২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে নতুন পরিচয়ে আসছেন পরীমনি

এই প্রথম স্বামী-সন্তানের সঙ্গে জন্মদিনের কেক কাটবেন পরীমনি।

জন্মদিনে নতুন পরিচয়ে আসছেন পরীমনি

পরীমনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2022, 10:23 PM

Updated : 23 Oct 2022, 10:23 PM

নানা ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে সন্তানকে সঙ্গে নিয়ে প্রথম নিজের জন্মদিন উদযাপন করতে যাচ্ছেন পরীমনি। আর এবারের জন্মদিনে জন্মদিনে নতুন এক পরিচয়ে আসছেন এই চিত্রনায়িকা।

সোমবার পরীমনির জন্মদিন। এই দিনে তার লেখা গল্প অবলম্বনে ‘নতুন জন্মের গল্প’ নামে একটি ‘ভিজ্যুয়াল প্রোডাকশন’ নির্মিত হতে যাচ্ছে।

‘নতুন জন্মের গল্প’র চিত্রনাট্য লিখেছেন রুদ্র হক। এটা কী নাটক, নাকি সিনেমা, নাকি প্রামাণ্যচিত্র; তা খোলসা করতে চাইছেন না কাহিনীকার কিংবা নির্মাতা কেউই। চমক ধরে রেখে সোমবার এর বিস্তারিত জানানোর পরিকল্পনা করেছেন তারা।

Image

কাহিনীকার হয়ে আসছেন পরীমনি

এদিকে পরীমনির জন্মদিন উপলক্ষে তার অভিনীত আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার প্রথম গান ‘তুই কি আমায় ভালোবাসিস’ প্রকাশ হবে সোমবার রাতে। একে পরীমনির ‘জন্মদিনের উপহার’ বলছেন সিনেমাটির নির্মাতা আবু রায়হান।

পরীমনি তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, “এটা আমার জন্য সেরা গিফট। আমি ধন্য। অ্যাডভেঞ্চার অব সুন্দরবন টিমকে ধন্যবাদ। ধন্যবাদ বঙ্গ ও নির্মাতা জুয়েলকে। আমি খুইব এক্সাইটেড এটা নিয়ে।”

ইমরানের কণ্ঠে ‘তুই কি আমায় ভালোবাসিস’ গানটির কথা লিখেছেন শরিফ আলদ্বীন। এতে সুর দিয়েছেন নাজির মাহামুদ।

জন্মদিনের ‘তৃতীয়’ উপহারটি পরীমনি পেয়েছেন নিজের কাছ থেকে। জন্মদিন উপলক্ষে এক সপ্তাহ আগেই নিজেকে আইফোন উপহার দিয়েছেন। সে ছবি পোস্ট করেছেন ফেইসবুকে। ক্যাপশনে লিখেছেন, “নিজেকে গিফ্ট করলাম। এডভান্স হ্যাপি বার্থডে পরী। আমি একটা আইফোন ফ্রিক।”

সব মিলিয়ে এবারের জন্মদিনে গান, চিত্রনাট্য ও আইফোনকে নিজের ‘বিশেষ উপহার’ হিসেবে দেখছেন এই চিত্রনায়িকা।

গত কয়েক বছর ধরে বেশ ধুমধাম করে জন্মদিন পালন করে আসছেন পরীমনি। পাঁচ তারকা হোটেলে জমকালো সেই সব আয়োজনে নানা রূপে আসছেন তিনি। কখনও ময়ূরের বেশে, কখনও বিমানের কেবিন ক্রুর বেশে দেখা দিয়েছিলেন। তবে এবারেরটা কী, চমক ধরে রাখতে এখনই ফাঁস করছেন না তিনি।

এই প্রথম স্বামী-সন্তানের সঙ্গে কেক কাটবেন পরীমনি। এ নিয়ে বেশ উচ্ছ্বসিতও তিনি। আয়োজনটি থাকছে ঢাকার একটি কনভেনশন সেন্টারে।

Image

সন্তান কোলে পরীমনি

জন্মদিনের অনুষ্ঠানে অতিথিদের জন্যও নির্ধারণ করে দেওয়া হয় নির্দিষ্ট পোশাক। অতিথিদের আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে।

পরীমনি জানান, এ বছর পুরুষ অতিথিদের জন্য জলরঙ (অ্যাকুয়া কালার) এবং নারীদের জন্য সাদা রঙের পোশাক নির্ধারণ করা হয়েছে।

গত বছরের জুনে সাভারের বোট ক্লাবে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে তুমুল আলোচনার জন্ম দেন পরীমনি। পরে ওই বছরের ৪ অগাস্ট রাতে বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা হয়। ওই মামলায় মাসখানেক কারাগারে থেকে বেরিয়ে আসার পরই জন্মদিন উদযাপন করেন। তার কিছু দিন পরই বিয়ের খবর আসে তার। স্বামী চলচ্চিত্র অভিনেতা শরিফুল রাজ। তাদের প্রথম সন্তান আসে গত অগাস্টে।  

মাতৃত্বের জন্য অভিনয়ে বিরতি দেওয়া পরীমনির ‘মা’ সিনেমা ছাড়পত্র পেয়েছে। আগামী বছরের শুরুতে এটি মুক্তি পেতে পারে। এছাড়া ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং শেষের দিকে বলে জানান এই অভিনেত্রী।