১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

হজের জন্য যেসব জিনিস নিতে হবে সাথে

পঞ্চাশ দিনের এই সফরে প্রয়োজনীয় অনেক কিছুই নিতে হয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 05:08 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। আর হজযাত্রীদের জন্য সরল জিজ্ঞাসা থাকে- কী কী নিতে হবে সাথে?

এবারের হজযাত্রীদের প্রস্তুতি কেমন হবে- এই বিষয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে পরামর্শ দিয়েছেন সাংবাদিক ফেরদৌস ফয়সাল। যিনি টানা ২২ বছর হজ পালন করেছেন।

হজযাত্রীদের অনেকের জানার আগ্রহ, লাগেজ ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত। হজের সফর হয় কম বেশি ৪০ দিন। তাই ন্যূনতম লাগেজ হবে দুইটা।

একটি বড় লাগেজ যা বিমানে বুকিংয়ে দেওয়া হয়, অন্যটি হাতব্যাগ।

হজের জন্য যেসব প্রয়োজনীয় কাগজ ও জিনিসপত্র সংগ্রহ করা দরকার

১. বিমানের টিকিট, ডলার কেনা।

২. পরিচয়পত্র, পাসপোর্ট, টাকা ইত্যাদি রাখার জন্য গলায় ঝোলানো ছোট ব্যাগ।

৩. পুরুষের জন্য ইহরামের কাপড় কমপক্ষে দুই সেট (প্রতি সেটে শরীরের নিচের অংশে পরার জন্য আড়াই হাত বহরের আড়াই গজ এক টুকরা কাপড় আর গায়ের চাদরের জন্য একই বহরের তিন গজ এক টুকরা কাপড়।

ইহরামের কাপড় হবে সাদা। সুতি হলে ভালো হয়। আর নারীদের জন্য সেলাইযুক্ত স্বাভাবিক পোশাকই ইহরামের কাপড়।

৪. নরম ফিতাওয়ালা স্পঞ্জের স্যান্ডেল।

৫. ইহরাম পরার কাজে ব্যবহারের জন্য প্রয়োজন হলে কটিবন্ধনী (বেল্ট)।

৬. গামছা, তোয়ালে।

৭. লুঙ্গি, গেঞ্জি, পায়জামা, পাঞ্জাবি (যে পোশাক পরবেন)।

৮. সাবান, পেস্ট, ব্রাশ, মিসওয়াক।

৯. নখ কাটার যন্ত্র, সুই-সুতা।

১০. থালা, বাটি, গ্লাস।

১১. হজের বই, কোরআন শরিফ(৩০ খণ্ড সহজ বহনযোগ্যতা প্রতিটি পারা আলাদা হওয়াতে যে কোনো এক বা একাধিক পারা সহজে ব্যাগে নিয়ে চলাফেরা করা যায়)। ধর্মীয় বই।

১২. কাগজ-কলম।

১৩. শীতের কাপড় (মদিনায় ঠাণ্ডা পড়ে)।

১৪. প্রয়োজনীয় ওষুধপত্র। চশমা ব্যবহার করলে অতিরিক্ত একটি চশমা (ভিড় বা অন্য কোনো কারণে ভেঙে গেলে ব্যবহারের জন্য)।

১৫. বাংলাদেশি টাকা (দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বাড়ি ফেরার জন্য)।

১৬. নারীর ক্ষেত্রে বোরকা।

১৭. যত দিন বিদেশে থাকবেন, সেই অনুযায়ী নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ ওষুধ নিতে হবে।

১৮. মোবাইল সেট (সৌদি আরবে ব্যবহার করা যায়, তেমন সিম কিনে নিতে হবে)।

১৯. মালপত্র নেওয়ার জন্য ব্যাগ অথবা স্যুটকেস (তালা-চাবিসহ) নিতে হবে। ব্যাগের ওপর ইংরেজিতে নিজের নাম-ঠিকানা, ফোন নম্বর, পাসপোর্ট নম্বর লিখতে হবে। এর বাইরে আরও কিছু প্রয়োজনীয় মনে হলে তা নিয়ম মেনে সঙ্গে নিতে হবে।

হজ যাত্রার শুরুতে নিজেকে এমনভাবে মানসিকভাবে তৈরি করে নিন, যেন দেহ-মনে কোনো কষ্ট না থাকে। ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে হজ হল দৈহিক ও আর্থিক ইবাদত এবং শ্রমসাধ্য ব্যাপার।

আরও পড়ুন

হজ করতে গিয়ে মক্কা মদিনায় হারিয়ে গেলে কী করবেন?

এবার হজে যাচ্ছেন? তাহলে ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ আপনার জন্য