জ্বালানি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে নিজেকে সুস্থ রাখাও জরুরি
শুধু কি বাহনের তেল নিলে হবে, নিজের ‘তেল’ও তো বজায় রাখতে হবে।
দেশজুড়ে জ্বালানির চাপ বেড়ে যাওয়াতে বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন এখন সাধারণ দৃশ্য। অনেক ক্ষেত্রে এই সারি একটি এলাকা ছাড়িয়ে অন্য এলাকায় পৌঁছে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ঘণ্টার পর ঘণ্টা তীব্র খোলা রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
তবে এই অপেক্ষা দেহের জন্য ঝুঁকিপূর্ণও হতে পারে।
দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকার পর শরীরের ওপর চাপ তৈরি হয়। তাই জ্বালানি সংগ্রহের মতো প্রয়োজনীয় কাজেও স্বাস্থ্য সুরক্ষা উপেক্ষা করা বিপজ্জনক হতে পারে।
তীব্র গরমে শরীরের ওপর প্রভাব
প্রচণ্ড গরমে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে শরীর দ্রুত পানি ও লবণ হারায়। এতে মাথা ঘোরা, দুর্বলতা, বমি ভাব এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে এটি ‘হিট ইগজোসশন’ বা ‘হিট স্ট্রোকে’ রূপ নিতে পারে।
“আর এগুলো জীবননাশের কারণও হতে পারে” মন্তব্য করেন সরকারি কর্মচারী হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান কামরুল হাসান।
বিশেষ করে যারা শারীরিকভাবে পরিশ্রমের কাজ করেন বা বয়সে একটু বাড়তি, তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি।
গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে, ফলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে বলেও জানান এই চিকিৎসক।
দীর্ঘ লাইনে দাঁড়ানোর বাস্তবতা
দেশের বিভিন্ন পাম্পে জ্বালানির জন্য ভিড় বেড়েছে বহুগুণ। বাস, মোটরসাইকেল, সিএনজি, কৃষি-কাজের জন্য ব্যবহৃত যন্ত্র— সব কিছুর জন্য জ্বালানি প্রয়োজন হওয়ায় চাপ আরও বেড়েছে।
তবে এই অপেক্ষার সময়টিই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বিশেষ করে মধ্য দুপুরে সূর্যের তাপমাত্রা তীব্র হয়, যা শরীরের সহনশীলতার সীমা ছাড়িয়ে যেতে পারে।
যে কারণে স্বাস্থ্য সুরক্ষা জরুরি
জ্বালানি নেওয়ার সময় স্বাস্থ্য সুরক্ষা শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটি প্রয়োজনীয় সচেতনতা। কারণ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা পাওয়া সবসময় সহজ হয় না।
পাম্প এলাকায় ভিড় ও বিশৃঙ্খলার কারণে দ্রুত ব্যবস্থা নেওয়াও কঠিন হতে পারে।
এছাড়া একবার শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়লে তা দীর্ঘমেয়াদে নানান সমস্যারও কারণ হতে পারে, যেমন- ডিহাইড্রেইশন বা পানিশূন্যতায় ভোগা, কিডনি বা বৃক্কের সমস্যা কিংবা হৃদযন্ত্রের জটিলতা।”
“পানি কম গ্রহণ ও টয়লেট ব্যবহারের অভাবে হতে পারে ‘ইউরিন ইনফেকশন” বলেন মেডিসিন বিশেষজ্ঞ কামরুল হাসান।
যেসব সতর্কতা নেওয়া প্রয়োজন
প্রথমত, সম্ভব হলে দিনের সবচেয়ে গরম সময় এড়িয়ে চলা উচিত। খুব প্রয়োজন না হলে সকাল খুব ভোরে বা বিকেলের দিকে জ্বালানি নেওয়ার চেষ্টা করা ভালো।
দ্বিতীয়ত, বাইরে যাওয়ার আগে পর্যাপ্ত পানি পান করা জরুরি। সঙ্গে পানির বোতল রাখা উচিত, যাতে অপেক্ষার সময় নিয়মিত পানি পান যায়। পানিশূন্যতা কমাতে এটি সবচেয়ে কার্যকর উপায়। বাড়ি থেকে বের হওয়ার সময়ে বোতল ভরে ফলের রস, লেবু শরবত ও পানি রাখা ভালো, বিশেষ করে ঠাণ্ডা পানীয়।
রাস্তার পাশে বিক্রি হওয়া ফলের জুস, শরবত, পানি কিছু খাওয়াই উচিত নয়। এতে ডায়রিয়া বা পেটের সমস্যা হতে পারে।
সুবিধার জন্য পানি ঠাণ্ডা রাখে এমন বোতলও কিনে নেওয়া যেতে পারে। কারণ বাইরের তীব্র গরমে স্বাভাবিক তাপমাত্রার পানিও গরম হয়ে যায় যা খাওয়ার সময় অস্বস্তি লাগতে পারে।
“এছাড়া পাম্পের টয়লেট বা আশপাশের দোকান, শপিংমলের টয়লেট ব্যবহার করতে হবে, যেন কিডনির ওপর চাপ তৈরি না হয়” পরামর্শ দেন এই বিশেষজ্ঞ।
তৃতীয়ত, হালকা ও ঢিলেঢালা পোশাক পরা উচিত, যা শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে। মাথা ঢাকার জন্য ছাতা, টুপি বা ওড়না ব্যবহার করা যেতে পারে।
চোখে অতিবেগুনি রশ্মি সুরক্ষিত সানগ্লাস ব্যবহার চোখ অনেকটাই আরাম পায়।
চতুর্থত, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে মাঝেমধ্যে বসে বিশ্রাম নেওয়া দরকার। যদি লাইনে দাঁড়িয়ে থাকা সম্ভব না হয়, তাহলে অন্য কাউকে দিয়ে কাজটি করানো একটি ভালো বিকল্প হতে পারে।
অসুস্থতার লক্ষণ চিনে নেওয়া জরুরি
গরমে অসুস্থ হওয়ার আগে শরীর কিছু সংকেত দেয়, যা গুরুত্বের সঙ্গে নিতে হবে।
মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা, চোখে ঝাপসা দেখা বা বুক ধড়ফড় করা এসব লক্ষণ দেখা দিলে দ্রুত ছায়াযুক্ত স্থানে যেতে হবে এবং পানি পান করতে হবে আর মাথায় বেশি করে পানি দিতে হবে।
অবস্থা গুরুতর হলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে নেওয়া জরুরি। কারণ ‘হিট স্ট্রোক’ হলে দ্রুত চিকিৎসা না পেলে তা মারাত্মক হয়ে উঠতে পারে- বলে মত দেন এই চিকিৎসক।
সামাজিক সচেতনতা ও সহযোগিতা
পাম্প এলাকায় যারা দায়িত্বে থাকেন, তাদেরও কিছু ভূমিকা পালন করতে হবে।
লাইন ব্যবস্থাপনায় শৃঙ্খলা রাখা, তীব্র গরমে ছায়ার ব্যবস্থা করা বা পানির ব্যবস্থা, টয়লেট ব্যবহারের ব্যবস্থা রাখা খুবই প্রয়োজন। পাশাপাশি লাইনে থাকা মানুষদেরও একে অপরের খোঁজ রাখাও উচিত।
যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, তাহলে দ্রুত তাকে সাহায্য করা এবং প্রয়োজন হলে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা জরুরি।
আরও পড়ুন
