অক্টোবরে ডেঙ্গু কাড়ল ৩৫৯ প্রাণ
এ মাসে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭ হাজার ৭৬৯ জন।
ডেঙ্গুর ভয়াবহতার মধ্যে আগের মাসের তুলনায় কিছুটা প্রাণহানি কমেছে বিদায়ী অক্টোবরে। আর আক্রান্ত কমেছে অগাস্ট ও সেপ্টেম্বর মাসের নিরিখে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৮৭ জন; এ সময়ে এইডিস মশাবাহিত রোগটিতে মৃত্যু হয়েছে সাতজনের।
তাতে অক্টোবরে মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৯-এ, যেখানে সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ৩৯৬।
আর অক্টোবরজুড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৭৬৯ জন। এর আগের মাসে আক্রান্ত সংখ্যা ছিল ৭৯ হাজার ৫৯৮ জন, আর অগাস্টে এ সংখ্যা ছিল ৭১ হাজার ৯৭৬।
সবমিলিয়ে এ বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৭১ হাজার ১৭৫ জন। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৪৮ জনে। এর আগে ডেঙ্গুতে এতো আক্রান্ত বা মৃত্যু- কোনোটাই দেখেনি বাংলাদেশ।
ডেঙ্গুরি সাম্প্রতিক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যু-দুটোই এখন বেশি হচ্ছে ঢাকার বাইরে। সবশেষ একদিনে মৃত সাতজনের মধ্যে ছয়জনেরই মৃত্যু হয়েছে ঢাকার বাইরে। আর আক্রান্ত ১৭৮৭ জনের মধ্যে কেবল ৪১৩ জন ঢাকার।
মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৫২৭ জনের চিকিৎসা চলছিল, যাদের মধ্যে ৪ হাজার ৭৬৪ জনই ঢাকার বাইরের। বাকি ১ হাজার ৭৬৩ জনের চিকিৎসা চলছিল ঢাকা মহানগরে।
মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন ভর্তি হয়।
মাসওয়ারি মৃত্যু হয়েছে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বরে ৩৯৬ জন।
