Published : 20 Nov 2023, 09:27 AM
নাভনি পারিহারকে দর্শক মূলত সিরিয়ালের দেখতেই অভ্যস্ত। ২০১৩ সালে এই অভিনেত্রী ‘প্রধানমন্ত্রী’ নামের একটি হিন্দি সিনেমায় অভিনয় করেন। সেখানে নাভনি হয়েছিলেন ইন্দিরা গান্ধী।
নির্মাতা মধু ভাণ্ডারকরের সিনেমা ‘ইন্দু সরকার’ মুক্তি পায় ২০১৭ সালে। সেখানে ইন্দিরা গান্ধী হয়ে পর্দায় আসেন মারাঠি সিনেমার অভিনেত্রী সুপ্রিয়া ভিনোদ।
সাধারণত ‘গ্ল্যামরাস’ লুকে কাজ করতে দেখা যায় লারা দত্তকে। নিজের ঘরানার বাইরে গিয়ে তিনিও ইন্দিরা গান্ধী হয়ে পর্দায় আসেন ২০২১ সালে। ‘বেল বটম’ সিনেমায় লারার ‘ইন্দিরা’ লুক ও অভিনয় প্রশংসিত হয় দর্শক ও সমালোচক মহলে।
সম্প্রতি ইন্দিরা গান্ধী হয়ে শোরগোল তুলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আগামী বছর মুক্তি পেতে চলা ‘ইমার্জেন্সি’ সিনেমায় তার লুক প্রকাশ হলে হইচই পড়ে যায়। সিনেমার পটভূমি গত শতকের সত্তরের দশক, ভারতে তখন চলছে ইন্দিরা গান্ধীর শাসন। ১৯৭৫ সালে তিনি জরুরি অবস্থা জারি করেন। সেই সময়ের রাজনৈতিক আবহে ইন্দিরা হয়ে পর্দায় আসছেন কঙ্গনা। কেবল প্রধান চরিত্রে অভিনয় নয়, ইর্মাজেন্সির চিত্রনাট্য লেখা এবং প্রয়োজনা ও পরিচালনাও করেছেন তিনি নিজে।
‘স্যাম বাহাদুর’ সিনেমায় ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে কাজ করেছেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। আগামী ১ ডিসেম্বর মুক্তি পেতে চলা মেঘনা গুলজারের এ সিনেমায় ফাতিমা ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী হয়ে কতখানি ধরা দেবেন, তা নিয়ে আগ্রহ আছে দর্শকদের মধ্যে। ফাতিমার ভাষ্য হল, এই চরিত্রটি ফুটিয়ে তুলতে রীতিমত ‘ঘাম ঝরিয়েছেন’ তিনি।