১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সাত দৃশ্যে-সংলাপে কাঁচি চালিয়ে ছাড়পত্র পেল ‘জওয়ান’

জওয়ানকে ‘ইউএ’ সার্টিফিকেট দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিটেকট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 01:00 PM

Updated : 23 Aug 2023, 01:00 PM

মুক্তি পেতে যাবতীয় ধাপ একে একে পেরিয়ে আসছে শাহরুখ খানের বছরের দ্বিতীয় সিনেমা ‘জওয়ান’। সাত দৃশ্য ও সংলাপে কাটছাঁটের পর ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র মিলেছে সিনেমাটির।

বলিউড লাইফ ডটকম বলছে, পাশাপাশি সিনেমাটিকে ‘ইউএ’ সার্টিফিকেট দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিটেকট (সিবিএফসি)।

এই সনদের অর্থ হলো সিনেমাটি বানানো হয়েছে মাঝ বয়সী দর্শকদের কথা মাথায় রেখে। তবে বাবা-মায়ের অনুমতিতে ১২ বছরের কম বয়সীরাও দেখতে পারবে।

সেন্সর বোর্ডের কর্মকর্তাদের মূল আপত্তির জায়গা ছিল সিনেমায় আত্মহত্যা এবং সহিংসতার কয়েকটি দৃশ্য নিয়ে। তাদের ভাষ্য, এ ধরনের দৃশ্য ভুল বার্তা ছড়াতে পারে। তাই তা ছেঁটে ফেলার কথা বলে বোর্ড।

এছাড়া ভারতের রাষ্ট্রপতি প্রসঙ্গ ধরে একটি সংলাপেও আপত্তি তোলে তারা। বাধ্য হয়ে নির্মাতাকে সেই সংলাপে কাঁচি চালাতে হয়।

এছাড়া ‘ন্যাশনাল সিকিওরিটি গার্ড’কে উদ্দেশ করে বলা কথা নিয়ে একটি দৃশ্যসহ আরও কিছু সংলাপে রদবদল করা হয়।

পুরানো খবর:

‘জওয়ান’র দ্বিতীয় গান প্রকাশের আগে মোড়ক উন্মোচন

‘জওয়ান’ র তুলনায় সেন্সর বোর্ডের তোপের মুখে বেশি নাজেহাল হতে হয়েছিল বলিউড বাদশাহর ‘পাঠান’ সিনেমাটি। মুক্তির আগে ‘পাঠান’ নির্মাতাকে ১০টি দৃশ্য ফেলে দিতে হয়েছিল।

সমালোচকদের অনেকেই সন্দিহান ছিলেন, সিনেমাটি আদৌ সেন্সর ছাড়পত্র পাবে কি না, বা পেলেও সিনেমার নাম বদলানো হবে কি না এবং ‘বেশরম গানটি বাদ পড়বে কি না। তবে শেষমেশ সিনেমার নাম নিয়ে সেন্সর বোর্ড আপত্তি করেনি। বহুল আলোচিত গানটিও রেখে দেওয়া হয়। এবং গত ২৫ জানুয়ারি মুক্তির পর হাজার কোটি রুপির বেশি ব্যব্সা করেছে।

এদিকে ‘জওয়ান’র প্রথম গান ‘জিন্দা বান্দা’ মুক্তি পায় ৩১ জুলাই। আগামীতে আসছে গান ‘চালে’, অবশ্য এই গানের টিজার এসে গেছে সোশ্যাল মিডিয়ায়।

শাহরুখের অ্যাকশনধর্মী সিনেমা জওয়ানের মুক্তি আগামী ৭ সেপ্টেম্বর।

কিন্তু এরই মধ্যে সিনেমাটি প্রচুর অর্থ উপার্জন করছে বলে মনে হচ্ছে। নির্মাতারা এই সিনেমার গানের স্বত্ব থেকেই আনুমানিক ৩৬ কোটি রুপি আয় করেছেন

‘জওয়ান’ এ শাহরুখের বিপরীতে এই প্রথম দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে। আরও আছেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি, অতিথি চরিত্রে আসছেন সঞ্জয় দত্ত। সিনেমায় ক্যামিও চরিত্রে দীপিকা পাড়ুকোনও আছেন।