২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: ভর্তি ২৫৯৬, মৃত্যু ১১ জনের

সবমিলিয়ে এ বছর প্রাণ হারিয়েছে ১ হাজার ১৭ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 01:48 PM

Updated : 21 Oct 2023, 01:48 PM

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫৯৬ জন; এইডিস মশাবাহিত এ রোগে মৃত্যু হয়েছে আরও ১১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের নিয়ে এ বছর মোট ২ লাখ ৮ হাজার ৮৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ১৭ জনের।

ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর এই সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।

সোমবার সকাল পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে ৬০৭ জন ঢাকায় এবং ১৯৮৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ২৮৩ জন। তাদের মধ্যে ৩১২০ জন ঢাকায় এবং ৬১৬৩ জন ঢাকার বাইরে।

এ বছর বর্ষা মওসুমের আগেই শুরু হয়েছিল ডেঙ্গুর প্রকোপ। প্রতিটি মাস ধারাবাহিকভাবে আগের চেয়ে ভয়ঙ্কর রূপ পেয়েছে। জুনে যেভানে ৫ হাজার ৯৫৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, জুলাইয়ে তা বেড়ে হয় ৪৩ হাজার ৮৭৬ জনে। এরপর অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন হাসপাতালে ভর্তি হন। সেপ্টেম্বর সেই সংখ্যা ৭৯ হাজার ৫৯৮ জনে পৌঁছায়। অক্টোবরের দুই দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫ হাজার ৪৭৮ জন রোগী।

জুনে ৩৪ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে। এরপর জুলাইয়ে ২০৪ জন এবং অগাস্টে ৩৪২ জনের মৃত্যু হয়। আর সেপ্টেম্বরে ডেঙ্গুতে প্রাণ গেছে ৩৯৬ জনের। অক্টোবরের দুই দিনে আরও ২৮ জনের মৃত্যু দেখেছে বাংলাদেশ।

এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জনের মৃত্যু হয়েছিল। এর আগে ২০১৯ সালে সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ার বছর সরকারি হিসাবে ১৭৯ জনের মৃত্যু হয়েছিল।

(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)