১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হলিউডের ধর্মঘটে ছেলেকে নিয়ে ‘হ্যারি পটার’

পিতৃত্বকালীন অভিজ্ঞতাকে ‘অনবদ্য’ বলে বর্ণনা করেছেন র‌্যাডক্লিফ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 11:23 AM

Updated : 24 Jul 2023, 11:23 AM

তিন মাসের পুত্রকে কোলে নিয়ে হলিউডের লেখক ও অভিনয় শিল্পীদের ধর্মঘটে যোগ দিয়েছেন ‘হ্যারি পটার’ তারকা ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ। সঙ্গে ছিলেন প্রেমিকা ও তার সন্তানের মা এরিন ডার্ক।

নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, র‌্যাডক্লিফ ও ডার্ক রোববার নিউ ইয়র্কে ধর্মঘটে থাকা আন্দোলনকারীদের সঙ্গে শামিল হন। সে সময় র‌্যাডক্লিফ তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে ছিলেন, আর ডার্কের হাতে ছিল প্ল্যাকার্ড।

হলিউডের এই ধর্মঘটে নিজেদের সমর্থন জানিয়েছেন টম ক্রুজ, রবার্ট ডাউনি জুনিয়র, কিলিয়ান মার্ফি, এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পিউয়ের মত তারকারা।

নিউ ইয়র্ক পোস্টের কাছে পিতৃত্বকালীন অভিজ্ঞতাকে ‘অনবদ্য’ বলে বর্ণনা করেছেন র‌্যাডক্লিফ।

এই অভিনেতার ভাষ্য, গত তিন মাসে তিনি কেবল শিশুকণ্ঠের চিৎকার শুনেছেন। তবে এখন চিৎকার কমে মিষ্টি হাসিতে এসে দাঁড়িয়েছে।

“উন্মত্ত কয়েকটা মাস কেটেছে। যারা পিতৃত্বের মধ্য দিয়ে গেছেন, তারা ভালো বুঝতে পারবেন। তবে সত্যি জীবনের সেরা সময় যাচ্ছে। ছেলের সঙ্গে সময় কাটাতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি, সত্যিই অসাধারণ।”

২০১৩ সালে ‘কিল ইওর ডার্লিংস’ সিনেমায় প্রথম একসঙ্গে কাজ করেন র‌্যাডক্লিফ ও ডার্ক। সেখানেই প্রেমে বাঁধা পড়েন দুজন। সেই সিনেমায় আমেরিকান কবি অ্যালেন গিন্সবার্গের ভূমিকায় অভিনয় করেছিলেন র‌্যাডক্লিফ। ডার্ককে দেখা গিয়েছিল গোয়েনডোলিনের চরিত্রে।

২০০১ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ এ নাম ভূমিকায় অনবদ্য অভিনয় করে মাত্র ১২ বছর বয়সে খ্যাতির শিখরে পৌঁছে যান র‌্যাডক্লিফ। সে সময় সিনেমাটির জাদুনির্ভর কল্পকাহিনী শিশু কিশোরদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পায়।

ধর্মঘটে কারা, কী তাদের দাবি

অভিনয় শিল্পী ও কলাকুশলীদের সংঘ ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যান্ড দি আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস’ (এসএজি-এএফটিআরএ) এবং যুক্তরাষ্ট্রের ফিল্ম ও টেলিভিশন লেখকদের সংঘ ‘দ্য রাইটার্স গিল্ড অব আমেরিকা’র (ডব্লিউজিএ) এই যৌথ ধর্মঘট ১০ দিন পেরিয়েছে।

মে মাস থেকে আন্দোলনে থাকা ‘ডব্লিউজিএ’ প্রায় সাড়ে ১১ হাজার সদস্যের সঙ্গে এই কদিন ধরে ১ লাখ ৬০ হাজারের বেশি অভিনয় শিল্পী ও কলাকুশলীরা কর্মবিরতিতে আছেন।

এই আন্দোলনে ‘এসএজি-এএফটিআরএ’ এবং ‘ডব্লিউজিএ’র বিরুদ্ধ পক্ষ হল ‘দ্য অ্যালায়েন্স অব মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস’ (এএমপিটিপি)।

‘এএমপিটিপি’ বর্তমানে প্রধান স্ট্রিমিং স্টুডিও কোম্পানি যেমন- ওয়াল্ট ডিজনি, প্যারামাউন্ট এবং আমেরিকান টেলিভিশন নেটওয়ার্ক ফক্স, এনবিসি, নেটফ্লিক্স ও অ্যামাজনের মতো স্ট্রিমিং জায়ান্টগুলোর প্রতিনিধিত্ব করে।

গত ১০ দিন ধরেআন্দোলনকারী ও তাদের সমর্থকরা লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরে, প্রধান প্রধান স্টুডিও এবং স্ট্রিমিং কোম্পানি- নেটফিক্স, প্যারামাউন্ট পিকচার্স, এনবিসি, ওয়ার্নার ব্রাদার্স ও ওয়াল্ট ডিজনির অফিসের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করে আসছেন।

লেখক-শিল্পীদের অভিযোগ, তাদের পারিশ্রমিক কমেছে এবং কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কর্মক্ষেত্রে হুমকি তৈরি করেছে। এছাড়া কাজের ‘ভালো’ পরিবেশও চান তারা।

এআইকে ‘সৃজনশীল পেশার অস্তিত্বের জন্য হুমকি’ হিসেবে বর্ণনা করে এর ভবিষ্যৎ প্রভাব সম্পর্কে সতর্ক করেছে অভিনয় শিল্পীদের সংগঠনটি।

তাদের দাবি, স্ট্রিমিং কোম্পানি এবং স্টুডিওগুলো পারিশ্রমিকের বিষয়ে আরও উদার হোক। এছাড়া বর্ধিত রয়্যালিটি এবং পেনশন ও স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য আার্থিক সুবিধা দিক।

আর লেখকদের অভিযোগ, এআই ডেভেলপাররা লেখকদের অনুমতি ছাড়াই তাদের কাজ ব্যবহার করছে এবং কপিরাইট লঙ্ঘন করছে। এটা বন্ধ করতে সুরক্ষামূলক ব্যবস্থা চান তারা।

কনটেন্ট তৈরিতে কোথায় কোথায় এআই ব্যবহার করা হল, সেটা স্পষ্ট করা হচ্ছে না, এটাও একটি অভিযোগ। এআই এর করা খসড়া স্ক্রিপ্ট লেখকদের পুনর্লিখন করতে বলা হবে না, সেই নিশ্চয়তাও চাইছেন তারা।

অন্যদিকে দ্য অ্যালায়েন্স অব মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস’ (এএমপিটিপি) এর প্রযোজকরা বলছেন, ‘এসএজি-এএফটিআরএ' এর ধর্মঘট চালিয়ে নেওয়ার সিদ্ধান্তে তারা হতাশ।

পুরনো খবর

পুরানো খবর:

বাবা হলেন ‘হ্যারি পটার’

পুরানো খবর:

হলিউডে ধর্মঘট: বিক্ষোভকারীদের মাথার ওপর থেকে ‘ছায়া’ সরাচ্ছে এনবিসি

পুরানো খবর:

হলিউডে ধর্মঘটের নেপথ্যে কী?

পুরানো খবর:

ধর্মঘটে হলিউডের অভিনয় শিল্পীরা

পুরানো খবর:

হলিউডে ধর্মঘটে আটকে যাচ্ছে অনেক সিনেমা

পুরানো খবর:

হলিউডে লেখক ধর্মঘট

পুরানো খবর:

স্থবির হলিউড, ধর্মঘটে বছর ‘গড়ানোর’ হুমকি অভিনয় শিল্পীদের

পুরানো খবর:

ব্ল্যাক মিররের গল্প, যা এআই নিয়ে বাড়াচ্ছে উদ্বেগ