২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে লাভবান তামাকপণ্য উৎপাদনকারীরা: প্রজ্ঞা

ধোঁয়াবিহীন তামাকপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা সম্প্রসারণের সুযোগ দিয়ে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট চূড়ান্ত করা হয়েছে বলে দাবি করেছে তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2018, 01:09 AM

Updated : 19 Aug 2022, 02:16 PM

বৃহস্পতিবার সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, প্রস্তাবিত বাজেটে ধোঁয়াবিহীন তামাকপণ্যে করারোপের ক্ষেত্রে প্রচলিত  ‘এক্স-ফ্যাক্টরি প্রাইস’ প্রথা বাতিল করে খুচরা মূল্যের উপর কর আরোপের প্রস্তাব করা হলেও চূড়ান্ত বাজেটে সেই অবস্থান থেকে সরে আসা হয়েছে।

“এতে এই খাত থেকে বিপুল পরিমাণ রাজস্ব হারাবে জাতীয় রাজস্ব বোর্ড এবং তামাক কোম্পানিগুলোর আয় বৃদ্ধি পাবে দ্বিগুণেরও বেশি।”

প্রস্তাবিত বাজেটে প্রতি ১০ গ্রাম জর্দা এবং গুলের খুচরা মূল্য ২৫ টাকা নির্ধারণ করে ৬৫% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “এর ফলে ২০১৭-১৮ অর্থবছরের তুলনায় এ খাত থেকে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পেত ১৬৮%।

“অথচ চূড়ান্ত বাজেটে খুচরা মূল্যের উপর করারোপের আধুনিক এবং সহজতম পদ্ধতি থেকে সরে এসে প্রতি ১০ গ্রাম জর্দা ও গুলের জন্য যথাক্রমে ১২ টাকা এবং ছয় টাকা ট্যারিফ ভ্যালু নির্ধারণ করে এর উপর ১০০% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।”

এর ফলে ধোঁয়াবিহীন তামাকপণ্যে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি প্রস্তাবিত বাজেটের তুলনায় প্রায় ৫৪% হ্রাস পাবে এবং একই পরিমাণ তামাক বিক্রয় করে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ১১৮% বেশি আয় করবে বলে দাবি করেছে তামাকবিরোধী সংগঠনটি। 

বিবৃতিতে উদাহরণ হিসেবে তুলে ধরে প্রজ্ঞা বলছে, “প্রস্তাবিত বাজেট অনুযায়ী ২৫ টাকা খুচরা মূল্যে ১০ গ্রাম জর্দা বিক্রয় করে উৎপাদনকারী কোম্পানিগুলো পেত ৫.২৪ টাকা। অথচ চূড়ান্ত বাজেট অনুযায়ী, একই পরিমাণ জর্দা বিক্রয় করে কোম্পানিগুলো এখন পাবে ১২ টাকা।”

“এই অস্বাভাবিক আয় বৃদ্ধির হার কিছুটা কমিয়ে হলেও তামাক কোম্পানিগুলো সস্তায় ভোক্তাদের হাতে তামাকপণ্য তুলে দিতে মরিয়া হবে “ আশঙ্কা প্রজ্ঞার।

জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি বলেছে, “ফলে ভোক্তা পর্যায়ে জর্দা ও গুলের ব্যবহার প্রত্যাশিত হারে হ্রাস পাবে না। পাশপাশি জনস্বাস্থ্য কাঙ্ক্ষিত মাত্রায় সুরক্ষা হবে না।”