২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকাসক্তি একটি চিকিৎসাযোগ্য মানসিক রোগ

মাদকাসক্তি অপরাধ নয়, রোগ। শাস্তি দিয়ে রোগ সারে না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 06:22 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

মাদকাসক্তির কথা উঠলেই সমাজের চোখে একরকম ঘৃণা, উপেক্ষা আর দূরত্বের ছায়া পড়ে। অনেকে মনে করেন— এটা শুধুই খারাপ অভ্যাস, নৈতিক দুর্বলতা, শাস্তির যোগ্য অপরাধ।

তবে বিজ্ঞান ও মনোরোগ চিকিৎসা বলছে ভিন্ন কথা।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান দিনা বলেন, “মাদকাসক্তি কোনো বাজে অভ্যাস নয়, বরং এটি একটি মানসিক ও শারীরিক রোগ।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মানসিক স্বাস্থ্যের অবস্থা নির্ণয় ও শ্রেণী-বিভাগের জন্য ‘আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন (এপিএ)’-এর প্রকাশিত প্রামাণিক নির্দেশিকা ‘ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটেস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিজঅর্ডার, ফিফ্থ এডিশন (ডিএসএম-৫)’য়ে এটিকে ‘ক্রনিক রিল্যাপসিং ব্রেইন ডিজিজ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

মস্তিষ্কে রাসায়নিক পরিবর্তন ঘটে- যা চিন্তা, অনুভূতি ও আচরণকে নিয়ন্ত্রণ করে।

“তাই শাস্তি নয়, চিকিৎসা ও সহমর্মিতাই এর সমাধান”- মন্ত্যব করেন ডা. দিনা।

মাদকাসক্তির শুরু যেখান থেকে

একজন মানুষ কেন মাদকের পথে যায়? এর পেছনে একটা কারণ নয়, একাধিক কারণ কাজ করতে পারে।

ডা. দিনা বলেন, “অনেক সময় পারিবারিক অশান্তি, বাবা-মায়ের বিবাদ, ব্রোকেন ফ্যামিলি— এসব থেকে মানসিক চাপ তৈরি হয়। সেই চাপ থেকে মুক্তি পেতে মাদককে ‘কোপিং মেকানিজম’ হিসেবে ব্যবহার করে অনেকে।”

হতাশা, একাকিত্ব, ব্যর্থতার অনুভূতি— এগুলো মাদকের দিকে ঠেলে দেয়। আবার কৌতূহলও একটা বড় কারণ।

বন্ধুবান্ধবের খপ্পরে পড়ে ‘একবার খেয়ে দেখি কী হয়’—এই মানসিকতা থেকে শুরু হয় যাত্রা।

সিগারেট অনেক সময় প্রথম ধাপ। সেখান থেকে ধীরে ধীরে আরও ক্ষতিকর মাদকের দিকে ঝুঁকে পড়ে।

মাদকাসক্তি যে কারণে রোগ

“প্রথমে মাদক আনন্দ দেয়। তবে সময়ের সঙ্গে একই পরিমাণে আর সেই আনন্দ পাওয়া যায় না। তখন পরিমাণ বাড়াতে হয়। ‘ফ্রিকোয়েন্সি’ বাড়ে। মাসে একবার থেকে সপ্তাহে একবার, তারপর দিনে একবার— এভাবে নির্ভরতা তৈরি হয়। মস্তিষ্কে ডোপামিনের ভারসাম্য নষ্ট হয়। এটি আর শুধু ইচ্ছার ব্যাপার থাকে না— একটি শারীরিক ও মানসিক রোগে পরিণত হয়। এজন্যই এটিকে ‘ক্রনিক রিল্যাপসিং ব্রেইন ডিজিজ’ বলা হয়”- ব্যাখ্যা করেন ডা. দিনা।

চিকিৎসা প্রক্রিয়া

ডা. দিনার ভাষায়, “মাদকাসক্তির চিকিৎসা শুধু ওষুধে হয় না। এটি ‘বায়োসাইকো-সোশ্যাল মডেলে’র ওপর নির্ভর করে।”

প্রথমে শারীরিক চিকিৎসা- মাদকের প্রভাব দূর করে শরীরকে সুস্থ করা হয়।

তারপর মানসিক চিকিৎসা— হতাশা, উদ্বেগ, ‘ট্রমা’, আচরণগত সমস্যা দূর করা হয়।

সাইকিয়াট্রিস্ট, সাইকোথেরাপিস্ট, কাউন্সেলর, অ্যাডিকশন প্রফেশনাল— সবাই মিলে কাজ করেন।

সামাজিক পুনর্বাসনও জরুরি- চিকিৎসার পর ব্যক্তিকে সমাজে ফিরিয়ে আনা, কর্মজীবনে যুক্ত করা, পরিবারের সঙ্গে সম্পর্ক মেরামত করা— এসবও চিকিৎসার অংশ।

বাংলাদেশের নিরাময় কেন্দ্রগুলো

বাংলাদেশে এখন অনেক মানসম্পন্ন নিরাময় কেন্দ্র গড়ে উঠেছে। তবে মানসম্পন্ন কেন্দ্র বোঝার জন্য কিছু মানদণ্ড দেখতে হয়।

মনোবিদ নিয়মিত পরামর্শ দিচ্ছেন কি-না, ২৪ ঘণ্টা ডাক্তার-নার্স আছেন কি-না, প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী আছে কি-না, রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় কি-না, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাবারের মান কেমন— এসব যাচাই করার পরামর্শ দেন ডা. দিনা।

সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন আছে কি না— এটা দেখাও জরুরি।

পরিবার ও সমাজের ভূমিকা

একজন মাদকাসক্ত ব্যক্তি যখন চিকিৎসা নেন, তখন তার পাশে পরিবার ও সমাজের সহায়তা সবচেয়ে বেশি দরকার। অনেকে অপরাধবোধ ও অনুশোচনায় ভোগেন। তারা জানেন ভুল পথে এসেছেন। তবে সেটা প্রকাশ করতে পারেন না।

“পরিবার যদি তাকে গ্রহণ করে, সম্মান দেয়, সময় দেয়— তাহলে তার মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসে। সমাজ যদি ঘৃণা না করে সহানুভূতি দেখায়, তাহলে সে সমাজে ফিরে আসার সাহস পায়”- মন্তব্য করেন এই মনোরোগ বিশেষজ্ঞ।

শাস্তি নয়, চিকিৎসাই সমাধান

‘মাদকাসক্তদের শাস্তি দিলেই সমাজ রক্ষা পাবে’— এই ধারণা ভুল। মাদকাসক্তি অপরাধ নয়, রোগ। শাস্তি দিয়ে রোগ সারে না।

চিকিৎসা, কাউন্সেলিং, পুনর্বাসন— এগুলোই কার্যকর। পুলিশি ধরপাকড় বা জেল অনেক সময় আরও ক্ষতিকর হয়। বরং চিকিৎসার জন্য উৎসাহিত করা, রিহ্যাবে পাঠানো— এটাই দায়িত্বশীল পদক্ষেপ।

“মাদকাসক্ত ব্যক্তি অসুস্থ মানুষ। তাকে ঘৃণা নয়, সহানুভূতি দিন। তাকে গ্রহণ করুন। চিকিৎসার সুযোগ দিন”- বলেন ডা. দিনা।

আরও পড়ুন

সন্তানের মোবাইল ফোনে আসক্তি কমাবেন যেভাবে

অনলাইন প্রেমে আসক্তি

নিয়ন্ত্রণহীন অপ্রয়োজনীয় কেনাকাটা এক ধরনের মানসিক সমস্যা