২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তবে কি কলকাতায় চঞ্চলের আরও একটি?

প্রসূন জানিয়েছেন আগামীতে একটি কাজের জন্য প্রাথমিক আলাপ তিনি সেরেছেন চঞ্চলের সঙ্গে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2023, 04:48 PM

Updated : 05 Jul 2023, 10:24 AM

ফেইসবুকে বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী এবং কলকাতার তরুণ নির্মাতা প্রসূন চট্টোপাধ্যায়ের যুগল ছবি কেবল একটি ছবি নয়, যা তুলেছে শোরগোল এবং তৈরি করেছে কৌতূহল।

শেষমেশ আনন্দবাজারকে প্রসূন জানিয়েছেন, আগামীতে একটি কাজের জন্য প্রাথমিক আলাপ তিনি সেরেছেন চঞ্চলের সঙ্গে।

যদিও এ বিষয়ে চঞ্চলের তরফে কোনো বক্তব্য জানা যায়নি।

সোমবার প্রসূন তার ফেইসবুকে দুজনের হাসিমুখের পাশাপাশি বসা একটি ছবি পোস্ট করলে হইচই পড়ে যায়। ওই ছবির ক্যাপশন হল, “এবার তাহলে এক নতুন পদ রান্না করা যাক!”

তাতে বহুজনের মন্তব্য হল, তবে কি সৃজিতের পর প্রসূনের সঙ্গে কাজ করবেন চঞ্চল?  এই ধরনের প্রশ্নে ওই ছবির কমেন্ট বক্স ভেসে গেছে।

পরে আনন্দবাজার যোগাযোগ করলে নিউ ইয়র্ক থেকে ফোনে প্রসূন বলেন, “এখনও কিছু চূড়ান্ত হয়নি, তবে প্রাথমিক স্তরে যে দু’জনের এক প্রস্থ কথাবার্তা হয়েছে”।

বর্তমানে চঞ্চল এবং প্রসূন দুজনেই যুক্তরাষ্ট্রে আছেন। সেখানে নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স’- এনএবিসিতে  যোগ দিয়েছেন তারা।

২০২১ সালে মুক্তি পাওয়া প্রসূনের ‘দোস্তজী’ সিনেমা জনপ্রিয়তা পায়। আর ক্যারিয়ারের ২৭ বছর পাড়ি দেওয়া চঞ্চল চৌধুরী মঞ্চ-টেলিভিশন ও সিনেমা জগতের একজন জনপ্রিয় অভিনেতা।

বাংলাদেশের কয়েকটি সিনেমার পর নির্মাতা সৃজিত মুখার্জির হাত ধরে চঞ্চলের কলকাতায় বড় পর্দায় কাজ শুরু হয়েছে চলতি বছরেই। ভারতীয় বাংলা সিনেমায় প্রয়াত চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ এ কাজ করছেন চঞ্চল। ওই সিনেমায় মৃণাল হয়ে পর্দায় আসবেন তিনি।  

পুরনো খবর:

মৃণাল সেনের পাঁচকাহন
মৃণাল সেন হয়ে আসছেন চঞ্চল চৌধুরী
মৃণাল না চঞ্চল, চাঞ্চল্য চঞ্চলেও
‘মৃণাল’রূপে চঞ্চলের নতুন ছবি নিয়ে খুশির হইচই