘর
জাপানে রাতের জন্য কাঠের তৈরি গোসলঘরে মৃদু আলো বা প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। উষ্ণ বাষ্প, নরম আলো এবং নীরবতা— সব মিলিয়ে মানসিক প্রশান্তি তৈরি করত।
গ্রিস ও রোমের গোসলঘর
প্রাচীন গ্রিস ও রোমের গরম পানির কক্ষগুলোতেও স্বল্প আলোয় গোসল করা হত। প্রদীপের আলোতে গোসলকে তারা শরীর ও মনের পুনর্জীবনের অংশ হিসেবে দেখতেন।
এইসব ঐতিহাসিক রীতি দেখায়— অন্ধকারে গোসল নতুন কোনো ধারণা নয় বরং মানুষের মানসিক শান্তির প্রাকৃতিক প্রয়োজন থেকেই এর জন্ম।
আরও পড়ুন
