প্রেসক্রিপশন পয়েন্ট বন্ধের ব্যাখ্যা দিল স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য মন্ত্রণালয়কে ‘ব্যবহার করে’ প্রেসক্রিপশন পয়েন্টে ‘দখল করার জন্য’ অভিযান চালিয়ে সেখানে তালা দেওয়া হয়েছে বলে অভিযোগ প্রতিষ্ঠানটির।
ঢাকার বনানীর বেসরকারি ক্লিনিক প্রেসক্রিপশন পয়েন্ট বন্ধ করে দেওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, প্রতিষ্ঠানটি মিথ্যা তথ্য দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমুহ) ডা. মো. হাবিবুল আহসান তালুকদারের পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়। তবে এ বিষয়ে প্রেসক্রিপশন পয়েন্টের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত ১৯ সেপ্টেম্বর অভিযান চালিয়ে বনানীর প্রেসক্রিপশন পয়েন্টের কার্যক্রম বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। পরে গত রোববার ঢাকা ক্রাইম রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ওই হাসপাতালের নির্বাহী পরিচালক খন্দকার আবুল খায়ের অভিযোগ করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে ‘ব্যবহার করে’ প্রেসক্রিপশন পয়েন্টে ‘দখল করার জন্য’ অভিযান চালিয়ে সেখানে তালা দেওয়া হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালকের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সারাদেশে অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবেই প্রেসক্রিপশন পয়েন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সেখানে বলা হয়, প্রেসক্রিপশন পয়েন্ট ডায়াগনোস্টিক সেন্টার অনুমতি ছাড়া রক্ত পরিসঞ্চালন কার্যক্রম চালাচ্ছিল। মানহীন ও মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার, পরীক্ষানিরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়া, মেডিকেল চেকআপ সেন্টারের লাইসেন্স না থাকার পরও বিদেশগামী যাত্রীদের পরীক্ষার সনদ দেওয়া, লাইসেন্স না নিয়ে জরুরি বিভাগের কার্যক্রম চালু রাখা এবং অদক্ষ জনবল দিয়ে ল্যাব পরিচালনার মাধ্যমে ভুল প্রতিবেদন দেওয়ারও অভিযোগ রয়েছে ওই ক্লিনিকের বিরুদ্ধে।
বিবৃতিতে বলা হয়, “প্রেসক্রিপশন পয়েন্ট কর্তৃপক্ষ আইনের ব্যত্যয় ঘটিয়ে বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কে আপত্তিকর, মানহানিকর বক্তব্য দিচ্ছেন। অবৈধ হাসপাতালের বিরুদ্ধে চলমান কার্যক্রমকে বাধাগ্রস্ত করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট বক্তব্য উপস্থাপন করে সরকারের ভাবমুর্তি ক্ষুণ্ন করছে।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
