বার্ধক্যজনিত চোখের সমস্যা চিহ্নিত করার পন্থা
বয়স বৃদ্ধিতে চার ধরনের চোখের সমস্যায় পড়তে হতে পারে যা দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত করে।
দেহের অন্যান্য অঙ্গের মতো চোখেরও পরিবর্তন হয় সময়ের সাথে।
তাই বয়স বৃদ্ধিতে চোখের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত পরীক্ষা করানো জরুরি।
এক্ষেত্রে সাধারণত চারটি চোখের সমস্যার বিষয়ে দৃষ্টি দেওয়া জরুরি বলে জানানো হয়, ‘হার্ভার্ড হেল্থ পাবলিশিং’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে।
ছানি পড়া বা ক্যাটার্যাক্ট: চোখের লেন্সে ধোঁয়াশার মতো অবস্থা তৈরি ধীরে ধীরে, অনেক বছর ধরে। মাঝ বরাবর দেখতে সমস্যা হওয়া আর দৃষ্টিশক্তি দুর্বল হলে এই সমস্যা নজরে আসে।
নিয়মিত পরীক্ষা করলে চোখের ডাক্তার এই পরিবর্তন প্রাথমিক অবস্থাতেই ধরতে পারে। তবে কখন অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে সেটা নির্ভর করবে অবস্থার অবনতি আর চিকিৎসকের সিদ্ধান্তের ওপর।
গ্লুকোমা: সাধারণত যখন চোখের সামনের অংশে তরল জমে চাপ তৈরি করে তখন গ্লুকোমা দেখা দেয়।
একে প্রায় সময় ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ যতক্ষণ না পর্যন্ত ‘অপটিক নার্ভ’ বা চোখের স্নায়ু ক্ষতিগ্রস্ত না হচ্ছে, আর দৃষ্টিশক্তি ঝাপসা না হয়, ততক্ষণ পর্যন্ত এই রোগ সম্পর্কে রোগী খেয়াল করতে পারে না।
প্রাথমিক অবস্থায় গ্লুকোমা চিহ্নিত করার সহজ উপায় হল ‘আই প্রেশার’ পরীক্ষা, যাকে বলে ‘টোনোমেট্রি’। আর এটা সাধারণত নিয়মিত চক্ষু পরীক্ষার সময়ই করা হয়।
বয়সজনিত ‘ম্যাকুলার ডিজেনারেইশন’ (এএমডি): চোখের যে অংশ দৃষ্টিশক্তিতে তীক্ষ্ণ ও বিস্তারিত দেখতে সাহায্য করে সে অংশটিকে বলা হয় ‘ম্যাকুলা’। আর এটা ক্ষতিগ্রস্ত হলে বলা হয় ‘ম্যাকুলার ডিজেনারেইশন’।
এর ফলে পড়তে, লিখতে কিংবা গাড়ি চালাতে সমস্যা হয়।
এই রোগের দুটি ধরন রয়েছ- শুষ্ক এএমডি এবং অতি আর্দ্র এএমডি।
বিশেষ ধরনের ‘ভিটামিন ফর্মুলা’ শুষ্ক এএমডি’র সমস্যা ধীর করতে পারে। আর আর্দ্র এএমডি’র ক্ষেত্রে সঠিক চিকিৎসায় অবস্থার উন্নতি ঘটানো সম্ভব।
ডায়াবেটিক রেটিনোপ্যাথি: রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার রোগকে সাধারণত ডায়াবেটিস বলা হয়। এর ফলে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় এবং দেহের বিভিন্ন অঙ্গের মতো চোখেরও ক্ষতি হতে থাকে।
রক্তের শর্করা ও রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে এই রোগ ধীর করা যায়, এমনকি ডায়াবেটিস সম্পর্কিত চোখের ক্ষতিও প্রতিরোধ করা সম্ভব। এর মধ্যের ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’ও রয়েছে।
আলো অনুভব করার কাজ করে ‘রেটিনা’ বা অক্ষিপট।
‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’ তখনই ঘটে যখন চোখের রক্তনালীতে ছিদ্র হয় বা স্থিতিশীলতা হারিয়ে রেটিনা ক্ষতিগ্রস্ত করে।
আরও পড়ুন
