২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু নিয়ে আরও ৩৪ রোগী হাসপাতালে

এ বছর মশাবাহিত এ রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৯৯ জনে।

ডেঙ্গু নিয়ে আরও ৩৪ রোগী হাসপাতালে

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2024, 07:55 PM

Updated : 16 Apr 2024, 07:55 PM

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩৪ জন। তবে এ সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভর্তি রোগীদের মধ্যে পাঁচজন ঢাকা মহানগরে এবং বাকি ২৯ জন ভর্তি হয়েছে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে।

এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৯৯ জনে। তাদের মধ্যে মারা গেছেন ২৩ জন।

কেবল জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছে ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।

এপ্রিলের ১৬ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের।

মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৮৭ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছে ৪১ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৪৬। 

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।