ডেঙ্গু: এক দিনে ৩৬২ জন হাসপাতালে, মৃত্যু ২
চলতি বছর এ নিয়ে দেশে ডেঙ্গুতে ১ হাজার ৬৫২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; মারা গেছেন দুইজন।
চলতি বছর এ নিয়ে দেশে ডেঙ্গুতে ১ হাজার ৬৫২ জনের প্রাণ গেল। এদের মধ্যে ৯৫৪ জন ঢাকার এবং বাকিরা ঢাকার বাইরের বিভিন্ন জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়াদের একজন ঢাকার। আর নতুন ভর্তি রোগীদের মধ্যে ৯৪ জন ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। বাকি ২৬৮ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে।
এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছর (শনিবার সকাল পর্যন্ত) মারা গেছেন ১ হাজার ৬৫২ জন। এদের ৯৫৪ জন ঢাকার। অন্য জেলার রোগীদের মধ্যে মারা গেছেন ৬৯৮ জন।
এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৭৭৩ জন। তাদের মধ্যে ২ লাখ ৭ হাজার ৮৬১ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার। ঢাকায় এ সংখ্যা ১ লাখ ৮ হাজার ৯১২।
শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৪১২ জন ডেঙ্গু রোগী।
মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন, অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন এবং নভেম্বরে ৪০ হাজার ৭১৬ জন রোগী ভর্তি হয়েছে। ডিসেম্বরের প্রথম ৯ দিনে ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৮৮২।
মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুইজন, মে মাসে দুইজন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়।
ডিসেম্বরের প্রথম নয় দিনে ৩০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
