১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, পাঁচজনের দুজন চট্টগ্রাম বিভাগের; একজন করে মারা গেছে ঢাকা,ময়মনসিংহ ও বরিশাল বিভাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Oct 2026, 05:06 PM

Updated : 16 Oct 2026, 05:06 PM

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের; একজন করে আছেন ঢাকা,ময়মনসিংহ ও বরিশাল বিভাগের।

সরকারের হিসাবে, গত ১৫ মার্চ থেকে সাত মাসে সংক্রামক ব্যাধি ও এর উপসর্গ নিয়ে দেশে ১ হাজার ১৮৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয় ১ হাজার ৮২ জনের। বাকি ১০৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর যে হালনাগাদ প্রতিবেদন দিয়েছে, তাতে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৪ জনের হাসপাতালে ভর্তির কথাও বলা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৬১৫। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ২ জন।

হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৮৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৮৯ জন।

এছাড়া চট্টগ্রামে ৯৮, রাজশাহীতে ৯৩ , ময়মনসিংহে ৮৩, বরিশালে ৬৫, খুলনায় ৪৯ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।