২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেবেছিলাম এবার জন্মদিন পালন করব না: পরীমনি

পরীমনি বলেন, “জন্মদিন উদযাপন না করলে কষ্ট পাব আমি। মনও খারাপ হবে। আর নিজেকে কষ্ট দেওয়ার তো কোনো কারণ নেই।”

ভেবেছিলাম এবার জন্মদিন পালন করব না: পরীমনি

পরীমনি

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2022, 11:28 AM

Updated : 19 Oct 2022, 11:58 AM

অন্য বছরের মত এবারও জাঁকালো আয়োজনে জন্মদিন উদযাপন করবেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি, আর এবার সেই অনুষ্ঠানের অন্যতম অতিথি তার দুই মাস বয়সী ছেলে রাজ্য।

আগামী ২৪ অক্টোবর এই নায়িকার ৩১তম জন্মদিন, প্রথমবারের মতো স্বামী-সন্তান নিয়ে এবার জন্মদিন উদযাপন করবেন তিনি।

গ্লিটজকে তিনি বলেন, “প্রথমে ভেবেছিলাম এবার জন্মদিন উদযাপন করব না। দুই মাস বয়সী ছেলেকে নিয়ে কীভাবে এতকিছু সামাল দেব। রাজ্যের বাবার তো শুটিং থাকে, আবার সামনে ওর দামাল সিনেমা মুক্তি পাচ্ছে। সেটার প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছে রাজ।

“পরে ভাবলাম জন্মদিন উদযাপন না করলে কষ্ট পাব আমি। মনও খারাপ হবে। আর নিজেকে কষ্ট দেওয়ার তো কোনো কারণ নেই। নিজেকে কষ্ট দেওয়া যাবে না।”

জন্মদিন উদযাপনের ভেন্যু ও অতিথি কারা থাকবেন সেই বিষয়ে কিছু জানাননি পরীমনি।

তিনি বলেন, “আগে তো জন্মদিনে নানুকে নিয়ে কেক কাটতাম। কিন্তু এখন আমরা চারজন। নানু আছেন, রাজ আছে, আর রাজ্য ও আমি। এবার জন্মদিনের কেক কাটব ছেলের হাত ধরে। দিনটি স্মরণীয় হয়ে থাকবে।”

গত বছরের জুনে সাভারের বোট ক্লাবে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে তুমুল আলোচনার জন্ম দেন পরীমনি। পরে ওই বছরের ৪ অগাস্ট রাতে বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় জেল থেকে বেরিয়ে সেবার জন্মদিন উদযাপন করেন পরীমনি।

সম্প্রতি পরীমনি অভিনীত ‘মা’ সিনেমা আনকাট ছাড়পত্র পেয়েছে। আগামী বছরের শুরুতে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। এছাড়া ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং শেষের দিকে রয়েছে বলেও জানান এই অভিনেত্রী।