১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ কোটি ডলার চুরি করেছে উত্তর কোরিয়ার হ্যাকাররা

সাইবার হামলাগুলোর এই ধারাবাহিকতা চুরির ঘটনা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকার দলের সঙ্গে যুক্ত বলে চিহ্নিত করেছে এফবিআই।

৪০ কোটি ডলার চুরি করেছে উত্তর কোরিয়ার হ্যাকাররা

এ প্রতারণার কাজে ব্যবহৃত উত্তর কোরিয়ার হ্যাকারদের ক্লাউড-ভিত্তিক অবকাঠামো অকার্যকর করেছে এফবিআই ও মার্কিন বিচার বিভাগ। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 12:07 PM

Updated : 15 Nov 2026, 12:07 PM

ভুয়া ভিডিও কলের রেকর্ড করা ভিডিও ব্যবহার করে প্রযুক্তি কর্মীদের লক্ষ্যবস্তু বানিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, গত ১৮ মাসে বড় ধরনের স্ক্যাম অপারেশনের মাধ্যমে তারা প্রায় ৪০ কোটি ডলার সমপরিমাণ ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে বলে শুক্রবার জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

বিবৃতিতে এফবিআই বলেছে, হ্যাকাররা ক্রিপ্টোকারেন্সি শিল্পের কোম্পানি ও ব্যক্তিদের লক্ষ্য করে সুপরিকল্পিতভাবে ‘সোশাল ইঞ্জিনিয়ারিং’ অভিযান চালিয়েছে।

মার্কিন কর্তৃপক্ষ বলেছে, হ্যাকাররা ‘ফেইসস্টিলার’ নামের এক কৌশল ব্যবহার করেছে, যেখানে জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মগুলোর ভুয়া সংস্করণ, গোপনে রেকর্ড করা ওয়েবক্যাম ভিডিও ও কম্পিউটার সিস্টেমে অবৈধ অনুপ্রবেশের মতো পদ্ধতিগুলো কাজে লাগানো হয়েছে।

এসব সাইবার হামলার ধারাবাহিকতা ও এর মাধ্যমে ৪০ কোটিরও বেশি ডলার চুরির ঘটনাটি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকার গোষ্ঠী ‘স্যাফায়ার স্লিট’-এর সঙ্গে যুক্ত বলে চিহ্নিত করেছে এফবিআই।

হ্যাকার দলটি কুখ্যাত ল্যাজারাস গ্রুপের একটি শাখা। হ্যাকাররা ‘ইউএনসি১০৬৯’, ‘স্টারডাস্ট চলিমা’, ‘এপিটি৩৮’ ও ‘ব্লুনোরফ’ নামেও পরিচিত।

এফবিআইয়ের সাইবার ডিভিশনের সহকারী পরিচালক ব্রেট লেদারম্যান বলেছেন, “এই কর্মকাণ্ডের পেছনে থাকা ব্যক্তিরা ‘স্যাফায়ার স্লিট’ ও অন্যান্য নামে পরিচিত।

এ দলের হ্যাকাররা উত্তর কোরিয়ার এমন এক বৃহত্তর প্রচেষ্টার অংশ, যার উদ্দেশ্য শাসক গোষ্ঠীর জন্য অর্থ সংগ্রহ, ভার্চুয়াল সম্পদ চুরি এবং বিভিন্ন নেটওয়ার্ক ও বিশ্বস্ত অনলাইন ইকোসিস্টেমে প্রবেশাধিকার লাভ করা।

“উত্তর কোরিয়ার হ্যাকাররা তাদের প্রচেষ্টাকে বিশ্বাসযোগ্য ও বড় পরিসরে রূপ দিতে সাইবার অনুপ্রবেশ, সোশাল ইঞ্জিনিয়ারিং ও ডিপফেইকের মতো উদীয়মান প্রযুক্তিগুলোকে একত্র করছে।”

এফবিআই বলেছে, হ্যাকাররা ‘ফেইসস্টিলার’ কৌশল ব্যবহার করে ওপেন সোর্স সফটওয়্যার ডেভেলপার ও মেইনটেইনারদের টার্গেট করছিল।

সফটওয়্যার সরবরাহ শৃঙ্খলকে ক্ষতিগ্রস্ত করার জন্য কর্মীদের ডিভাইসের নিয়ন্ত্রণ ও সফটওয়্যার রিপোজিটরি অ্যাকাউন্টের অ্যাক্সেস হাতিয়ে নিত এই প্রযুক্তি।

এফবিআইয়ের ব্যাখ্যা অনুসারে, ফেইসস্টিলার কৌশলে জুম, মাইক্রোসফট টিমস ও গুগল মিট-এর মতো জনপ্রিয় ভিডিও মিটিংয়ের ভুয়া সংস্করণগুলো ব্যবহার করা হয়, যা হ্যাকারদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে।

“আগের ভুক্তভোগীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া প্রকৃত যোগাযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে আমন্ত্রণ পাঠিয়ে লক্ষ্যবস্তু বা ভুক্তভোগীদের ভুয়া ভিডিও মিটিংয়ে প্রলুব্ধ করা হয়।

“টার্গেট করা কোনো ব্যক্তি যখন ভুয়া মিটিংয়ে যোগ দেন তখন হ্যাকাররা আগের শিকার হওয়া ব্যক্তিদের ওয়েবক্যামের আগে থেকে রেকর্ড করে রাখা ভিডিও চালিয়ে দেয়, যাতে মনে হয় ভুক্তভোগীর পরিচিত অংশগ্রহণকারীদের সঙ্গেই একটি সত্যিকারের ভিডিও কল চলছে।

“এ সময় হ্যাকাররা নতুন ভুক্তভোগীর ওয়েবক্যাম ভিডিওটিও রেকর্ড করে রাখে।”

সাক্ষাৎকার চলাকালীন হ্যাকাররা ভুক্তভোগীর সামনে কৃত্রিম প্রযুক্তিগত ত্রুটি তৈরি করে সমস্যাটি সমাধানের জন্য কিছু নির্দেশনা দেয়। সেই ‘সমাধান’ করতে গেলেই ভুক্তভোগীর কম্পিউটারে ম্যালওয়্যার ইনস্টলড হয়ে যায়।

ভুক্তভোগীর কম্পিউটারের নিয়ন্ত্রণ নেওয়ার পর হ্যাকাররা সেখানে থাকা যে কোনো ক্রিপ্টোকারেন্সি চুরি করে বা ভুক্তভোগীর মাধ্যমে কোম্পানির নেটওয়ার্ক বা ওপেন-সোর্স সফটওয়্যার রক্ষণাবেক্ষণকারীর অ্যাকাউন্টের মতো বাহ্যিক অবকাঠামোর প্রবেশাধিকার কাজে লাগায়।

সফটওয়্যার সরবরাহ চেইন ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে উত্তর কোরিয়ার হ্যাকাররা ব্যাপকভাবে সফটওয়্যার ত্রুটি বা বাগ ছড়িয়ে দিতে পারে, যা পরবর্তীতে লাখ লাখ ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীর ওপর প্রভাব ফেলার ঝুঁকি তৈরি করে।

এফবিআই বলেছে, অনেক ক্ষেত্রে হ্যাকাররা প্রাথমিক অনুপ্রবেশের পর ভুক্তভোগীর ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে অর্থের পরিমাণ বাড়ার অপেক্ষায় কয়েক মাস থেকে শুরু করে এক বছরেরও বেশি সময় ধরে ওঁৎ পেতে থাকে।

“নতুন ভুক্তভোগীর ব্যক্তিগত ও পেশাদার পরিচিত ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানাতে হ্যাকাররা ওই ভুক্তভোগীর কনটাক্ট লিস্ট, সামাজিক মাধ্যম, যোগাযোগের অ্যাপ ও ওয়েবক্যাম ভিডিওর নিয়ন্ত্রণও নিয়ে নেয়।”

এ প্রতারণার কাজে উত্তর কোরিয়ার হ্যাকারদের ব্যবহৃত ক্লাউড-ভিত্তিক অবকাঠামো অকার্যকর করেছে এফবিআই ও মার্কিন বিচার বিভাগ।

এখন পর্যন্ত বিশ্বজুড়ে ক্রিপ্টো ও ব্লকচেইন ইন্টারনেট খাতে কর্মরত ভুক্তভোগীদের এমন ৯০০টি ওয়েবক্যাম ভিডিও জব্দ করেছে এফবিআই।

যারা মনে করছেন তাদের অ্যাকাউন্ট এভাবে হামলার শিকার হতে পারে তাদেরকে সন্দেহভাজন হ্যাকারদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহৃত ডিভাইসটি বাদ দিয়ে অন্য কোনো ডিভাইসে নতুন ওয়ালেটে ক্রিপ্টোকারেন্সি সম্পদ সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে এফবিআই।

সংস্থাটি বলেছে, “ভিডিও চ্যাটে যোগ দেওয়ার সময় অ্যাপ্লিকেশনগুলোর ওয়েব সংস্করণে যোগ দেওয়ার লিংকে ক্লিক করার পরিবর্তে অফিশিয়াল ভিডিও চ্যাট অ্যাপ্লিকেশন ও ইনভাইট কোড ব্যবহার করুন, বিশেষ করে অপরিচিত বা নতুন কোনো পরিচিত ব্যক্তির আমন্ত্রণে সাড়া দেওয়ার ক্ষেত্রে এই সতর্কতা অবশ্যই মেনে চলা উচিত।”

এদিকে, বরাবরই এ ধরনের হ্যাকিং হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে উত্তর কোরিয়া।