২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ন্ত্রণ করা যায় জীবনযাপন পরিবর্তনে

গ্যাস্ট্রিকের সমস্যা বারবার দেখা দিলে ঘন ঘন ওষুধ খাওয়া হতে পারে আরও ক্ষতির কারণ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 06:10 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

বুকজ্বালা, পেট ফাঁপা, ঘন ঘন ঢেকুর, খালি পেটে ব্যথা বা বমিভাব দেখা দিলেই অনেকে ধরে নেন গ্যাস্ট্রিক হয়েছে।

ফলে নিজে নিজে অ্যান্টাসিড, সিরাপ বা অন্যান্য ওষুধ খাওয়া শুরু করেন। কেউ কেউ বছরের পর বছর এসব ওষুধ সেবন করে চলেন, পার্শ্বপ্রতিক্রিয়ার কথা না ভেবেই।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “এসব উপসর্গ দেখা দিলেই ওষুধ খাওয়া বাধ্যতামূলক নয়।”

গ্যাস্ট্রিক বলতে মূলত পাকস্থলীর ভেতরের আবরণে প্রদাহ বা অতিরিক্ত অ্যাসিড নিঃসরণকে বোঝায়। এটি সাময়িক হতে পারে, তবে দীর্ঘস্থায়ী হলে ক্রনিক গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার বা আরও জটিল অবস্থার সৃষ্টি হয়।

সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে অনিয়মিত খাবার, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা, অতিরিক্ত ঝাল-তেল-ভাজাপোড়া খাওয়া, ধূমপান, অতিরিক্ত চা-কফি সেবন, মানসিক চাপ, ঘুমের অভাব এবং কিছু ক্ষেত্রে ‘হ্যালিকোব্যাকটার পাইলোরি’ ব্যাক্টেরিয়ার সংক্রমণ।

ওষুধ সাময়িক আরাম দিলেও দীর্ঘমেয়াদি ব্যবহারে ভিটামিন বি১২ এবং লৌহের ঘাটতি, হজমশক্তির সমস্যা আর অন্ত্রে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

ডা. আফসানা হক নয়নের মতে, “জীবনযাত্রায় সামান্য পরিবর্তন এনে গ্যাস্ট্রিকের উপসর্গ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।”

জীবনযাপন পরিবর্তন

সময়মতো ও নিয়মিত খাবার গ্রহণ করতে হবে। একবারে অতিরিক্ত খাবার এড়িয়ে ছোট ছোট ভাগে খেতে হবে। রাতে ঘুমানোর অন্তত তিন-চার ঘণ্টা আগে খাবার শেষ করুন।

ঝাল, তেল-মসলাযুক্ত ও ফাস্টফুড খাওয়া কমাতে হবে। ধূমপান ও অ্যালকোহল পুরোপুরি বর্জন করুন।

অকারণে ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না।

পর্যাপ্ত ঘুম নিশ্চিত করত হবে। আর মানসিক চাপ কমানোর চেষ্টা করুন— যেমন হালকা ব্যায়াম, যোগ বা ধ্যান।

অন্য কারণ

অনেক ক্ষেত্রে গ্যাস্ট্রিকের প্রধান কারণ হতে পারে ‘হ্যালিকোব্যাকটার পাইলোরি ব্যাক্টেরিয়া’। এটি দীর্ঘদিন প্রদাহ সৃষ্টি করে আলসার বা পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

“স্টুল টেস্ট’, ‘ইউরিয়া ব্রেথ টেস্ট’ বা ‘এন্ডোস্কোপি’র মাধ্যমে এটি সনাক্ত হলে অ্যান্টিবায়োটিকসহ সম্পূর্ণ চিকিৎসা নিতে হয়”- বলেন ডা. নয়ন।

যদি গ্যাস্ট্রিকের সঙ্গে ওজন হ্রাস, কালো পায়খানা, রক্তবমি, দীর্ঘদিনের তীব্র পেটব্যথা, খাবার গিলতে কষ্ট, বারবার বমি বা পেটে চাকা অনুভূত হয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বয়স্কদের ক্ষেত্রে নতুন করে গ্যাস্ট্রিকের উপসর্গ দেখা দিলে বা রক্তশূন্যতা হলে বিশেষ সতর্কতা প্রয়োজন।

ওষুধের ওপর অতিরিক্ত নির্ভর না করে স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে সঠিক পথ বেছে নিন।

আরও পড়ুন

আলসেমি করেও সুস্থ-সবল থাকার পন্থা

বুক জ্বালাপোড়া কমাতে

অ্যাসিডিটি দূর করতে খাবার

অফিসে অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে