২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসি যে কারণে সেরা ওষুধ

হাসি খুশি থাকতে পারলে মানসিক চাপ যেমন কমে তেমনি শারীরিকভাবেও সুস্থ থাকা যায়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 07:06 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

ছড়াকার রোকনুজ্জামান খান ‘হাসি’ ছড়াতেই বলে গেছেন,

এত হাসি দেখেও যারা

গোমড়া মুখে চায়,

তাদের দেখে পেঁচার মুখেও

কেবল হাসি পায়।

আর আধুনিক বিজ্ঞান বলছে- হাসি শুধু মনের আনন্দ নয়, শরীর ও মস্তিষ্কের জন্যও উপকারী।

কানাডা’র ‘ইউনিভার্সিটি অফ টরন্টো’, জাপানের ‘ন্যাশনাল ইন্সটিটিউট অফ অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে, নিয়মিত হাসলে দীর্ঘমেয়াদে নানান জটিল রোগের ঝুঁকি কমে এবং আয়ুও বাড়তে পারে।

দুশ্চিন্তা ও মানসিক চাপ কমাতে হাসি

হাসি মস্তিষ্কের চাপ-প্রতিক্রিয়া ব্যবস্থাকে অনেকটাই শান্ত করে। শরীর যখন অতিরিক্ত চাপ অনুভব করে, তখন নানান ধরনের হরমোন নিঃসৃত হয়, যা দীর্ঘদিন হতে থাকলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়ে।

মার্কিন মনোরোগ বিশেষজ্ঞ টিনা থমাস রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “হাসির ফলে শরীরের কর্টিসল নামের চাপজনিত হরমোন উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফলে মন শান্ত হয়, বুকের ভেতরের অস্থিরতা কমে এবং চিন্তার ভারও অনেকটা হালকা হয়।”

স্নায়ুতন্ত্রকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে হাসি

স্নায়ুতন্ত্রকে ভয় বা উত্তেজনার অবস্থা থেকে বের করে আনতে ভালো কাজ করে ‘হাসি’। যখন অতিরিক্ত উদ্বিগ্ন থাকে মন তখন শরীর সতর্ক অবস্থায় চলে যায়। হাসি সেই অবস্থাকে ভেঙে দিয়ে শরীরকে স্বস্তির দিকে নিয়ে যায়।

এতে সাময়িকভাবে দুশ্চিন্তা থেমে যায়, পেশির টান কমে এবং নিঃশ্বাস স্বাভাবিক হয়। নিয়মিত হাসির অভ্যাস দীর্ঘমেয়াদে মানসিক চাপের ক্ষতিকর প্রভাব কমাতেও কাজ করে।

মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে হাসি

হাসি যে শুধু মন ভালো করে, তা নয়; এটি মস্তিষ্কের কর্মক্ষমতাও বাড়ায়।

টিনা থমাসের মতে, “হাসির সময় মস্তিষ্কের যে অংশ মনোযোগ, স্মৃতি ও আবেগ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত, সেখানে রক্ত চলাচল বাড়ে। ফলে মনোযোগ ধরে রাখা সহজ হয়, নতুন তথ্য মনে রাখতে সুবিধা হয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও উন্নত হয়।”

যারা নিয়মিত হাসিখুশি থাকেন, তাদের মধ্যে কাজের প্রতি আগ্রহ, সৃজনশীলতাও তুলনামূলক বেশি দেখা যায়।

সুখের অনুভূতি ও আবেগের ভারসাম্য

হাসির সময় শরীরে ‘ডোপামিন’ ও ‘এন্ডরফিনস’ নামের আনন্দদায়ক রাসায়নিক নিঃসৃত হয়, যা তাৎক্ষণিক সুখের অনুভূতি দেয়।

এই রাসায়নিকগুলো আবেগের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এবং মনকে স্থিতিশীল রাখে।

দীর্ঘদিন ধরে নিয়মিত হাসির অভ্যাস থাকলে হতাশা বা মন খারাপের সময় থেকেও দ্রুত বেরিয়ে আসা সম্ভব হয়।

রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে হাসি

শরীর সুস্থ রাখতে যেমন খাবার, ব্যায়াম ও ঘুম জরুরি, তেমনি হাসিও গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের মানসিক স্বাস্থ্য-বিষয়ক প্রতিষ্ঠান ‘এএমএফএম হেল্থকেয়ার’য়ের ‘মিশন কানেকশন’য়ের নির্বাহী পরিচালক ও মনোবিজ্ঞানী অ্যাশলে পিনা একই প্রতিবেদনে বলেন, “হাসি শরীরের রোগ প্রতিরোধকারী কোষকে সক্রিয় এবং প্রদাহজনিত সমস্যা কমাতে সহায়তা করে। নিয়মিত হাসির ফলে শরীর অসুখের সঙ্গে লড়াই করার শক্তি পায় এবং দীর্ঘমেয়াদে সামগ্রিক শারীরিক সহনশীলতা বাড়ে।”

হৃদস্বাস্থ্য ও রক্ত সঞ্চালনে হাসি

হাসির সময় হৃদস্পন্দন সাময়িকভাবে বাড়ে, রক্ত সঞ্চালন সক্রিয় হয় এবং শরীরে অক্সিজেনের প্রবাহ বৃদ্ধি পায়। ফলে শরীরের পেশি শিথিল হয় এবং এক ধরনের আরাম অনুভূত হয়।

এই বিশেষজ্ঞদের মতে, হাসির ফলে শরীরে নাইট্রিক অক্সাইড নিঃসৃত হয়, যা রক্তনালি প্রসারিত করে এবং রক্ত চলাচল সহজ করে। এর মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমতে পারে এবং হৃদস্বাস্থ্যও ভালো রাখতে সাহায্য করে।

আরও পড়ুন

শরীর ক্লান্ত থাকলে অনেক কিছু হাস্যকর মনে হতে পারে

অতিরিক্ত সময় বসে থাকার সাথে হৃদরোগের ঝুঁকি

ভুলে যাওয়া রোগ প্রতিহত করতে