২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৬৩৮ রোগী, মৃত্যু ১৩ জনের

সব মিলিয়ে এ বছর ১৩৯৩ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2023, 09:18 PM

Updated : 04 Nov 2023, 09:18 PM

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৩৮ জন। এ সময়ে মশাবাহিত এ রোগে প্রাণ গেছে ১৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৪৩০ জন ঢাকা মহানগরের,  বাকি ১২০৮ জন দেশের অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে।

নতুন রোগীদের নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৮০১ জন। তাদের মধ্যে ১ লাখ ৭১৭ জন ঢাকার এবং ১ লাখ ৭৭ হাজার ৮৪ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে ঢাকায়।  বাকি সাতজন মারা গেছে ঢাকার বাইরে।  সব মিলিয়ে এ বছর ১৩৯৩ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু।

শনিবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ছয় হাজার ৬৩৬ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছিল। তাদের মধ্যে ১৮৩৭  জন ঢাকায়, বাকি ৪ হাজার ৭৯৯ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছিলেন।

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার  ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন হাসপাতালে  ভর্তি হয়।

মাসওয়ারি মৃত্যু হয়েছে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন এবং অক্টোবরে ৩৫৯ জনের মৃত্যু হয়।