বুর্জ খলিফায় আসছে ‘জওয়ান’ ট্রেইলার
আগামী ৩১ অগাস্ট বুর্জ খলিফায় মুক্তি পাবে ‘জওয়ান’ ট্রেইলার।
সিনেমার ট্রেইলার প্রকাশে বিশ্বের সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফা দারুণ পছন্দ বলিউডের বাদশাহ শাহরুখ খানের। সেখানেই দেখানো হয়েছিল কিং খানের কামব্যাক সিনেমা ‘পাঠান’। এবারও সেই বুর্জ খলিফাকেই ‘জওয়ান’ সিনেমার ট্রেইলার প্রকাশের জন্য বেছে নিয়েছেন শাহরুখ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, শাহরুখ সোশাল মিডিয়ায় জানিয়েছেন, আগামী ৩১ অগাস্ট বুর্জ খলিফায় মুক্তি পাবে ‘জওয়ান’ ট্রেইলার। আর সেই আয়োজনের প্রস্তুতিতে বুর্জ খলিফার দেয়াল জুড়ে মিলল লাল শার্টে ‘জওয়ান’ এর শাহরুখের ছবি।
সেই ছবি শাহরুখ শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, “৩১ অগাস্ট রাত ৯টা। আমি, ‘জওয়ান’ এবং ‘বুর্জ খলিফা’, যোগ দিন উদযাপনে। জানেন তো সবচেয়ে সুন্দর অনুভূতির নাম প্রেম, তাই প্রেমের রঙ ‘লাল’ পড়ে চলে আসুন। আমি থাকব, রেডি তো?
শাহরুখের এই পোস্টে আনন্দ-ভালোবাসার ইমোজির বন্যা বইয়ে দিয়েছেন ভক্ত অনুরাগীরা।
মাত্র একদিন আগেই মাইক্রোব্লগিং সাইট এক্স (টুইটার)-এ ‘জওয়ান’র নতুন গান ‘রামাইয়া বস্তভাইয়া’র টিজার ছেড়েছেন শাহরুখ।
টুইটারে ‘আস্কএসআরকে’ সেশনে আসা ‘পাঠান’ তারকার কাছে ভক্তদের প্রশ্ন ছিল একটাই, কবে আসবে ‘জওয়ান’ এর চূড়ান্ত ট্রেইলার।
শাহরুখ জানিয়েছিলেন, ট্রেইলার নাকি নতুন গান, কোনটি আগে প্রকাশ করবেন- সেই প্রশ্নে নিজেও দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। এর পরপরই শাহরুখ জানন ট্রেইলার প্রকাশের দিনক্ষণ।
সিনেমার গান ‘রামাইয়া বস্তভাইয়া’ প্রকাশ হচ্ছে ট্রেইলার প্রকাশের একদিন আগে, আগামী ৩০ অগাস্ট চেন্নাইয়ে। নায়িকা নয়নতারাকে নিয়ে শাহরুখ ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নিজে।
এছাড়া দক্ষিণী সিনেমার তারকা বিজয় সেতুপতি, পরিচালক অ্যাটলি কুমার, আর সংগীত পরিচালক অনিরুদ্ধও থাকবেন গান প্রকাশ অনুষ্ঠানে।
গত সপ্তাহে সাত দৃশ্য ও সংলাপে কাটছাঁটের পর ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘জওয়ান’।
পাশাপাশি সিনেমাটিকে ‘ইউএ’ সার্টিফিকেট দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিটেকট (সিবিএফসি)। এই সনদের অর্থ হলো সিনেমাটি বানানো হয়েছে মাঝ বয়সী দর্শকদের কথা মাথায় রেখে। তবে বাবা-মায়ের অনুমতিতে ১২ বছরের কম বয়সীরাও দেখতে পারবে।
আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে দ্বৈত চরিত্রে ‘জওয়ান’ নিয়ে সবার সামনে আসছেন শাহরুখ। এ তারকার বছরের দ্বিতীয় এই সিনেমায় ধুন্ধুমার অ্যাকশনের আভাস মিলেছে।
বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে সিনেমার অগ্রিম টিকিট বুকিং। জার্মানির লিওনবার্গে বিশ্বের সবচেয়ে বড় পর্দায় অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি মুক্তি পেতে চলেছে।
পুরনো খবর
