চিকিৎসা নিতে দেরি করায় ডেঙ্গুতে মৃত্যু বেশি: স্বাস্থ্যমন্ত্রী
“জ্বর হলেই ডেঙ্গু টেস্ট করে নেওয়া প্রয়োজন,” বলেন তিনি।
জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, চিকিৎসা নিতে দেরি করায় এ বছর আক্রান্তরা বেশি মারা যাচ্ছে। সোমবার চীনের সিনোভ্যাক্স ফাউন্ডেশন থেকে পাওয়া ডেঙ্গুর ২০ হাজার টেস্টিং কিট হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। ডেঙ্গুতে এবছর এ পর্যন্ত মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে, যা অন্য যে কোনো বছরের চেয়ে বেশি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “(চিকিৎসা নিতে) দেরি হলে পরে তখন তাদেরকে চিকিৎসা দিয়ে বাঁচানো খুব কঠিন হয়ে যায়। সেজন্য সময়মত চিকিৎসা নেওয়ার জন্য এবং হাসপাতালে আসার জন্য আমরা আহ্বান করছি। জ্বর হলেই ডেঙ্গু টেস্ট করে নেওয়া প্রয়োজন।”
এবার ডেঙ্গু জেলায় জেলায় ছড়িয়ে পড়ায় এইডিস মশা নিধনের কাজও সারাদেশে চালানোর উপর জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “প্রত্যেক জেলায় ডেঙ্গুর লার্ভা পাওয়া যাচ্ছে। মশা যে পর্যন্ত না কমবে, সে পর্যন্ত ডেঙ্গু রোগী কমবে না এবং মৃত্যুও কমবে না। মশা কমাতে হলে সকলে মিলে কাজ করতে হবে, আমরা সেই চেষ্টা করছি। সারা বছর এই কাজ করতে হবে।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
