১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পুরুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির প্রাকৃতিক পন্থা

সক্ষমতার ঘাটতি হতে পারে হৃদরোগের গোপন সংকেত।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 06:58 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শারীরিক শক্তি ও গতি ২০ বছরের তরুণের মতো হুবহু এক থাকা প্রাকৃতিকভাবেই অসম্ভব।

তবে বয়স বাড়লেও সুস্থ ও আনন্দদায়ক জীবন উপভোগ করার অজস্র বিজ্ঞানসম্মত উপায় রয়েছে।

পুরুষদের ক্ষেত্রে সংবেদনশীল ও সাধারণ সমস্যা হল ‘ইরেকটাইল ডিসফাংশন’ বা শারীরিক সক্ষমতার ঘাটতি। যা অন্তত ২৫ শতাংশ ক্ষেত্রে দেখা যায়।

অনেকেই সমস্যাটিকে একটি স্থায়ী অক্ষমতা ভেবে তীব্র মানসিক অবসাদে ভোগেন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া নানান ক্ষতিকর ওষুধ খাওয়া শুরু করেন।

তবে চিকিৎসাবিজ্ঞানের তথ্যানুসারে, জীবনযাত্রায় কিছু প্রাকৃতিক ও সুনির্দিষ্ট পরিবর্তন আনলে কোনো ওষুধ ছাড়াই এই জটিলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

বিশ্বখ্যাত হার্ভার্ড মেডিকেল স্কুলের ‘ওয়েট সেন্টার’ ও স্বাস্থ্য প্রকাশনায় চর্মরোগ ও ইউরোলজি’র বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রায় ৩০ শতাংশ পুরুষের ক্ষেত্রে এই শারীরিক সক্ষমতার হ্রাস, মূলত শরীরে বাসা বাঁধা মারাত্মক হৃদরোগ বা ‘কার্ডিওভাসকুলার ডিজিজ’-এর প্রথম গোপন সংকেত।

যুক্তরাষ্ট্রের ‘ব্রিঘাম অ্যান্ড উইমেনস হসপিটাল’-এর ইন্টারনিস্ট এবং হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের প্রধান চিকিৎসা সম্পাদক ডা. হাওয়ার্ড ই. লেওয়াইন এই বিষয়ের প্রধান কারণ এবং সেসব কাটিয়ে ওঠার প্রাকৃতিক পন্থার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

সক্ষমতা হ্রাসের পেছনের কারণ

যুক্তরাষ্ট্রের ‘ব্রিঘাম অ্যান্ড উইমেনস হসপিটাল’-এর ইন্টারনিস্ট এবং হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের প্রধান চিকিৎসা সম্পাদক ডা. হাওয়ার্ড ই. লেওয়াইন বলেন, “প্রায় ৭৫ শতাংশ পুরুষের ক্ষেত্রে এই সমস্যার কারণ অত্যন্ত জটিল। এটি মূলত রক্তনালীর রোগ, স্নায়ুবিক জটিলতা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা প্রোস্টেটের অস্ত্রোপচারের কারণে হয়ে থাকে।”

বেশিরভাগ ক্ষেত্রে প্রধান সমস্যা দেখা দেয়, ধমনীতে চর্বি জমে যাওয়া থেকে; যা রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে।

এছাড়াও অতিরিক্ত কাজের চাপ, সম্পর্কের টানাপোড়েন, বিষণ্ণতা বা কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও এর জন্য দায়ী হতে পারে।

সক্ষমতা ফিরে পাওয়ার প্রাকৃতিক নিয়ম

ওষুধের ওপর নির্ভরতা কমিয়ে প্রাকৃতিকভাবে রক্ত সঞ্চালন বাড়াতে হার্ভার্ডের বিশেষজ্ঞরা ৫টি কার্যকর পরামর্শ দিয়েছেন।

প্রতিদিন ৩০ মিনিটের নিয়মিত হাঁটা

হার্ভার্ডের একটি দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে, প্রতিদিন মাত্র ৩০ মিনিট নিয়ম করে হাঁটলে পুরুষদের এই সক্ষমতা হ্রাসের ঝুঁকি প্রায় ৪১ শতাংশ কমে যায়। মাঝারি ধরনের সাধারণ শরীরচর্চা স্থূলতায় আক্রান্ত মধ্যবয়সী পুরুষদের রক্ত সঞ্চালন সচল রাখতে অত্যন্ত জোরালো ভূমিকা রাখে।

আস্ত শস্য ও ওমেগা-৩ সমৃদ্ধ সুষম ডায়েট

ম্যাসাচুসেটসের বড় আকারে করা ‘ম্যাসাচুসেটস মেল এইজিং স্টাডি’তে প্রমাণিত হয়েছে যে, ডায়েট বা খাদ্যাভ্যাস থেকে প্রক্রিয়াজাত মাংস, অতিরিক্ত ফাস্টফুড ও রিফাইন্ড বা পরিশোধিত কার্বোহাইড্রেইট পুরোপুরি বর্জন করা উচিত।

পরিবর্তে প্রতিদিনের খাদ্যতালিকায় তাজা ফলমূল, সবুজ শাকসবজি, পূর্ণ শস্য এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডস সমৃদ্ধ সামুদ্রিক বা তাজা মাছ রাখলে এই রোগের সম্ভাবনা প্রাকৃতিকভাবেই হ্রাস পায়।

ধমনী ও রক্তনালীর স্বাস্থ্য পরীক্ষা

উচ্চ রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা, অতিরিক্ত বাজে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কেবল হার্ট অ্যাটাক বা স্ট্রোকেরই প্রধান কারণ নয়; এগুলো রক্তনালী ধ্বংস করে পুরুষাঙ্গের স্বাভাবিক রক্ত প্রবাহকেও অবশ করে দেয়।

তাই নিয়মিত লিপিড প্রোফাইল পরখ করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ধমনী ভালো রাখার চেষ্টা করতে হবে।

কোমরের মাপ নিয়ন্ত্রণে রাখা

স্থূলতা বা অতিরিক্ত চর্বি, শরীরের হরমোনের স্বাভাবিক ভারসাম্যকে পুরোপুরি নষ্ট করে দেয়।

বৈজ্ঞানিক পরিসংখ্যান অনুযায়ী, একজন ৪২ ইঞ্চি কোমরের পুরুষের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩২ ইঞ্চি কোমরের পুরুষের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি।

তাই ওজন স্বাভাবিক মাত্রায় নামিয়ে আনা ও ধরে রাখা, হতে পারে দারুণ প্রতিষেধক।

পেলভিক ফ্লোর পেশির বিশেষ ব্যায়াম

শুধু ‘বাইসেপস’ বা ‘ট্রাইসেপস’ নয়, পেলভিক বা নিম্নাঙ্গের পেশি মজবুত করা এই রোগের সেরা প্রতিষেধক।

ব্রিটিশদের ওপর করা এক ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, টানা তিন মাস দিনে দুইবার নিয়ম করে ‘কেগেল এক্সারসাইজ’ বা ‘পেলভিক ফ্লোর’ পেশির সংকোচন-প্রসারণ ব্যায়াম করলে, রক্তকে সঠিক স্থানে ধরে রাখতে সাহায্য করে এবং সাধারণ জীবনযাত্রার চেয়ে অনেক দ্রুত ইতিবাচক ফল দেয়।

পরামর্শ

এই সমস্যার লক্ষণ প্রথমবার দেখা দেওয়া মাত্রই ঘরে বসে লজ্জা বা দুশ্চিন্তায় ডুবে না গিয়ে, একজন নিবন্ধিত ইউরোলজিস্ট বা চিকিৎসকের সরাসরি শরণাপন্ন হওয়া উচিত।

আরও পড়ুন

নারীর শারীরিক, মানসিক ও যৌন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার গুরুত্ব

সহবাসে যে পরিমাণ ক্যালরি খরচ হয়

সঙ্গীর প্রতি শারীরিক আকর্ষণ কাজ না করলে যা জানা উচিত

গবেষণা: বয়স বাড়ার সঙ্গে নারীদের শারীরিক মিলনে আগ্রহ হারানোর ধারণাটা ঠিক না

যে কারণে নারীর প্রতি আগ্রহ হারায় পুরুষ