২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেমিং অ্যাপে জড়িয়ে ক্ষোভের মুখে শাহরুখ

‘এ ২৩’ নামের একটি অনলাইন গেমিং অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে বিপাকে পড়েছেন অভিনেতা।

গেমিং অ্যাপে জড়িয়ে ক্ষোভের মুখে শাহরুখ

শাহরুখ খান

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2023, 08:11 PM

Updated : 28 Aug 2023, 08:11 PM

সুপারস্টার শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে ভক্তরা ভালোবেসে ভিড় জমান প্রায়ই। তবে এবারের ঘটনা ভিন্ন রকম, প্ল্যাকার্ড হাতে মান্নাতের সামনে জড়ো হয়েছেন এক দল বিক্ষোভকারী।

অবস্থা বেগতিক দেখে বাধ্য হয়ে পুলিশ ডাকেন শাহরুখ। এর পরপরই ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেন এবং ৪-৫ জনকে আটক করেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে।

সম্প্রতি শাহরুখ খান ‘এ ২৩’ নামের একটি অনলাইন গেমিং অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

প্রচারণার জন্য একটি প্রোমো শ্যুটও করেছেন অভিনেতা। সেখানে তাকে বলতে শোনা গেছে, “চল একসাথে খেলি।” আর তাতেই চটেছেন একদল তরুণ-তরুনী।

‘অনটাচ ইউথ ফাউন্ডেশন’-এর সদস্যরা অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে শাহরুখের বাড়ির বাইরে জড়ো হয়ে বিক্ষোভ চালিয়েছেন।

এ প্রসঙ্গে ফাউন্ডেশনের সভাপতি কৃষ্ণচন্দ্র আদল হিন্দুস্তান টাইমসকে বলেছেন, “তরুণ প্রজন্মের অনেকেই জঙ্গলি রামি নামের একটা গেম খেলেন। জঙ্গলি রামি বা জুয়া খেলার কারণে পুলিশ অনেককে গ্রেপ্তারও করেছে। অথচ সেই গেমসের হয়ে প্রচারণা চালাচ্ছে বলিউডের অনেক তারকা। যা তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে।

“তারকারা অবশ্যই জানেন এই গেমসের সঙ্গে যুক্ত হওয়া ঠিক নয়। শুধুমাত্র টাকা পাচ্ছেন বলে তারা এসবের প্রচার চালাচ্ছেন। আমরা এদেরই সিনেমা দেখে, পিছনে অর্থ ব্যয় করে তাদের বিখ্যাত করি। আমরা এসব বিজ্ঞাপন বন্ধের দাবি জানাই। এই অ্যাপগুলি বেআইনি, আমরা সেগুলি গুগলে খুঁজে পাচ্ছি না। তবে এই অ্যাপগুলি ব্যক্তিগত ওয়েবসাইটে আপলোড করা হয়েছে৷”

বিক্ষোভের ঘটনার পর মান্নাত সার্বক্ষণিক পুলিশের পাহারা আছে। প্রয়োজন হলে নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে জানা গেছে।

শাহরুখ অভিনীত সিনেমা ‘জওয়ান’ বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর ।