১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

দুই জেলায় ছাত্রশিবিরের মামলা প্রত্যাহার হয়েছে, জামায়াতের হয়নি: সংসদে আসাদুজ্জামান

সারাদেশে বিচারকের ৩৯৪টি পদ শূন্য রয়েছে, বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 07:02 PM

Updated : 10 Nov 2026, 07:02 PM

নিয়ম মেনে আবেদন না করায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে জামায়াতে ইসলামীর কিছু ‘রাজনৈতিক মামলা’ প্রত্যাহার করা যায়নি বলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তবে একই অঞ্চলে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহারের আবেদন নির্ধারিত নিয়মে জমা দেওয়ায় সেগুলো প্রত্যাহার করা হয়েছে, বলেন তিনি।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি মো. কেরামত আলীর সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, “গত মিটিংয়ে, আমাদের মামলা প্রত্যাহার সংক্রান্ত একটি কমিটির মিটিংয়ে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী এলাকা থেকে অনেকগুলো মামলা এসেছিল।

“তার মধ্য থেকে ছাত্রশিবিরের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল, সে মামলাগুলো ফরমেট প্রপারলি করে তারা দিয়েছিলেন, সেগুলো প্রত্যাহার হয়েছে। কিন্তু জামায়াত যেগুলো পাঠিয়েছিলেন, সেগুলো ফরমেট প্রপার হয়নি। নট ইন ফর্ম হিসেবে ওগুলোকে রিটার্ন পাঠানো হয়েছে।”

জামায়াতের আবেদনগুলো ফেরত পাঠানোর পর বিষয়টি নিয়ে দলটির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ করেন আইনমন্ত্রী।

সে কথা তুলে ধরে তিনি বলেন, “আমি নিজে ব্যক্তিগতভাবে মিটিং থেকে বের হয়ে জামায়াতের সাধারণ সম্পাদককে, নায়েবে আমির জনাব গোলাম পরওয়ার সাহেবকে ফোন করে বলেছি, আপনার নেতাদেরকে, একটু ওই বেল্টের নেতাদেরকে বলেন, ফর্মে যেন এই প্রত্যাহারের দরখাস্তগুলো করেন। তাহলে আমরা পরবর্তী মিটিংয়ে এটা বিবেচনায় করব।”

অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলের জামায়াতে ইসলামীর নেতারা নির্ধারিত ফরমে নতুন করে আবেদন জমা দিলে সেগুলো মামলা প্রত্যাহারসংক্রান্ত কমিটির পরবর্তী বৈঠকে বিবেচনা করা হবে, বলেন আইনমন্ত্রী।

Image

সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জমান

‘সারাদেশে বিচারকের ৩৯৪ পদ শূন্য’

এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য কেরামত আলী চাঁপাইনবাবগঞ্জে বিচারক সংকটের কারণে মামলার সংখ্যা বাড়ার বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, “চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিচারক সংকটের কারণে বিচারাধীন মামলার সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ৪৩টি মামলা প্রত্যাহারের অপেক্ষায় রয়েছে। যার মধ্যে ২৯টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন।”

জেলায় চারটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদ এক বছর ধরে শূন্য রয়েছে, বলেন তিনি।

বিচারক সংকটের কারণে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে শূন্য পদে নিয়োগের দাবি জানান কেরামত আলী।

পাশাপাশি প্রত্যাহারের অপেক্ষায় থাকা ৪৩টি মামলাসহ বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে কি না, তা জানতে চান তিনি।

জবাবে আইনমন্ত্রী জানান, সারাদেশে বিচারকের ৩৯৪টি পদ শূন্য রয়েছে। বিভিন্ন জেলায় বিচারক সংকট দূর করতে সরকার পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, “বিভিন্ন জেলায় আমাদের জজের সংকট আছে, শূন্যতা আছে। আমরা এগুলো পূরণ করার জন্য যথাযথ পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করেছি। এবং আশা করি, এই শূন্যতা এবং সংকট দূর হবে।”