গোপালগঞ্জে ভ্যাকসিন প্ল্যান্টে অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক
“আমরা যে টিকা তৈরি করতে চাচ্ছি, এই উদ্যোগকে উনারা (বিশ্ব ব্যাংক) স্বাগত জানিয়েছেন, আমাদেরকে এ বিষয়ে সাহায্য-সহযোগিতা করবেন। ইতোমধ্যে আমরা অর্থায়নের কমিটমেন্ট পেয়েছি,” বলেন মন্ত্রী।
টিকা উৎপাদনে গোপালগঞ্জে যে প্ল্যান্ট বাংলাদেশ সরকার স্থাপন করতে যাচ্ছে, সেখানে অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক।
সচিবালয়ে বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা এই অর্থায়নের কথা জানান।
বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিশ্ব ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশে এ সংস্থার কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। আগামী পাঁচ বছরের জন্য এ প্রকল্পে কীভাবে বিশ্ব ব্যাংক অর্থায়ন করবে, সে বিষয়ে আলোচনা হয়েছে।
“আমরা যে টিকা তৈরি করতে চাচ্ছি, এই উদ্যোগকে উনারা (বিশ্ব ব্যাংক) স্বাগত জানিয়েছেন, আমাদেরকে এ বিষয়ে সাহায্য-সহযোগিতা করবেন। ইতোমধ্যে আমরা অর্থায়নের কমিটমেন্ট পেয়েছি।”
তবে ভ্যাকসিন প্ল্যান্টে বিশ্ব ব্যাংক কীভাবে অর্থায়ন করবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি স্বাস্থ্যমন্ত্রী।
এক প্রশ্নে জাহিদ মালেক বলেন, “ভ্যাকসিন প্ল্যান্টের জন্য এডিবি থেকে ৩০০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেয়েছি। আরও লাগলে আরও চাইব। সরকারও এ বিষয়ে অর্থায়ন করবে। জমি কিনেছি, বাকি কাজ চলমান আছে। ডিডিপি তৈরি করেছি, এটি পাস করতে একনেকে নিয়ে যাব।”
গোপালগঞ্জে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনে প্রায় নয় একর জায়গা অধিগ্রহণ করেছে সরকার। সেখানে করোনাভাইরাসসহ প্রায় ১৩ রকমের টিকা তৈরির কথা রয়েছে।
দেশে টিকা উৎপাদনে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ডায়াডিক ইন্টারন্যাশনালের সঙ্গে সমঝোতা স্মারকও সই করেছে বাংলাদেশের এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “কোভিড মোকাবেলায় বাংলাদেশ খুব ভালো করেছে বলে বিশ্ব ব্যাংকের কর্মককর্তারা বলেছেন। আমরা যে স্বাস্থ্যসেবা দিয়েছি তারা তারও প্রশংসা করেছেন।
“উনারা বলেছেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করতে হবে, যাতে মা ও শিশু মৃত্যুর হার কমে। পুষ্টির বিষয়ে জোর দিতে বলেছেন। আরবার প্রাইমারি হেলথ কেয়ারের বিষয়ে জোর ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। কমিউনিটি ক্লিনিক গ্রাম-গঞ্জে সেবা দিয়ে থাকে, কিন্তু শহরে সেই সেবাটা নেই। এটা আমরাও তুলে ধরেছি, এখানে আমরা উন্নয়ন করতে চাই যাতে শহরবাসীও প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়, সেই ব্যবস্থা করা হবে।”
পৌরসভা, সিটি করপোরেশন শহরে প্রাথমিক সেবা দিয়ে থাকে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেখানেও বিশ্ব ব্যাংক আগামীতে আরও উন্নত সেবার ব্যবস্থা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
“বৈঠকে সংক্রমক ও অসংক্রমক বিভিন্ন রোগ নিয়ে আলোচনা হয়েছে। ডেঙ্গু বাড়ছে, এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে, উনারা সাহায্য-সহযোগিতা করবেন।”
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব রোহিঙ্গা বাংলাদেশে আছে, তাদের ছাড়াও স্থানীয়দের সাহায্য-সহযোগিতা করছে বিশ্ব ব্যাংক এবং সেটা তারা করে যাবে। সহায়তার পরিমাণ বাড়ানো হবে বলেও তারা প্রতিশ্রুতি দিয়েছেন।
ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশ্ব ব্যাংক ১০ কোটি ডলার দেবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মশা নিয়ন্ত্রণের দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, তাদেরকেই এ অর্থায়ন করা হবে।
এ বছর মোট ১ লাখ ৬ হাজার ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; মৃত্যু হয়েছে ৫০৬ জনের। ভর্তি এবং মৃত্যুর এই সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।
বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৮২৫ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ৩৫৮০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৪২৪৫ জন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মশা নিয়ন্ত্রণে আসেনি বিধায় এই ৫০০ লোক মৃত্যুবরণ করেছে। এক লাখ লোক আক্রান্ত হয়েছে। কাজেই এইডিস মশা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন, বিভিন্ন জায়গায় স্প্রে করা প্রয়োজন। সেই স্প্রেটা আরও জোরদার করতে হবে।
“সিটি করপোরেশন ও পৌরসভায় এই কাজকর্মটি আরও জোরদার করতে হবে, তারা যেন সঠিক ওষুধ ব্যবহার করে। ভেজাল ওষুধ যাতে ব্যবহার না করে।”
মন্ত্রী বলেন, “আমাদের দেশে ডেঙ্গু অনেক বৃদ্ধি পেয়েছে, আশেপাশের দেশে এত কিন্তু বাড়ে নাই। কাজেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, সেবা দিচ্ছে, সেবা নিয়ে মানুষ সন্তুষ্ট, কোনো কমপ্লেইন নেই।
“কিন্তু মশা না কমলে ডেঙ্গু রোগী কমবে না এবং মৃত্যু কমবে না। এজন্য যার যার দায়িত্ব সেই সেই পালন করে কাজ করলে ভালো হবে।”
