২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জওয়ান: ন্যাড়া মাথা নয়, রকিং রোলে শাহরুখ

শাহরুখ বলেন, “ঠিক আছে বন্ধুরা, এবার ট্রেইলার তৈরি করার সময় এসেছে, যেহেতু সবাই সেটিই চায়। কিন্তু তার আগে গান হয়ে যাক।“

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2023, 01:18 PM

Updated : 28 Aug 2023, 01:18 PM

বলিউডের মহাতারকা শাহরুখ খানের বছরের দ্বিতীয় সিনেমা ‘জওয়ান’ এর ট্রেইলার, গান, পোস্টার ছবি মানেই নতুন চমক। কারণ তাতে প্রতিবার শাহরুখ ধরা দেন নতুন রূপে। এবারেও ঘটেছে তাই। সিনেমার নতুন গান ‘রামাইয়া বস্তভাইয়া’র  টিজারে কিং খানের দেখা মিললো রকিং স্টাইলে।

হিন্দু্স্তান টাইমস বলছে, 'জওয়ান' এর গানের টিজার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনুরাগীদের উদ্দেশে শাহরুখ লিখেছেন, “ঠিক আছে বন্ধুরা, এবার ট্রেইলার তৈরি করার সময় এসেছে যেহেতু সবাই সেটিই চায়।“

মাইক্রোব্লগিং সাইট এক্স (টুইটার) এ ‘আস্কএসআরকে’ সেশনে এসেছিলেন ‘পাঠান’ তারকা। সেখানে ভক্তদের সঙ্গে জম্পেশ আড্ডাও হয়েছে তার।

সাধারণত প্রতিমাসে একবার এই আড্ডা হলেও, এবারের সেশনটি হয়েছিল হুট করেই। যেমনটা ‘পাঠান’ মুক্তির আগে করতেন শাহরুখ। তাই ‘জওয়ান’ মুক্তির আগে সিনেমা নিয়ে উন্মাদনা তৈরিতেই এক্সে শাহরুখের হঠাৎ আগমন বলে ধরে নেওয়া হচ্ছে।

সেশনে ভক্তদের প্রশ্ন ছিল ঘুরেফিরে একটাই। কবে আসবে ‘জওয়ান’ এর চূড়ান্ত ট্রেইলার?

শাহরুখ জানিয়েছিলেন, ট্রেইলার নাকি নতুন গান, কোনটি আগে প্রকাশ করবেন- সেই প্রশ্নে নিজেও দ্বিধাদ্বন্দ্বে আছেন।

এ কথা জানানোর কিছুক্ষণের মধ্যেই সিনেমার ‘রামাইয়া বস্তভাইয়া’ গানের ঝলক শেয়ার করেন শাহরুখ।

‘রামাইয়া বস্তভাইয়া’ প্রকাশ হচ্ছে চেন্নাইয়ে আগামী ৩০ অগাস্ট। নায়িকা নয়নতারাকে নিয়ে শাহরুখ ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নিজে। এছাড়া দক্ষিণী সিনেমার তারকা বিজয় সেতুপতি, পরিচালক অ্যাটলি কুমার, আর সংগীত পরিচালক অনিরুদ্ধও থাকবেন গান প্রকাশ অনুষ্ঠানে।

‘জওয়ান’ সিনেমাটি আসলে কী নিয়ে, সেই প্রশ্নের উত্তরে হেঁয়ালি না রেখে শাহরুখের জবাব হল, “একটি শব্দই ‘জওয়ান’কে তুলে ধরে, সেই হল ‘নারীশক্তি’, সেই নারী, যাদের সামনে মাথা নত হয়ে যায়।“

‘নারীশক্তি’র কিছুটা আভাস অবশ্য মিলেছিল সিনেমার প্রথম ট্রেইলারে। যেখানে দেখা যায়, অস্ত্রে সজ্জিত নারী বাহিনীকে যুদ্ধে নামার ঘোষণা দিচ্ছেন শাহরুখ।

এ কথায় শাহরুখ ভক্তরা বলেন, তারা ‘জওয়ান’ দেখতে মুখিয়েই ছিলেন, সেই আগ্রহ আরও উসকে দিলেন বলিউড বাদশাহ।

‘জওয়ান’ এর প্রযোজনা সংস্থা রেড চিলিস জানিয়েছে, সিনেমা মুক্তি ধরে মোটামুটি তিন মাসের প্রচারণামূলক কাজ তারা হাতে নেওয়া হয়। গত ১০ জুলাই আসে সিনেমার ট্রেইলার। এরপর প্রথম গান ‘জিন্দা বান্দা’ মুক্তি পায় ৩১ জুলাই। এরপর আসে ‘চালে’র গানটি।

আর আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে দ্বৈত চরিত্রে ‘জওয়ান’ নিয়ে সবার সামনে আসছেন শাহরুখ। এ তারকার বছরের দ্বিতীয় এই সিনেমায় ধুন্ধুমার অ্যাকশনের আভাস মিলেছে।

বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে সিনেমার অগ্রিম টিকিট বুকিং। জার্মানির লিওনবার্গে বিশ্বের সবচেয়ে বড় পর্দায় অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে।

পুরনো খবর

পুরনো খবর:

বিশ্বের সবচেয়ে বড় পর্দায় ‘জওয়ান’
সাত দৃশ্যে-সংলাপে কাঁচি চালিয়ে ছাড়পত্র পেল ‘জওয়ান’
‘জওয়ান’র দ্বিতীয় গান প্রকাশের আগে মোড়ক উন্মোচন
‘জওয়ান’ এর ঝলক, শাহরুখ হিরো না ভিলেন?
‘জওয়ান’ নায়িকার ফার্স্ট লুক ভাইরাল