০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

কোম্পানি নিবন্ধনে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ব্যবস্থা, কী সুবিধা মিলবে?

১২ নভেম্বর সকাল ১০টা থেকে নামের ছাড়পত্র ও নিবন্ধনের সব নতুন আবেদন ইবিআরএসের মাধ্যমে করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 09:18 PM

Updated : 09 Nov 2026, 09:18 PM

কোম্পানির নামের ছাড়পত্র ও নিবন্ধন প্রক্রিয়া সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম (ইবিআরএস) চালু করছে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)।

নতুন ব্যবস্থায় নির্ধারিত মডেল সংঘস্মারক ও সংঘবিধি ব্যবহার করে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করলে কোম্পানি নিবন্ধনের আবেদন তাৎক্ষণিকভাবে স্বয়ংক্রিয় অনুমোদন পাবে। নতুন এ ব্যবস্থা কার্যকর হবে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে।

আরজেএসসির এক পরিপত্রে বলা হয়েছে, ১২ নভেম্বর সকাল ১০টা থেকে নামের ছাড়পত্র ও নিবন্ধনের সব নতুন আবেদন ইবিআরএসের মাধ্যমে করতে হবে।

নতুন সফটওয়্যারে তথ্য স্থানান্তর ও কারিগরি প্রস্তুতির জন্য আরজেএসসির পুরোনো ই-সেবা সফটওয়্যার সোমবার বিকাল ৫টা থেকে বন্ধ রাখা হয়েছে। এটি বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় নতুন আবেদন জমা দেওয়া যাবে না।

পরিপত্র অনুযায়ী, আবেদনকারী আরজেএসসির নির্ধারিত মডেল সংঘস্মারক ও সংঘবিধি ব্যবহার করলে এবং প্রয়োজনীয় তথ্য, ফি পরিশোধ, পরিচয় যাচাই ও এককালীন পাসওয়ার্ডের (ওটিপি) মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মতি নিশ্চিত হলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত ও নিবন্ধিত হবে।

তবে নিজস্বভাবে তৈরি বা পরিবর্তিত সংঘস্মারক ও সংঘবিধি জমা দিলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে না। সে ক্ষেত্রে আরজেএসসির সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী আবেদন ও সংযুক্ত নথি যাচাই করে অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নেবেন।

যাচাইয়ে তথ্যের অসংগতি, অসম্পূর্ণতা বা ত্রুটি পাওয়া গেলে নির্দিষ্ট মন্তব্য ও সংশোধনের নির্দেশনাসহ আবেদনটি আবেদনকারীর অনলাইন অ্যাকাউন্টে ফেরত পাঠানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন করে আবেদন পুনরায় জমা দিতে হবে।

ভুল বা অসত্য তথ্য দিলে আবেদন নিষ্পত্তিতে বিলম্ব হতে পারে, এমনকি আইনানুগ ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে পরিপত্রে সতর্ক করা হয়েছে।

নামের ছাড়পত্র ২৪ ঘণ্টায়

ইবিআরএস চালুর প্রাথমিক পর্যায়ে নামের ছাড়পত্রের আবেদন সফটওয়্যারে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক যাচাইয়ের পর পরিদপ্তরের কর্মকর্তারা পুনরায় যাচাই করবেন। সফটওয়্যারের কার্যকারিতা ও অ্যালগরিদম উন্নয়নের স্বার্থে সাময়িকভাবে এই ‘হিউম্যান সুপারভিশন’ রাখা হবে।

এ ক্ষেত্রে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত দেওয়া হবে। অ্যালগরিদম পর্যায়ক্রমে উন্নত হলে পরে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে তাৎক্ষণিক ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা চালু হবে। কোনো আবেদন বাতিল হলে বিধি অনুযায়ী নামের রিভিউ আবেদন করা যাবে।

পরিচয় যাচাইয়ে নতুন শর্ত জুড়ে দেওয়া হয়েছে পরিপত্রে। বলা হয়েছে, বাংলাদেশের কোনো নাগরিককে কোম্পানির শেয়ারহোল্ডার, পরিচালক, সদস্য বা অংশীদার হতে হলে আবেদনের সময় তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ই-টিআইএন ও মোবাইল নম্বর রিয়েল-টাইমে যাচাই করা হবে।

মোবাইল নম্বরটি সংশ্লিষ্ট ব্যক্তির নিজের এনআইডিতে নিবন্ধিত কি না, তা-ও যাচাই হবে। যাচাইয়ে ব্যর্থ হলে তাকে শেয়ারহোল্ডার, পরিচালক, সদস্য বা অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে না।

আয়কর আইন, ২০২৩-এর ২৬৪ ধারার উপধারা (৩)-এর দফা (২), (৯) ও (৩২) অনুসারে, সব আবাসিক শেয়ারহোল্ডার, পরিচালক ও সদস্যকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) স্ক্যান করে আপলোড করতে হবে।

বিদেশি নাগরিকদের ক্ষেত্রে বৈধ পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের স্পষ্ট স্ক্যান করা কপি জমা দিতে হবে।

এছাড়া এনআইডি অনুযায়ী ব্যক্তির নাম, ই-টিআইএন ও মোবাইল নম্বরের তথ্যের মধ্যে মিল থাকতে হবে।

নতুন ব্যবস্থায় শেয়ারহোল্ডার, পরিচালক, অংশীদার বা সদস্য হিসেবে অন্তর্ভুক্তির আগে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি নেওয়া হবে। এ জন্য তাদের নিবন্ধিত ই-মেইল ঠিকানায় সম্মতি দেওয়ার লিংক ও প্রয়োজনীয় নথি পাঠানো হবে।

মোবাইল ফোন বা ই-মেইলে পাওয়া এককালীন পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহার করে তারা সম্মতি জানাবেন। সংশ্লিষ্ট সবার সম্মতি সম্পন্ন না হওয়া পর্যন্ত আবেদনটি পরবর্তী যাচাইয়ের জন্য এগোবে না। অর্থাৎ, নতুন ব্যবস্থায় ইলেকট্রনিক সম্মতি বা ই-কনসেন্ট বাধ্যতামূলক করা হয়েছে।

পুরোনো আবেদনের কী হবে?

৯ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত যেসব নামের ছাড়পত্র দেওয়া হয়েছে, কিন্তু সেগুলোর বিপরীতে এখনো নিবন্ধনের আবেদন করা হয়নি, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যবস্থায় স্থানান্তর করা হবে। এসব ছাড়পত্রের মেয়াদ ও অন্যান্য শর্ত আগের মতই বহাল থাকবে।

এ ছাড়া ১ জুলাই থেকে ৯ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত জমা দেওয়া সব নিষ্পন্ন ও অনিষ্পন্ন নিবন্ধন আবেদন নতুন ব্যবস্থায় স্থানান্তর করা হবে।

স্থানান্তরের পর এসব আবেদন নতুন ব্যবস্থার তথ্যের ঘর, প্রয়োজনীয় নথি ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করা হবে। কোনো ঘাটতি পাওয়া গেলে নির্দিষ্ট মন্তব্যসহ আবেদনকারীর অনলাইন অ্যাকাউন্টে তা ফেরত পাঠানো হবে।

তবে যেসব আবেদনের খসড়া তৈরি এবং ফি পরিশোধ করা হয়েছে, কেবল সেগুলোই নতুন ব্যবস্থায় স্থানান্তর করা হবে। খসড়া তৈরি হলেও ফি পরিশোধ করা হয়নি—এমন আবেদন স্থানান্তর হবে না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট নামের ছাড়পত্র ব্যবহার করে নতুন সফটওয়্যারে নতুন করে আবেদন করতে হবে।

স্থানান্তরিত আবেদনে সংশোধন বা অতিরিক্ত তথ্য দেওয়ার নির্দেশনা থাকলে নির্ধারিত সময়ের মধ্যে তা সম্পন্ন করতে হবে।

আবেদন যথাযথভাবে অনুমোদিত ও নিবন্ধিত হওয়ার পর ডিজিটাল স্বাক্ষরযুক্ত মূল নিবন্ধন সনদ এবং সংশ্লিষ্ট অন্যান্য ফরম আবেদনকারীসহ সংশ্লিষ্ট সবার নিবন্ধিত ই-মেইল ঠিকানায় স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে।