হজযাত্রীদের স্বাস্থ্য-সতর্কতা
হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করতে সংশ্লিষ্ট এলাকায় জনসমাগমে বাড়তি চাপে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
ভৌগোলিক, জলবায়ু ও আবহাওয়াগত পরিবর্তনে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে হজযাত্রীদের বেশ কিছু অসুবিধা দেখা যায়।
হজের দিনগুলোতে শরীরের ওপর চাপ পড়ে, সেটা সহজ নয়। তীব্র গরম, ঘণ্টার পর ঘণ্টা হাঁটা, লাখো মানুষের ভিড়, অচেনা খাবার- এই সব মিলিয়ে শরীর অনেক সময় বিদ্রোহ করে বসে।
সেই বিদ্রোহের জন্য আগে থেকে প্রস্তুত থাকলে হজ হয় অনেক বেশি শান্তির।
বিমানে উঠতেই শুরু হয় সমস্যা
অনেক হজযাত্রী, বিশেষ করে বয়স্করা, জীবনে প্রথমবার বিমানে চড়েন হজের উদ্দেশ্যে। দীর্ঘ আন্তর্জাতিক ফ্লাইটে অনভ্যস্ত শরীর আপত্তি জানাতে শুরু করে।
বাংলাদেশ আই হাসপাতালের কর্নিয়া বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মোহাম্মদ রাশেদ আলম শান্তনু বলছেন, “বিমান-ভ্রমণে অনভ্যস্ততার কারণে বমি, মাথাব্যথা, শ্বাসকষ্ট থেকে শুরু করে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের সমস্যাও দেখা দিতে পারে। ফ্লাইটে কেবিনের চাপ, দীর্ঘক্ষণ বসে থাকা এবং ঘুমের ব্যাঘাত— সব মিলিয়ে শরীর একটা ধাক্কা খায়।”
তাই যাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপ আছে, তারা হজে রওনার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে একবার বিস্তারিত কথা বলে নিন।
গরম আমাদের দেশের মতো নয়
বাংলাদেশের গরম আর সৌদি আরবের গরম এক নয়। আমাদের দেশের বাতাসে আর্দ্রতা থাকে, তাই ঘেমে গেলেও একটু স্বস্তি মেলে।
তবে সৌদি আরবে তাপমাত্রা ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, আর বাতাসে জলীয় বাষ্প প্রায় থাকে না বললেই চলে।
এই শুকনো তীব্র গরমে শরীর থেকে ঘাম বেরোয়, কিন্তু সেটা এতটাই দ্রুত বাষ্প হয়ে যায় যে নিজেই বুঝতে পারা যায় না, কতটা ঘেমেছেন। ফলে পানিশূন্যতা আসে দ্রুত এবং নিঃশব্দে।
ডায়রিয়া বা বমি হলে এই পানিশূন্যতা আরও দ্রুত বিপজ্জনক হয়ে যায়, বিশেষত বয়স্কদের ক্ষেত্রে। আর সরাসরি রোদে থাকলে মুখমণ্ডল, বাহু ও বুকের চামড়ায় ‘সানবার্ন’ বা রোদে-পোড়াও হতে পারে— অতিবেগুনি রশ্মির প্রভাবে।
সহজ সমাধান: সারাদিন অল্প অল্প করে পানি পান করতে হবে, এমনকি তৃষ্ণা না লাগলেও।
খাবারে অসাবধানতা বড় ভোগান্তির কারণ হতে পারে
অচেনা দেশে, অচেনা খাবার — পাকস্থলী সব সময় মেনে নেয় না। হজের দিনগুলোতে খাবারের রুটিন এলোমেলো হয়ে যায়। অনেকে কেবল প্যাকেটজাত বা শুকনো খাবার খান কারণ তাজা খাবার পাওয়া যায় না বা সুবিধা হয় না।
ফলে দুটো সমস্যা একসঙ্গে দেখা দেয়— এক দিকে পেটের গোলযোগ, আরেক দিকে কোষ্ঠকাঠিন্য।
শাকসবজি ও ফলের অভাবে পরিপাকতন্ত্র ঠিকমতো কাজ করতে পারে না।
বয়স্ক হজযাত্রীরা ডায়রিয়ায় বেশি আক্রান্ত হন। তাই ব্যাগে অবশ্যই খাওয়ার স্যালাইন রাখতে হবে। ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে দ্রুত স্যালাইন শুরু করা উচিত। দেরি করলে পানিশূন্যতা দ্রুত মারাত্মক আকার নিতে পারে।
ব্যাগে যা রাখবেন
হজে ওষুধের দোকান খুঁজে বের করা সহজ নয়, বিশেষত ভিড়ের মধ্যে। তাই প্রয়োজনীয় কয়েকটি জিনিস আগে থেকেই গুছিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ।
এই ক্ষেত্রে নিজের হজ করার অভিজ্ঞতা থেকে সাংবাদিক ফেরদৌস ফয়সাল পরামর্শ দেন-
জ্বর ও ব্যথার জন্য প্যারাসিটামল, ডায়রিয়ার জন্য খাওয়ার স্যালাইন সঙ্গে রাখুন। সানস্ক্রিন ও ছাতা আবশ্যক।
চশমা বা কন্ট্যাক্ট লেন্স পরেন যারা, তারা অতিরিক্ত একটি সঙ্গে নিন— হারিয়ে বা ভেঙে গেলে এই ভিড়ে নতুন কিনতে যাওয়া কঠিন।
নিজের নিয়মিত ওষুধ পর্যাপ্ত পরিমাণে নিয়ে যাওয়াটা যেন ভুলে না যান। প্রয়োজনের চেয়ে কিছুটা বেশি নিন।
হাঁটাহাঁটির ধকল সামলাবেন যেভাবে
হজের দিনগুলোতে হাঁটতে হয় অনেক। আরাফাতের ময়দান থেকে মুজদালিফা, মিনা থেকে মসজিদ। কিলোমিটারের পর কিলোমিটার। এই হাঁটা তীব্র গরমের মধ্যে করতে হয়, ভিড়ের মধ্যে দিয়ে।
কিছু সহজ নিয়ম মেনে চললে এই ধকল অনেকটা কমানো যায়।
ফয়সালের পরামর্শ- একটানা না হেঁটে কিছুক্ষণ পরপর ছায়ায় বিশ্রাম নিন। সরাসরি রোদে থাকবেন না, বিশেষত সকাল ১১টা থেকে বিকাল ৪টার মধ্যে। প্রয়োজনে ধীরে হাঁটুন ।
অত্যধিক ভিড়ের মধ্যে ঢুকে পড়বেন না যদি এড়ানোর সুযোগ থাকে। হজের ভিড়ে ধাক্কাধাক্কিতে মানুষ পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনা বিরল নয়। একটু সচেতনতা, একটু প্রস্তুতি আর কিছু সহজ অভ্যাস মেনে চললে শরীর অনেকটাই সামলে নিতে পারে।
সুস্থ শরীরে হজ করতে পারলে মন থাকে প্রশান্ত, ইবাদতে মনোযোগ আসে। আর অসুস্থ হয়ে পড়লে নিজেরও কষ্ট, সঙ্গীদেরও চিন্তা।
আরও পড়ুন
