২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: মৃত্যুহীন দিনে শনাক্ত নেমেছে ৩৭ জনে  

গত ২৪ ঘণ্টায় ১৯৮ জন কোভিড রোগীর সেরে উঠেছেন।

কোভিড: মৃত্যুহীন দিনে শনাক্ত নেমেছে ৩৭ জনে  

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2022, 06:19 PM

Updated : 05 Nov 2022, 06:19 PM

দেশে গত একদিনে ৩৭ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন। গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯২ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ রোগী শনাক্ত করা হয়।

এর চেয়ে কম রোগী শনাক্তের খবর এর আগে এসেছিল গত ৫ জুন; সেদিন সারাদেশে ৩৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছিল।

শনিবার শনাক্তের হার কিছুটা কমে ১ দশমিক ৯৬ শতাংশ হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ৩ দশমিক ৮৫ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৫ হাজার ৭৮২ জন হয়েছে।

গত একদিনে কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪২৫ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯৮ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮২ হাজার ৩১২ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ৯৮ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬৩ কোটি ১৮ লাখ।