২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি ভেজা দিনে শান্তর পঞ্চাশে বাংলাদেশের শতরানের লিড

বৃষ্টি ও আলোকস্বল্পতায় ভেসে গেল তৃতীয় দিনের অর্ধকে সময়ের খেলা।

22 Apr 2025, 05:20 PM

বুধবার ১৫ মিনিট আগে খেলা শুরু

তৃতীয় দিনের অর্ধেক সময়ের খেলা ভেসে যাওয়ায় চতুর্থ দিন বুধবার খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে, সকাল পৌনে ১০টায়।   

22 Apr 2025, 05:11 PM

৬ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের ১১২ রানের লিড

থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। আরও একবার দ্রুত ফিরলেন মুশফিকুর রহিম। তাদের হতাশার দিনে বাংলাদেশকে টানলেন নাজমুল হোসেন শান্ত। বৃষ্টি বিঘ্নিত দিনে দলকে শতরানের লিড এনে দিলেন অধিনায়ক।

তৃতীয় দিনের খেলা শেষে ৫৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৯৪। স্বাগতিকরা এখন ১১২ রানে এগিয়ে।

১০৩ বলে ৭ চারে ৬০ রানে খেলছেন শান্ত। ৬০ বলে ৩ চারে ৬০ রান করেছেন জাকের আলি। তাদের জুটিতে এখন পর্যন্ত এসেছে ৩৯ রান।

বৃষ্টির জন‍্য প্রথম তিন ঘণ্টায় কোনো বল গড়ায়নি মাঠে। পরে আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হয় আগেভাগেই। সব মিলিয়ে তৃতীয় দিনের অর্ধেক সময়ে খেলাই সম্ভব হয়নি, বাকি সময়ে ৪৪ ওভারে ১৩৭ রান যোগ করেছে বাংলাদেশ।

দুই দিন মিলিয়ে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সফলতম বোলার ব্লেসিং মুজারাবানি। অন‍্য উইকেটটি নিয়েছেন ভিক্টর নিয়াউচি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১৯১

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৩

বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ৫৭/১) (জয় ৩৩, মুমিনুল ৪৭, শান্ত ৬০*, মুমিনুল ৪৭, মুশফিক ৪, জাকের ২১*; নিয়াউচি ১৩-৪-২৮-১, মুজারাবানি ১৫-৫-৫১-৩, এনগারাভা ১৩-০-৫৫-০, মাধেভেরে ৮-১-৩২-০, মাসাকাদজা ৮-৩-১৩-০)

22 Apr 2025, 04:51 PM

আলোকস্বল্পতায় খেলা বন্ধ

লম্বা সময় ধরেই খেলা হচ্ছে ফ্লাডলাইট জ্বালিয়ে। প্রাকৃতিক আলো ক্রমেই কমতে থাকায় মিটারে চোখ রাখছিলেন আম্পায়াররা। শেষ পর্যন্ত খেলা বন্ধ করে বাধ‍্য হলেন তারা।

৫৭ ওভারে ৪ উইকেটে ১৯৪ রান করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের চেয়ে তারা এখন ১১২ রানে এগিয়ে।

১০৩ বলে ৭ চারে ৬০ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত। ৩ চারে ৬০ বলে জাকের আলির রান ২১। ৯২ বলে তাদের জুটিতে এসেছে ৩৯ রান।

22 Apr 2025, 04:06 PM

৮৪ বলে শান্তর পঞ্চাশ

ক্রিজে গিয়ে বোলারদের উপর চড়াও হয়েছিল নাজমুল হোসেন শান্ত। ২৬ রানে সুযোগও দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে জীবন পাওয়ার পর থেকে খেলছেন আস্থার সঙ্গে, দলকে টানছেন দায়িত্বশীল ব‍্যাটিংয়ে।

এক প্রান্ত আগলে রেখে ৮৪ বলে পঞ্চাশ ছুঁয়েছেন শান্ত, ওয়েলিংটন মাসাকাদজাকে চার মেরে।

৪৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৮১। ৮৮ বলে ৫৩ রানে খেলছেন শান্ত। ১৫ বলে জাকের আলির রান ১৬।

22 Apr 2025, 03:30 PM

ফের ব‍্যর্থ মুশফিক

চা-বিরতির আগে শেষ ওভারে ফিরে গেলেন বাংলাদেশ সফলতম টেস্ট ব‍্যাটসম‍্যান মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসেও তার ব‍্যর্থতায় চাপে পড়ে গেল বাংলাদেশ।

ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে বসেন মুশফিক। প্রথম স্লিপে সহজ ক‍্যাচ নেন ক্রেইগ আরভাইন।

২০ বলে ৪ রান করে ফেরেন মুশফিক।

চা-বিরতির সময় বাংলাদেশের রান ৪ উইকেটে ১৫৫ রান। ৭১ বলে ছয় চারে ৪৪ রানে ব‍্যাট করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ এখন ৭৩ রানে এগিয়ে। জিম্বাবুয়েকে বড় লক্ষ‍্য দেওয়ার পথ ক্রমেই আরও কঠিন হয়ে উঠছে স্বাগতিকদের জন‍্য।

22 Apr 2025, 03:04 PM

শান্তর হেলমেটে বলের আঘাত

ব্লেসিং মুজারাবানির বাউন্সার থেকে চোখ সরিয়ে নিলেন নাজমুল হোসেন শান্ত। বল আঘাত হানল হেলমেটে। ফিজিও এসে পরীক্ষা করার পর ফের ব‍্যাটিং শুরু করলেন বাংলাদেশ অধিনায়ক।

এক বল পরেই ফিরতে পারতেন শান্ত। অফ স্টাম্পের বাইরের বল তাড়ায় দ্বিতীয় স্লিপের পাশ দিয়ে বল যায় বাউন্ডারি। তৃতীয় স্লিপ থাকলে অনায়াসে হতে পারত ক‍্যাচ।

ওভারের শেষ বলে একটুর জন‍্য শর্ট লেগে যায়নি ক‍্যাচ! ফের কোনোমতে বেঁচে গেলেন শান্ত।

৩৮ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৫০। ৬৩ বলে ৪১ রানে খেলছেন শান্ত। ৬ বলে মুশফিকুর রহিমের রান ২।

বাংলাদেশ এখন ৬৮ রানে এগিয়ে।

22 Apr 2025, 02:53 PM

৪৭ রানে থামলেন মুমিনুল

ব‍্যাটসম‍্যানদের বেশ ভোগাচ্ছে ভিক্তর নিয়াউচির সুইং। দুই ব‍্যাটসম‍্যান কয়েকবার অল্পের জন‍্য বেঁচে গেলেও এবার পারলেন না মুমিনুল হক। ক‍্যাচ দিলেন নিয়াশা মায়াভোর গ্লাভসে।

অফ স্টাম্পের বাইরের শর্ট বল ঠিকঠাক খেলতে পারেননি মুমিনুল। ব‍্যাটের শোল্ডারে লেগে ক‍্যাচ যায় উইকেটরক্ষক মায়াভোর কাছে। ভাঙে ৯১ বল স্থায়ী ৬৫ রানের জুটি।

৮৪ বলে ছয় চারে মুমিনুল করেন ৪৭ রান।

৩৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৩৮। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী মুশফিকুর রহিম।

22 Apr 2025, 02:32 PM

শান্ত-মুমিনুলের জুটিতে ৫৯ বলে পঞ্চাশ

ক্রিজে যাওয়ার পর থেকে দ্রুত রান করছেন নাজমুল হোসেন শান্ত। অন‍্য প্রান্তে দায়িত্বশীল ব‍্যাটিং করছেন মুমিনুল হক। দুই বাঁহাতি ব‍্যাটসম‍্যানের জুটিতে পঞ্চাশ এসেছে ৫৯ বলে।

এতে অগ্রণী শান্ত, অধিনায়কের ব‍্যাট থেকে এসেছে ৩১ রান, মুমিনুলের অবদান ১৬। বাকি ৫ রান এসেছে অতিরিক্ত থেকে।

৩০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১২৯। ৩৫ বলে ৩১ রানে খেলছেন শান্ত। ৭০ বলে ৪২ রানে ব‍্যাট করছেন মুমিনুল।

বাংলাদেশ এখন ৪৭ রানে এগিয়ে।

22 Apr 2025, 02:25 PM

প্রথম ঘণ্টায় ১ উইকেটে ৬১

মাহমুদুল হাসান জয়ের উইকেট হারালেও প্রথম ঘণ্টায় দ্রুত গতিতে রান করতে পেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের ঘাটতি ছাপিয়ে নিয়েছে লিড।

১৬ ওভারে ৬১ রান যোগ করতে একটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম ঘণ্টা শেষে স্বাগতিকদের রান ২ উইকেটে ১১৮।

৬৬ বলে ৩২ রানে খেলছেন মুমিনুল হক। ওয়ানডে ঘরানার ব‍্যাটিংয়ে ৩৩ বলে শান্তর রান ৩০।

22 Apr 2025, 02:07 PM

জীবন পেলেন শান্ত

আরও একটি ক্যাচ ছেড়ে দিলেন নিয়াশা মায়াভো। ওয়েসলি মাধভেরের অফ স্টাম্পের বাইরে বল খোঁচা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। উইকেটের পেছনে সহজ ক্যাচ নিতে পারেননি মায়াভো। ২৬ রানে বেঁচে যান বাংলাদেশ অধিনায়ক।

এর আগে দ্বিতীয় মাহমুদুল হাসানের সহজ ক‍্যাচ ছেড়েছিলেন মায়াভো।

২৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৯ রান। শান্ত ২৫ বলে ২৭ ও মুমিনুল ৫৪ বলে ২৬ রানে অপরাজিত। বাংলাদেশের লিড ২৭ রানের।

22 Apr 2025, 01:56 PM

২৪ ওভারে বাংলাদেশের একশ

আগুনের জবাব আগুন দিয়ে দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের পাল্টা আক্রমণে দ্রুত বাড়ছে রান। ২৪ ওভারে তিন অঙ্ক ছুঁয়েছে বাংলাদেশের রান।

ব্লেসিং মুজারাবানির দ্বিতীয় বলে বাউন্ডারি মারেন শান্ত। এক বল পর ইনসাইড আউট খেলার চেষ্টায় পুরোপুরি সফল হননি তিনি। তবে ভাগ‍্য ভালো ছিল, মিড অফ ফিল্ডারের মাথার উপর দিয়ে যায় বল।

দৌড়ে ২ রান নেন দুই ব‍্যাটসম‍্যান। বাংলাদেশের রান স্পর্শ করে তিন অঙ্ক।

২৪ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১০০। দুই ব‍্যাটসম‍্যানই খেলছেন ২২ রানে। শান্তর লেগেছে কেবল ১৭ বল, মুমিনুল হকের ৫২।

22 Apr 2025, 01:52 PM

বাংলাদেশের লিড

রিচার্ড এনগারাভার তিন বলে তিনটি বাউন্ডারি মারলেন নাজমুল হোসেন শান্ত, মাঝে ওয়াইড-বাউন্ডারি থেকে এলো ৫ রান। লিড নিল বাংলাদেশ।

২৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৯৪। স্বাগতিকরা এখন ১২ রানে এগিয়ে।

৫২ বলে ২২ রানে খেলছেন মুমিনুল হক। এসেই বোলারদের উপর চড়াও হওয়া শান্ত ১১ বলে করেছেন ১৬।  

22 Apr 2025, 01:41 PM

শর্ট বলে ফিরলেন জয়

একের পর এক বাউন্সার দিয়ে যাচ্ছিলেন জিম্বাবুয়ের পেসাররা। সেগুলো কোনো না কোনোভাবে সামাল দিচ্ছিলেন দুই ব‍্যাটসম‍্যান। তবে শেষ পর্যন্ত সেই শর্ট বলেই পরাস্ত হলেন মাহমুদুল হাসান জয়।

অফ স্টাম্প ঘেঁষে করা ব্লেসিং মুজারাবানির শর্ট বলের লাইন থেকে সরতে পারেননি জয়। অনেক উঁচুতে খেলার চেষ্টায় খুব একটা সফল হননি তিনি। গ্লাভস ছুঁয়ে জমা পড়ে প্রথম স্লিপে, ক্রেইগ আরভাইনের হাতে। ভাঙে ৯৭ বল স্থায়ী ৬০ রানের জুটি।

৬৫ বলে ছয় চারে ৩৩ রান করেন জয়।

২০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৭৪। এখনও ৮ রানে পিছিয়ে স্বাগতিকরা। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

22 Apr 2025, 01:23 PM

জয়-মুমিনুলের জুটিতে পঞ্চাশ

সাদমান ইসলামের দ্রুত বিদায়ের পর দলকে টানছেন মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় উইকেটে তারা গড়েছেন ৫০ রানের জুটি, ৭৮ বলে।

তৃতীয় দিনের শুরুতে বেশ সাবধানী দুই ব‍্যাটসম‍্যান। বাড়তি বাউন্স কিছুটা ভোগাচ্ছে তাদের। তবে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞতায় কঠিন সময় পার করে দিচ্ছেন কারা।

১৭ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৬৫। ৫৪ বলে ৩৩ রানে খেলছেন জয়। ৩৮ বলে জয়ের রান ১৮।

22 Apr 2025, 01:08 PM

তিন ঘণ্টা দেরিতে খেলা শুরু

নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা পর শুরু হলো খেলা। ১৩ ওভারে ১ উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করল বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ৪২ বলে ২৮ ও মুমিনুল হক ২৬ বলে ১৫ রানে দিনের খেলা শুরু করেছেন।

22 Apr 2025, 12:11 PM

দুপুর ১টায় শুরু খেলা

বৃষ্টির বাগড়ায় হারিয়ে গেল প্রথম সেশনের খেলা। দুপুর ১টা থেকে শুরু হবে দ্বিতীয় সেশনের খেলা। পরে ৩টা ২০ মিনিটে নেওয়া হবে চা বিরতি। 

২০ মিনিট বিরতি দিয়ে ৩টা ৪০ মিনিটে শুরু হবে তৃতীয় সেশনের খেলা। বিকেল ৬টা পর্যন্ত চলবে তৃতীয় দিনের খেলা।

22 Apr 2025, 11:59 AM

রোদ উঠেছে, মাঠে আম্পায়াররা

দিনে প্রথমবারের মতো দেখা মিলল সূর্যের। ক্রমেই বাড়ছে রোদের তেজ। পুরো দমে চলছে মাঠ শুকানোর কাজ। এরই মধ্যে অনানুষ্ঠানিক মাঠ পরিদর্শনে নেমে গেছেন আম্পায়ররা।

22 Apr 2025, 11:35 AM

থেমেছে বৃষ্টি, মাঠ শুকানোর কাজ শুরু

প্রায় দেড় ঘণ্টা টানা গুঁড়িগুঁড়ি বৃষ্টির পর এখন থেমেছে। মাঠ শুকানোর কাজ শুরু করেছেন মাঠকর্মীরা। পিচের ওপরে দেওয়া কাভারে পানি জমেছে। সেসব সরিয়ে খেলার জন্য মাঠ প্রস্তুত করতে কিছুটা সময় লাগবে।

22 Apr 2025, 11:08 AM

ভেসে গেল প্রথম ঘণ্টা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবহাওয়া পরিস্থিতির কোনো উন্নতি নেই। সকালের মতোই এখনও চলছে বৃষ্টি। তবে মাত্রা কমেছে কিছুটা। 

উইকেট ও এর আশপাশের জায়গা কভার দিয়ে ঢাকা। টানা বৃষ্টি চলতে থাকায় এখন পর্যন্ত মাঠ শুকানোর কোনো কাজ শুরু করতে পারেননি মাঠকর্মীরা। 

খেলা শুরুর আশায় নির্ধারিত সময়ে মাঠে চলে এসেছিলেন দুই দলের ক্রিকেটাররা। আপাতত ড্রেসিং রুমে অলস সময় কাটছে তাদের।

22 Apr 2025, 10:08 AM

দিনের শুরুতে বৃষ্টির বাগড়া

সিলেটে সারা রাতই ঝরেছে বৃষ্টি। সকালে ঘণ্টাখানেকের জন্য বন্ধ হলেও সাড়ে ৯টার পর আবার নেমেছে বৃষ্টি। স্বাভাবিকভাবে কাভার দিয়ে ঢাকা রয়েছে মাঠ। 

আবহাওয়ার পূর্বাভাসে দুপুর পর্যন্ত বৃষ্টির কথা বলা আছে। তাই প্রথম সেশনে খেলা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

22 Apr 2025, 09:45 AM

বড় লক্ষ‍্য দেওয়ার আশায় বাংলাদেশ

তৃতীয় দিনের খেলা শুরুর সময় ৯ উইকেট হাতে নিয়ে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ। কাগজে-কলমে লড়াইয়ে পিছিয়ে বাংলাদেশ,  তবে মেহেদী হাসান মিরাজ মনে করছেন, ম‍্যাচ তাদেরই নিয়ন্ত্রণে। অন‍্য দিকে জিম্বাবুয়ে দেখছে, ফের সিলেটে বাংলাদেশের বিপক্ষে জয়ের দারুণ সম্ভাবনা। 

তৃতীয় দিনের খেলায় স্পষ্ট হতে পারে সিলেট টেস্টের গতিপথ। ১ উইকেটে ৫৭ রান নিয়ে মঙ্গলবার খেলা শুরু করবে বাংলাদেশ। দুইবার বেঁচে গেয়ে ৪২ বলে ২৮ রানে ব‍্যাট করছেন মাহমুদুল হাসান জয়। ২৬ বলে ১৫ রানে ব‍্যাট করছেন মুমিনুল হক।     

চতুর্থ ইনিংসে জিম্বাবুয়েকে ৩০০ রানের লক্ষ‍্য দিতে চায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮২ রানে পিছিয়ে থাকায় বড় সংগ্রহই গড়তে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। 

দ্বিতীয় দিন শেষে নিজেদের একটু এগিয়ে রাখছেন জিম্বাবুয়ে ওপেনার ব্রায়ান বেনেট।

“গত দিন বাংলাদেশকে ১৯১ রানে অলআউট করে শেষ দিকের ব্যাটিং পারফরম্যান্সের পর, আমার মনে হচ্ছে ম্যাচটি এখন ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে। আমার মতে, আজকে শেষ দিকে উইকেটটি নিয়ে আমরা কিছুটা এগিয়ে আছি।”

“কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সকালে তাদের ওপর চড়াও হতে হবে। আশা করি, চতুর্থ ইনিংসে ওরা খুব বড় লিড পেয়ে যাবে না।”

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):

বাংলাদেশ ১ম ইনিংস: ১৯১

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৩

বাংলাদেশ ২য় ইনিংস: ১৩ ওভারে ৫৭/১ (সাদমান ৪, জয় ২৮*, মুমিনুল ১৫*; নিয়াউচি ৫-২-১১-০, মুজারাবানি ৪-০-২১-১, এনগারাভা ৪-০-২০-০)