২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মা পরীর’ প্রথম জন্মদিনে পরীমনির অন্যরূপ

স্বামী ও সন্তানকে নিয়ে এটাই পরীমনির প্রথম জন্মদিন উদযাপন

‘মা পরীর’ প্রথম জন্মদিনে পরীমনির অন্যরূপ

স্বামী অভিনেতা শরীফুল আলম রাজ, ছেলে রাজ্য ও নানার সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমনি

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 04:59 PM

Updated : 25 Oct 2022, 04:59 PM

 রীতিমত তারার মেলা বসিয়ে কখনও ‘পিকক’, কখনও ‘ককপিটে’র আদলে সাজানো মঞ্চে হুল্লোড়ে মাতিয়ে জন্মদিন উদযাপন করে আসা পরীমনিকে এবার দেখা গেল ‘ধীরস্থির’ শান্তরূপে।

ঢাকাই সিনেমার আলোচিত এ নায়িকার জন্মদিন ছিল সোমবার। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে সেই উদযাপনের আয়োজন। সেখানেই সন্তান রাজ্য, স্বামী অভিনেতা শরিফুল রাজ এবং নানার সঙ্গে কেক কেটে ৩১তম জন্মদিন উদযাপন করলেন পরীমনি।

কেক কাটার পর নিজের পরিবর্তনটাই প্রকাশ পেল কথায়। বললেন, “মা পরীর প্রথম জন্মদিন, পরিপূর্ণ জন্মদিন।”

স্বামী-সন্তান নিয়ে প্রথমবারের মত জন্মদিন পালনের এই অনুভূতিই পরীমনির কাছে ‘সেরা’।

তিনি বলেন, “এবারের জন্মদিনটা অন্যবারের চেয়ে সেরা জন্মদিন। কারণ আগের জন্মদিনগুলোতে আমার পাশে কেবল আমার নানুকে পেয়েছিলাম। এবার আমার জন্মদিনে রয়েছেন শরিফুল রাজ ও আমার সন্তান রাজ্য। ফলে এই জন্মদিনের অনুভূতিটা আমার কাছে অন্যরকম।”

অতিথিদের ধন্যবাদ জানিয়ে পরীমনি বলেন, “ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কাছের মানুষেরা যে আমার জন্মদিনে এসেছেন, সেজন্য আমি হ্যাপি। হ্যাপি বার্থ ডে টু মি।”

Image

‘অপারেশন সুন্দরবন’ সিনেমার পরিচালক  আবু রায়হান জুয়েল ও অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে পরীমনি

জীবনের নানা ‘ঘটন-অঘটনে’ বাঁক বদলের সঙ্গে সঙ্গে বেড়ে ওঠা পরীমনি আগে জানিয়েছিলেন, এবার তিনি কোন অনুষ্ঠান না করার কথা ভেবেছিলেন। কারণ কোলে মাত্র দুমাস বয়সী ছেলে, আর স্বামী শুটিং ব্যস্ত।

পরে অবশ্য সিদ্ধান্ত বদল করেন। কারণ তার মনে হয়েছিল, জন্মদিন পালন করা না হলে নিজেকেই ‘কষ্ট’ দেওয়া হবে।

গ্লিটজকে বলেছিলেন, “পরে ভাবলাম… আর নিজেকে কষ্ট দেওয়ার তো কোনো কারণ নেই। নিজেকে কষ্ট দেওয়া যাবে না।”

বিরাট জমকালো কোনো আয়োজন না করলেও পরিবারের সদস্য এবং শোবিজের কিছু অতিথিকে নিয়ে এবারে জীবনের ‘তিন দশকের বৃত্ত পূরণের’ অনুষ্ঠান উদযাপন করেন পরীমনি। 

অনুষ্ঠানে তাকে নিয়ে নির্মিত একটি ডকুফিল্ম দেখান হয়। অবশ্য পরী এর নাম দিয়েছেন ‘লাভফিল্ম’। সেখানে নিজের বয়ানে তুলে ধরেছেন রাজের সঙ্গে তার ‘প্রেম কাহিনি’।

লাজুক কণ্ঠে পরীমনি সেখানে বলে যান রাজের মায়ায় পড়ে তার রাজ্য পেয়ে যাওয়ার গল্প। রাজ, রাজ্য আর নানা- এই তিন খুঁটির গল্প শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন আমন্ত্রিত অতিথিরা। পরস্পরকে আলিঙ্গন করে সেই মুহূর্তকে আরও আবেগঘন করে তোলেন পরী-রাজ।

আয়োজনে সস্ত্রীক উপস্থিত ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, নির্মাতা রায়হান রাফি, চিত্রনায়িকা তমা মির্জা, ফারিন খান, পরিচালক বুলবুল বিশ্বাস, আবু রায়হান জুয়েল, ডান্স কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, অ্যাডল্ফ খানসহ অনেকে।

জন্মদিন উপলক্ষে উন্মোচন করা হয় পরীমনি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার একটি গান। সিনেমার নির্মাতা আবু রায়হান জুয়েলসহ ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ টিমও উপস্থিত ছিলেন।

নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতি পরীমনি নাম নিয়ে ঢাকাই চলচ্চিত্রে নাম লিখিয়েই তারকা বনে গিয়েছিলেন। ২০১৩ সালে প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’ মুক্তির আগেই অন্তত ২০টি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে তোলেন আলোড়ন।

তারপর মসৃণ এক পথে যাত্রায় নিজেকে ঢালিউডের নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করলেও এক বছর আগে ঘটে ছন্দ পতন।

প্রেম-বিয়ে-মামলায় গত দুই বছরে নানা চড়াই-উৎরাই পেরিয়েছেন এই নায়িকা। এসবের মধ্যেই গত বছর ওয়েব চলচ্চিত্র ‘গুনিন’-এ শরিফুল রাজের সঙ্গে জুটি বাঁধেন। পরে পরীমনির জন্মদিনে রাজের উপস্থিতি আর রাজের জন্মদিনে পরীমনির কেক কাটার খবর প্রেমের গুঞ্জন ছড়ায়। তবে তখন দুজনই ছিলেন নিশ্চুপ।

এরপর চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ করে সোশাল মিডিয়ায় নিজেদের সন্তান আসার খবর দেন পরী-রাজ, সেই সঙ্গে দেন নিজেদের বিয়ের খবর।

তারা জানান, শুটিংয়ের সময় বন্ধুত্ব থেকে প্রেম, আর তা পরিণয়ে গড়াতে লেগেছে সাত দিন।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে সেরেছেন তারা। অবশ্য পরে আবার ঘটা করে বিয়ের অনুষ্ঠান করেছেন।

এ বছরের ১০ অগাস্ট রাজ-পরীর ঘর আলো করে আসে সন্তান রাজ্য।

আরও পড়ুন:

পুরনো খবর:

জন্মদিনে নতুন পরিচয়ে আসছেন পরীমনি
ভেবেছিলাম এবার জন্মদিন পালন করব না: পরীমনি
যে নারী ‘আলোকিত করেছে’ রাজকে

ঝড় পেরিয়ে ‘রাজ্য’ পেলেন রাজ-পরী

মা হলেন পরীমনি

পরীমনি অভিযুক্ত, বিচার হবে মাদক মামলায়

মুক্ত পরীমনি, সেলফি, আর মেহেদীর রঙে লেখা বার্তা

পরীমনি: নাটকীয় উত্থানের পর...

গিয়াস উদ্দিন সেলিমের সিনেমায় রাজ ও মন্দিরা

রাজ-মিমের ‘বিয়ে’র দাওয়াত দিলেন রায়হান রাফি