ডেঙ্গু: এক সপ্তাহে রোগী কমেছে, বেড়েছে মৃত্যু
গত এক দিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বাংলাদেশে গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এর আগের সপ্তাহের চেয়ে ৩৭ শতাংশ কমেছে; তবে মৃত্যু বেড়েছে ৭৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত সাত দিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৩ জন রোগী। এর আগে ৮ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ২৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। অর্থাৎ এক সপ্তাহে রোগী কমেছে ৩৭ দশমিক ৩৩ শতাংশ।
গেল সপ্তাহে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। তার আগের সপ্তাহে ৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই হিসাবে এক সপ্তাহে মৃত্যু বেড়েছে ৭৫ শতাংশ।
সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় চারজন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ২৬ জন ভর্তি হয়েছেন।
এ নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হলেন। তাদের মধ্যে ঢাকায় ৩১০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৫৭৩ জন। রোববার সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন ১৫১ জন রোগী।
গত এক দিনে ডেঙ্গুতে কারো মৃত্যুর খবর আসেনি। এ বছরের প্রথম ২২ দিনে সারাদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে মশাবাহিত এ রোগে।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে। এর মধ্যে ২০২৩ সালেই সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যু হয় গত বছরই।
