২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছর হাসপাতালে ডেঙ্গু রোগী আড়াই লাখ ছাড়াল

এর মধ্যে প্রাণ গেছে ১২২৬ জনের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2023, 08:16 PM

Updated : 20 Oct 2023, 08:18 PM

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ মাস ২০ দিনে আড়াই লাখ ছাড়িয়েছে। এর আগে কোনো বছরেই এইডিস মশাবাহিত রোগটিতে এতো মানুষকে আক্রান্ত হতে দেখেনি বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫৫৮ জন রোগী। তাতে করে এ বছরের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ১০১ জনে।

তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয় ৯৪ হাজার ৬১৮ জন, বাকি ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ জন যান ঢাকার বাইরের হাসপাতালে।

এদিকে সবশেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১২ জনের, যাদের মধ্যে ৮ জন ঢাকা মহানগরের। তাতে এ বছর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২২৬।

শুক্রবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৩ জনের ডেঙ্গু রোগের চিকিৎসা চলছিল, যাদের মধ্যে ৫ হাজার ৬৪৫ জনই ঢাকার বাইরের। বাকি ২৩৫৮ জনের চিকিৎসা চলছিল ঢাকা মহানগরে।

সার্বিক পরিস্থিতিতে এইডিস মশা নিধনে সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে ‘পর্যাপ্ত’ মনে করছেন না খোদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেছেন, “খালি আমরা বড় বড় কথা বললে তো আর ডেঙ্গু কমবে না। ডেঙ্গুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে পদক্ষেপগুলো আমরা দেখছি এখনও তা পর্যাপ্ত নয়। এটা সত্যি কথা, এটা পর্যাপ্ত নয়।"

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন ভর্তি হয়। আর চলতি মাসের ২০ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৬৯৫ জন রোগী। 

মাসওয়ারি মৃত্যু হয়েছে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বরে ৩৯৬ জন। আর অক্টোবরের ২০ দিনে প্রাণ গেছে ২৩৭ জনের।