২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকে কৃমিমুক্ত করতে বড় কর্মসূচির আহ্বান

বিশ্বের দেড়শ কোটি মানুষকে কৃমিমুক্ত করতে বড় ধরনের কর্মসূচি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 11:43 AM

Updated : 22 Aug 2022, 01:14 PM

তবে পুরো পৃথিবী থেকে কৃমি নির্মূল করতে গেলে এই পরজীবী প্রাণী ওষুধ-প্রতিরোধী হয়ে উঠতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে যেসব দেশে কৃমির প্রকোপ বেশি, সেখানে স্কুলগামী শিশুদের মধ্যে এ ধরনের কর্মসূচি চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এর আওতায় ২০১৩ সালে ঝুকিপূর্ণ দেশগুলোর ৩৬ কোটি ৮০ লাখ শিশুকে কৃমির ওষুধ দেওয়া হয়েছে, যা ঝুঁকিতে থাকা মোট শিশুর মাত্র ৪২ শতাংশ।  প্রতি বছর ঝুঁকিতে থাকা শিশুদের অন্তত ৭৫ শতাংশকে কৃমির ওষুধ দেওয়ার লক্ষ্য রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

মোটা দাগে পৃথিবীর এক চতুর্থাংশ মানুষ কৃমি সমস্যায় ভুগছেন।

দূষিত খাবার ও পানি গ্রহণ করলে, কৃমিতে আক্রান্ত ব্যক্তির মলের মাধ্যমে অথবা মাটি থেকে ত্বকের মধ্যে দিয়ে মানুষের দেহে প্রবেশ করে কৃমি।

এর মধ্যে বক্রকৃমি ডিম পাড়ে মাটিতে। ওই মাটির উপর খালি পায়ে কেউ হেঁটে গেলে ত্বকের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে কৃমির লার্ভা।

ছোট আকারের সংক্রমণে আক্রান্ত ব্যক্তি তেমন কোনো সমস্যা বোধ নাও করতে পারেন। তবে পেটের ভেতরে বংশবৃদ্ধি করে সংখ্যায় বেড়ে যাওয়ার পর এই কৃমির দল পোষক দেহের খাবার ও পুষ্টি শুষে নিয়ে আন্ত্রান্ত ব্যক্তিকে বড় ধরনের শারীরিক সমস্যায় ফেলতে পারে। আক্রান্ত ব্যক্তির মধ্যে অপুষ্টি, দুর্বলতা, ডায়রিয়া ও পেটে ব্যথার মত লক্ষণ দেখা যেতে পারে।

পানির মাধ্যমে শরীরে আসা চ্যাপ্টা কৃমি পিত্তথলি, কিডনি, লিভার ও প্লীহার বড় ধরনের ক্ষতি করতে পারে।

তবে সব ধরনের কৃমিই ওষুধে নিরাময়যোগ্য। স্বল্পমূল্যের এই ওষুধ বিশ্বব্যাপী বেশ সহজলভ্যও।

স্ট্যানফোর্ডের গবেষকরা আইভরি কোস্টের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে গবেষণা চালিয়ে কৃমির চিকিৎসায় মাথাপিছু খরচ এবং এর কার্যকারিতার  একটি তুলনামূলক ধারণা পাওয়ার চেষ্টা করেন। তাদের গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি চিকিৎসা সাময়িকী ল্যানসেটে প্রকাশিত হয়।

গবেষণায় তারা দেখতে পান, ওই সব অঞ্চলে কৃমি নির্মূলে বছরে জনপ্রতি খরচ হচ্ছে ১০৯ পাউন্ড।

এ গবেষক দলের প্রধান ড. জেসন এন্ড্রু বলেন, “আমাদের গবেষণার ফলাফল বলছে, এতোদিন আমরা যেভাবে কৃমির চিকিৎসা দিচ্ছি, তারচেয়ে আরও বড় পরিসরে কৃমি নির্মূলে কর্মসূচি নেওয়া সম্ভব।”

অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বর্তমান কৌশল বদলানোর কথা তারা আপাতত ভাবছে না।

এ সংস্থার একজন মুখপাত্র বলেন, “এতে করে এ পরজীবী ওষুধ প্রতিরোধী হয়ে উঠতে পারে, যেমনটা হয়েছিল গবাদিপশুর চিকিৎসার ক্ষেত্রে। বার বার একই ধরনের ভুল আমাদের এড়ানো উচিত।”