পুরুষের হৃদয় ভাঙা অনুভূতি- যে কারণে মনে হয় সে মারা যাচ্ছে
নারীদের চাইতে পুরুষের হৃদভঙ্গের অনুভূতি সামলানো বেশি কঠিন হয়ে যায়।
কাছের মানুষের মৃত্যু, প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা- বিভিন্ন কারণে হৃদয় ভেঙে যাওয়ার ঘটনা ঘটতেই পারে।
তবে এই অনুভূতি অনুভব করার ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে পার্থক্য দেখা গেছে।
চীনের, বেইজিংয়ে অবস্থিত ‘পিকিং ইউনিভার্সিটি ফার্স্ট হসপিটাল’য়ের হৃদবিজ্ঞান বিভাগের গবেষকরা ২০২১ সালের এক পর্যবেক্ষণে দেখতে পান- এই বিরল ধর্মী মানসিক চাপে আক্রান্ত হতে পারেন নারীরা।
তবে ‘জার্নাল অফ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’য়ে প্রকাশিত সাম্প্রতিক গবেষণার ফলাফলে বলা হয়- এই অসুখ নারীদের চাইতে বেশি মারাত্মক হতে পারে পুরুষদের জন্য।
অতিমাত্রার মানসিক বা শারীরিক চাপ থেকে তৈরি হওয়া এই অবস্থাকে বলা হয় ‘টাকোটসুবো কার্ডিওমায়োপ্যাথি’ বা ‘টিসি’। সোজা কথায় একে বলা হচ্ছে- হৃদয় ভঙ্গের লক্ষণ।
এই অবস্থার ফলে হৃদপিণ্ডের পেশিতে বেড়ে যায় স্ট্রেস বা চাপের হরমোন। ফলে হৃদপিণ্ডকে রক্ত সঞ্চালন করতে বেগ পেতে হয়। যা ‘হার্ট অ্যাটাকে’র অনুভূতি দেয়। যে কারণে হতে পারে বুকে ব্যথা, বুক ধড়ফর করা এবং অনিয়মিত হৃদস্পন্দন।
এসব তথ্য জানিয়ে সিএনএন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক এই গবেষণার জন্য ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ‘টিসি’তে আক্রান্ত হওয়া প্রায় ২ লাখ মার্কিন রোগীর তথ্য সংগ্রহ করা হয়।
দেখা গেছে এই অবস্থাতে আক্রান্ত হয়েছেন ৮৩ শতাংশ নারী। তবে পুরুষের সংখ্যা এর দ্বিগুন। এর মধ্যে মৃত্যুর হয়েছে ১১.২ শতাংশের।
সহকারী গবেষক ‘ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা’র মেডিসিনের অধ্যাপক ডা. মোহাম্মাদ রেজা মোভাহেড এই বিষয়ে মন্তব্য করেন যে, “পুরুষ ও নারীদের মধ্যে এই পার্থক্যটা সত্যি অবাক করা মতো।”
হৃদয় ভঙ্গের লক্ষণ: নারী বনাম পুরুষ
“সাধারণভাবেই নারী ও পুরুষের হৃদসংক্রান্ত স্বাস্থ্যের বিষয়ে কিছু পার্থক্য ও মিল রয়েছে। তবে ‘টিসি’র কারণে হওয়া মৃত্যুর বিষয়টা এখনও পুরোপুরি পরিষ্কার না”- বলেন ডা. মোভাহেড।
“তারপরও বলা যায়, এখানে হরমোনের ভূমিকা রয়েছে”- মন্তব্য করেন তিনি।
চাপজনক অবস্থা তৈরি হলে মূত্রগ্রন্থি সক্রিয় হয়ে ‘ক্যাটেকোলামিন্স’ হরমোন নিঃসরণ ঘটায়। যা ‘হয় মারো নয়ত মরো’- এই অনুভূতির জন্ম দেয়।
“এর ফলে রক্তচাপ ও হৃদস্পন্দন বাড়ে। তবে অতিরিক্ত মাত্রায় বাড়লে হৃদপিণ্ডের কোষ সাময়িকভাবে অবশ হয়ে যেতে পারে, যা কিনা ‘টিসি’র অনুভূতি দেয়”- ব্যাখ্যা করেন ডা. মোভাহেড।
নারীদের তুলনায় চাপযুক্ত পরিস্থিতিতে পুরুষরা বেশি মাত্রায় ‘ক্যাটেকোলামিন্স’ হরমোন উৎপন্ন করে। যে কারণে পুরুষরা বেশি মাত্রায় ‘টিসি’তে আক্রান্ত হতে পারেন।
“আবার ‘ইস্ট্রোজেন’- নারীদের যৌন হরমোন, যা হৃদসংক্রান্ত ব্যবস্থায় প্রতিরক্ষামূলক প্রভাব রাখে। ফলে অতিরিক্ত ‘ক্যাটেকোলামিন্স’ হরমোন সামলানো সহজ হয় নারীদের ক্ষেত্রে। যে কারণে ‘টিসি’র মারাত্মক অবস্থায় পড়তে হয় না তাদের”- ব্যাখ্যা করেন ‘ইউনিভার্সিটি অফ মিয়ামি’র ‘ননইনভেসিভ-কার্ডিওলজি’র রিসার্চ ফেলো ডা. লুইস ভিনসেন্ট।
আর জৈবিক পার্থক্য ছাড়াও সামাজিক প্রভাবগুলোও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
মাউন্ট সিনাই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দ্বীপক ভাট বলেন, “বেশিরভাগ চিকিৎসকই মনে করেন ‘টাকোটসুবো’তে নারীরা আক্রান্ত হয়। যে কারণে পুরুষদের ক্ষেত্রে এই লক্ষণ নির্ণয়ে এড়িযে যাওয়ার সম্ভাবনা থাকে।”
আর ঠিক মতো রোগ নির্ণয় না হওয়া, চিকিৎসা দেরিতে হওয়ার কারণে সমস্যা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকেই।
‘টিসি’তে আক্রান্ত হলে মারাত্মক অবস্থা তৈরি হওয়ার মধ্যে রয়েছে- রক্ত জমাট বাঁধা, স্ট্রোক, ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ এবং ‘হার্ট ফেইলুয়র’।
অবহেলা আর নয়
হঠাৎ চরম মাত্রার বুকে ব্যথা বা শ্বাস প্রশ্বাসে সমস্যা বা ‘শর্টনেস অফ ব্রেথ’ হলে অবশ্যই দ্রুত চিকিৎসা নিতে হবে।
ডা. ভাট বলেন, “নিজেকে কঠিন হৃদয়ের লোক ভাবা বা ইন্টারন্টে খুঁজে সমাধান বের করার সময় এটা না। যত কম সময়ে চিকিৎসা শুরু করা যাবে, হৃদসংক্রান্ত জটিলতার সারিয়ে তোলার সম্ভাবনা ততই বাড়বে।”
আর হঠাৎ মানসিক চাপ থেকে ‘টিসি’ হলে, চাপ সামলাতে হবে। দীর্ঘমেয়াদি চাপ কমাতে ধ্যান বা ব্যায়াম উপকারী। যা কিনা হৃদযন্ত্রেও স্বাস্থ্যকর প্রভাব ফেলে।
আর সু্স্থ থাকতে নিয়মিত শারীরিক পরীক্ষা করাও আবশ্যক।
আরও পড়ুন
