১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মোদীর প্রশংসা পাওয়া ‘দ্য কেরালা স্টোরি’ মমতার রাজ্যে নিষিদ্ধ

মমতা বলছেন, সিনেমাটি রাজ্যের শান্তি-শৃঙ্খলার জন্য বিপজ্জনক হতে পারে।

মোদীর প্রশংসা পাওয়া ‘দ্য কেরালা স্টোরি’ মমতার রাজ্যে নিষিদ্ধ

‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার পোস্টার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2023, 08:31 PM

Updated : 08 May 2023, 08:31 PM

কদিন আগেই কর্নাটকে জনসভায় ভাষণে ‘দ্য কেরালা স্টোরি’কে প্রশংসায় ভাসিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সিনেমাটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাঙালি নির্মাতা সুদীপ্ত সেন নির্মিত বলিউড সিনেমাটি ‘অসত্য এবং বিকৃত কাহিনি’ নির্ভর উল্লেখ করে মমতা পশ্চিমবঙ্গে সিনেমাটি মুক্তির অনুমতি না দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে সোমবার জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

ভারতের কেরালা রাজ্য থেকে অনেক নারীর মধ্যপ্রাচ্যের জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দেওয়ার ঘটনা নিয়ে নির্মিত কেরালা স্টোরি মুক্তির আগে থেকেই সমালোচনার মুখে। অভিযোগ উঠেছে সিনেমাটির কাহিনী অতিরঞ্জিত।

আনন্দবাজার লিখেছে, ‘শান্তি-সৌহার্দ্য বজায় রাখতে’ পশ্চিমবঙ্গ রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করেছেন মমতা। তিনি বলেছেন, এই সিনেমায় যে সব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার জন্য বিপজ্জনক হতে পারে।

যে রাজ্যের কাহিনী, সেই কেরালাতেও এই সিনেমা নিষিদ্ধ হয়েছে। তামিলনাড়ু রাজ্যেও সিনেমাটি নিষিদ্ধ হয়েছে।

‘দ্য কেরালা স্টোরি’তে ৩২ হাজার হিন্দু ও খ্রিস্টান নারীকে ধর্মান্তরিত করার কথা বলা হয়েছে উল্লেখ করে এই ঘটনাকে মিথ্যা দাবি করেছে কেরালার বাম সরকার সিনেমাটি আটকাতে আদালতেও গিয়েছিল।

তবে আদালত মুক্তির ক্ষেত্রে হস্তক্ষেপ না করায় ৫ মে মুক্তি পায় ‘দ্য কেরালা স্টোরি’।

এদিকে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি কেরালা স্টোরির পক্ষেই অবস্থান নিয়েছে। মধ্যপ্রদেশে সরকার এই সিনেমাটিকে সেই রাজ্যে করমুক্ত বলে ঘোষণা করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কর্নাটকের বল্লেরির জনসভায় বলেন, এই সিনেমা সন্ত্রাসবাদের ‘মুখোশ টেনে খুলে দেবে’।

পুরানো খবর:

দ্য কেরালা স্টোরি: আইএসে ভারতীয় নারীদের নিয়ে চলচ্চিত্র ঘিরে বিতর্ক

পুরানো খবর:

‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে ক্ষুব্ধ কেরালার মুখ্যমন্ত্রী