২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যের অবস্থা বোঝার জন্য মেঝেতে বসা থেকে দাঁড়ানোর পরীক্ষা

হাত বা কোনো সাহায্য ছাড়া কি মেঝেতে বসা থেকে এক টানে দাঁড়াতে পারেন?

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2026, 05:06 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

কোনো চেয়ার বা টেবিলের সাহায্য ছাড়া, শুধু মেঝে বা মাটিতে বসা থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতা যে একজন মানুষের দীর্ঘায়ু হওয়ার বার্তা দিতে পারে, তা হয়তো অনেকেই জানেন না।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘সিটিং-রাইজিং টেস্ট’ বা ‘বসা থেকে ওঠার পরীক্ষা’। বিশেষ করে নারীদের স্বাস্থ্যের গতিপ্রকৃতি এবং বার্ধক্যের শারীরিক সক্ষমতা পরিমাপ করার জন্য এটি বর্তমানে বৈজ্ঞানিক নির্দেশক হিসেবে বিবেচিত হচ্ছে।

হার্ভার্ড মেডিকেল স্কুলের অনুমোদিত স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইটন ‘হার্ভার্ড উইমেনস হেলথ ওয়াচ’-এ প্রকাশিত এক প্রতিবেদনে চিকিৎসকেরা জানিয়েছেন, কোনো কৃত্রিম সরঞ্জাম ছাড়াই শরীরের ভারসাম্য এবং পেশির শক্তি পরীক্ষা করার এই পদ্ধতির মাধ্যমে হৃদরোগের ঝুঁকির বিষয়েও আগে থেকে জানা সম্ভব হয়।

হার্ভার্ড-অধিভুক্ত ‘স্পল্ডিং রিহ্যাবিলিটেশন আউটপেশেন্ট সেন্টার’-এর ফিজিক্যাল থেরাপির ক্লিনিক্যাল তত্ত্ববধায়ক মেরি কেট মিলার এবং হার্ভার্ডের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. টনি গোলেন, এই পরীক্ষার বৈজ্ঞানিক গুরুত্ব নিয়ে বিস্তারিত জানান।

সিটিং-রাইজিং টেস্ট বা বসা-ওঠার পরীক্ষার নিয়ম ও নম্বর দেওয়া

এই পরীক্ষার মূল ভিত্তি হল, শরীরের ওজন তোলার সময় হাতের বা অন্য কোনো বাহ্যিক সাহায্য বর্জন করা।

সেরা হল ১০ পয়েন্ট: মেঝেতে বসা অবস্থান থেকে সোজা পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াতে হবে। যদি কোনো ব্যক্তি হাত, কনুই, হাঁটু বা পায়ের পাশ কোনো কিছুর ওপর না ঠেকিয়ে এবং শরীরের ভারসাম্য বজায় রেখে এক টানে দাঁড়িয়ে যেতে পারেন, তবে তিনি পূর্ণ ১০ পয়েন্ট পাবেন।

পয়েন্ট কমে যাওয়া: যদি বসার বা ওঠার সময় শরীর কেঁপে ওঠে, মেঝের ওপর এক হাত টেকানো লাগে কিংবা হাঁটু গেড়ে ভর দিতে হয়, তবে প্রতিবারের ভুলের জন্য পয়েন্ট কাটা যেতে থাকে।

আর যদি দেওয়াল, চেয়ার বা অন্য মানুষের সাহায্য ছাড়া কেউ মোটেও উঠতে না পারেন, তবে নম্বর নেমে আসে শূন্যতে।

দীর্ঘায়ুর সঙ্গে বসা-ওঠার সম্পর্ক নিয়ে গবেষণা

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের অনুমোদিত সাময়িকী ‘ইউরোপীয় জার্নাল অফ প্রিভেন্টিভ কার্ডিওলজি’-তে এই সংক্রান্ত এক গবেষণার জন্য, ৪৬ থেকে ৭৫ বছর বয়সি প্রায় ৪,৩০০ জনের ওপর ১২ বছর ধরে নিবিড় পর্যবেক্ষণ বা ‘ফলো-আপ’ চালানো হয়।

গবেষণার তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন, যারা এই পরীক্ষায় সবচেয়ে কম নম্বর (০ থেকে ৪ পয়েন্ট) পেয়েছিলেন, পূর্ণ ১০ পাওয়া ব্যক্তিদের তুলনায় তাদের সাধারণ মৃত্যুর ঝুঁকি প্রায় চার গুণ বেশি ছিল।

একই সঙ্গে, কম নম্বর পাওয়া ব্যক্তিদের হৃদরোগজনিত বা স্ট্রোকের কারণে মৃত্যুর ঝুঁকি ছিল প্রায় ছয় গুণ বেশি।

৩৫ বছরের পর থেকেই কমে শরীরের শক্তি

মেরি কেট মিলার বলেন, “বসা থেকে সহজে দাঁড়ানোর জন্য শুধু হৃদযন্ত্রের ক্ষমতা নয়, বরং সমন্বয়, নমনীয়তা  এবং নিখুঁত ভারসাম্যের প্রয়োজন হয়।”

তবে শরীরের এই জরুরি স্বাস্থ্যকর লক্ষণগুলো বয়স ৩৫ বা ৪০ বছর পার হওয়ার পর থেকেই প্রাকৃতিকভাবে কমতে শুরু করে।

নারীদের ক্ষেত্রে মেনোপজ বা ঋতুস্রাব বন্ধ হওয়ার পর হরমোনের তীব্র পরিবর্তনের কারণে পেশির ঘনত্ব দ্রুত হ্রাস পায় এবং শরীরে মেদ বৃদ্ধি পায়।

ফলে ঘরের ভেতরে পড়ে যাওয়া বা পিছলে যাওয়ার সময়, নিজেদের সামলানোর শক্তি নারীরা দ্রুত হারিয়ে ফেলেন।  

প্রতিকার: শক্তি বাড়ানোর ব্যায়াম ও ফিজিক্যাল থেরাপির ভূমিকা

সাধারণত মানুষ সুস্থ থাকার অর্থ কেবলই সকাল-সন্ধ্যা দীর্ঘ সময় হাঁটা বা অ্যারোবিক ব্যায়ামকে মনে করেন।

তবে হার্ভার্ডের বিশেষজ্ঞরা বলছেন, “প্রতিদিন মাইলের পর মাইল হাঁটলেও, সেটা বসা থেকে ওঠার জন্য প্রয়োজনীয় পেশিকে শক্তিশালী করতে পারে না।”

পেশির শক্তি বৃদ্ধি: সপ্তাহে অন্তত দুদিন হালকা ওজনের শক্তিপ্রদায়ক ব্যায়াম বা স্ট্রেন্থ ট্রেনিং করা উচিত, যা থাই এবং কোমরের প্রধান পেশিগুলোকে মজবুত রাখে।

ডাক্তারের পরামর্শ: ভারসাম্য বা ওঠার ক্ষেত্রে কোনো দুর্বলতা অনুভব করলে ঘরে একা একা ঝুঁকি নিয়ে মাটিতে বসার চেষ্টা করা অনিরাপদ।

এক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে লাইসেন্সপ্রাপ্ত ফিজিওথেরাপিস্টের নির্দেশিকা অনুযায়ী সুনির্দিষ্ট শারীরিক কসরত শুরু করা দীর্ঘমেয়াদী সুস্থতার কার্যকর উপায় হতে পারে।

আরও পড়ুন

নিকোটিন যেভাবে কমিয়ে দেয় শারীরিক মিলনের ইচ্ছা

জিবে জ্বালাপোড়া: ছোট সমস্যার পেছনে লুকিয়ে থাকতে পারে বড় রোগ

গরমে ক্লান্তি কমাতে