২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কর্তৃপক্ষ দায়িত্ব এড়ানোয় ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু: টিআইবি

“সরকারি দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান দায়সারাভাবে ভূমিকা পালন করেছে," বলেন ইফতেখারুজ্জামান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2023, 01:14 AM

Updated : 31 Oct 2023, 01:14 AM

ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নানা ঘাটতির পাশাপাশি ডেঙ্গু চিকিৎসায় অনিয়ম, দুর্নীতির চিত্র উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি'র এক গবেষণায়। 

সোমবার রাজধানীর মাইডাস সেন্টারে  ‘ডেঙ্গু সংকট প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম: সুশাসনের চ্যালেঞ্জ' শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। 

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।  সোমবার পর্যন্ত  নতুন রোগীদের নিয়ে এ বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৯ হাজার ৩৮৮ জনে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৪১ । 

এ পরিস্থিতির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের ‘দায়িত্ব এড়ানোর অনৈতিক ও অমানবিক প্রবণতাকে' দায় দিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি। 

“ডেঙ্গু সংকট মোকাবিলায় ব্যর্থতার দায় অনৈতিকভাবে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।" 

টিআইবির গবেষণা প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা, কোনো কোনো এলাকায় ৫ থেকে ২৭ বছর ধরে একই কীটনাশক ব্যবহার করা, চিকিৎসা ব্যবস্থায় সক্ষমতার ঘাটতি থাকার মত বিষয় তুলে ধরেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, জনস্বাস্থ্য সংকটকে কাজে লাগিয়ে দুর্নীতি ও অনিয়মের ঘটনা ঘটেছে। 

টাকার বিনিময়ে মশা নিধনে ‘অধিক কার্যকর' ওষুধ দেওয়া, একটি কীটনাশক সরবরাহকারী প্রতিষ্ঠানের তিনটি সিটি কর্পোরেশনের ১৬টি ক্রয়াদেশ পাওয়া, কৃত্রিম সংকট তৈরি করে কয়েকগুন বেশি দামে স্যালাইন বিক্রি করার মত অনিয়ম তুলে ধরেছে টিআইবি। 

ডেঙ্গু নিয়ন্ত্রণে  বিচ্ছিন্নভাবে এবং লোক দেখানো কার্যক্রম পরিচালনা করা হয়েছে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, “সরকারি দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান দায়সারাভাবে ভূমিকা পালন করেছে।" 

যে কোনো দুর্যোগের মতো ডেঙ্গু পরিস্থিতিকে স্বার্থান্বেষী মহল দুর্নীতি ও অনিয়মের সুযোগ হিসেবে ব্যবহার করেছে দাবি করে তিনি বলেন, "গবেষণায় আমরা দেখেছি, ক্রয়-প্রক্রিয়ায় উন্মুক্ত প্রক্রিয়ার নামে ‘সিংগেল বিডিং' বেশি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের একাংশের যোগসাজশে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট প্রতারণামূলকভাবে লাভবান হয়েছে। 

“একদিকে যেমন ডেঙ্গু প্রতিরোধে সরকার ও সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠান যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে এবং সে দায় অনৈতিকভাবে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে তেমন সেবাগ্রহণের ক্ষেত্রে সেবাগ্রহীতাদের অযাচিতভাবে অধিক মূল্য প্রদান করতে হয়েছে।  জবাবদিহিতার অভাবের কারণে অর্থের অপচয় হয়েছে এবং তা থেকে অসাধু মহল সুবিধা নিয়েছে।" 

অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপনা করেন টিআইবির সিনিয়র রিসার্চ ফেলো মো. জুলকারনাইন ও রিসার্চ ফেলো রাজিয়া সুলতানা।