ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ১৮ রোগী
সব মিলিয়ে এ বছর ভর্তি হয়েছে ৮২১ জন।
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে; এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ জন।
সবশেষ মারা যাওয়া দুই ব্যক্তি ঢাকার বাইরে চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত ১৮ জানুয়ারি একজনের প্রাণ কেড়েছিল এইডিস মশাবাহিত রোগটি। সব মিলিয়ে এ বছর ১৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় যারা হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের মধ্যে ৬ জন ঢাকা মহানগরে এবং বাকিরা ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২১ জন।
শনিবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১৪৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৫৯ জন ঢাকায় এবং ৮৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
গত বছর মশাবাহিত এ রোগে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১৭০৫ জনের মৃত্যু হয়। এত মৃত্যু ও আক্রান্ত এর আগে কোনো বছর দেখেনি বাংলাদেশ।
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায় ২০১৯ সালে; সে বছর ভর্তি হতে হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জনকে।
তার দুই বছর বাদে ২০২২ সালে ডেঙ্গু কেড়েছিল ২৮১ জনের প্রাণ; সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
