ডেঙ্গু: টানা দ্বিতীয় দিন মৃত্যুহীন
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২০ হাজার ১৫৮ জনে।
পরপর দুই দিন ডেঙ্গুতে মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩ জন। তাদের মধ্যে ৭৩ জন ঢাকার বাইরে এবং ৩০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২০ হাজার ১৫৮ জনে।
গত এক দিনে নতুন করে কেউ মারা না যাওয়ায় মৃতের মোট সংখ্যা আগের মতই ১ হাজার ৬৯২ জন রয়েছে।
আগের দিন বৃহস্পতিবারও দেশে ডেঙ্গুতে কারো মৃত্যুর খবর আসেনি। তার আগে গত ১৬ ডিসেম্বর ছিল ডেঙ্গুতে মৃত্যুহীন দিন। তারও পাঁচ মাস আগে ১৪ জুলাই কারও মৃত্যু নথিবদ্ধ হয়নি মশাবাহিত এ রোগে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১ হাজার ১৯৩ জন রোগী। তাদের মধ্যে ৩৬৭ জন ঢাকায় এবং ৮২৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
মাসের হিসাবে জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন; ফেব্রুয়ারিতে ১৬৬ জন; মার্চে ১১১ জন; এপ্রিলে ১৪৩ জন; মে মাসে এক হাজার ৩৬ জন; জুনে ৫ হাজার ৯৫৬ জন; জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন; অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন; সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন; অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন; নভেম্বর মাসে ৪০ হাজার ৭১৬ জন। ডিসেম্বরের প্রথম ২২ দিনে ভর্তি রোগীর সংখ্যা ৮২৬৭ জন।
জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুইজন, মে মাসে দুইজন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। ডিসেম্বরের প্রথম ২২ দিনে ৭০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
